'নিজের লাভের জন্য গাছ লাগাচ্ছে মানুষ,বনায়নের জন্য নয়'

'মানুষ নিজের প্রয়োজনে গাছ লাগায়, বনায়নের জন্য নয়'
ছবির ক্যাপশান, পরিবেশবিদ ফিলিপ গাইন বলেছেন মানুষের মধ্যে গাছ লাগানোর প্রবণতা বেড়েছে তবে সেটা নিজের প্রয়োজনে।
Published

বাংলাদেশে আগামী তিন মাসে সরকারের সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় ছয় কোটি গাছ লাগানো হবে।

বন অধিদপপ্তরের প্রধান সংরক্ষক মো ইউনুস আলী জানিয়েছেন, সরকারি নার্সারিতে তৈরি নানা ধরনের গাছের চারা সুবিধাবঞ্চিত মানুষজন রাস্তার ধারে বা অন্যান্য সরকারি জমিতে লাগাবেন এবং তার যত্ন তারাই করবেন।সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় এটি করা হবে।

কিন্তু বাংলাদেশের সমাজে মানুষের গাছ লাগানোর অভ্যাস কতটা আছে এবং বনায়ন প্রকল্প কতটা কার্যকর?

সামাজিক বনায়ন নিয়ে কাজ করেন পরিবেশবিদ ফিলিপ গাইন বিবিসিকে বলছিলেন বাংলাদেশের মানুষের মধ্যে গাছ লাগানোর সচেতনতা গড়ে উঠেছে কিন্তু সেটা নিজের প্রয়োজনে।

এখনও জ্বালানি কাজে কাঠের ব্যবহার হয় উল্লেখ করে মি: গাইন বলেন মানুষ বেশি কাঠবৃক্ষ লাগায়। বাড়ির আশেপাশে লাগায়।

সরকারিভাবে সামাজিক বনায়নের কথা বলা হলেও মানুষ আসলে নিজের প্রয়োজনেই গাছ লাগাচ্ছে।

"বাংলাদেশের মানুষ দ্রুত বর্ধনশীল বিদেশি গাছ লাগাচ্ছে এবং গাছ দ্রুত কাটা হয়ে যাচ্ছে। এতে পরিবেশের কোন উপকার হচ্ছে না। বন বাড়ছে না"-বলেন পরিবেশবিদ ফিলিপ গাইন।

মি: গাইন মনে করেন প্রাকৃতিক বনায়নের কথা বলে এমন সব গাছ লাগানো হচ্ছে যেটা পরিবেশের কোনও কাজে লাগছে না বরং আরও বেশি খারাপ হচ্ছে।

"যেখানে যেখানে আমাদের অরণ্য ছিল, সেখানে সামাজিক বনায়নের কথা বলে প্রাকৃতিকভাবে বেড়ে উঠা গাছগুলো কেটে ফেলা হয়েছে। সেখানে ইউক্যালিপটাস, একাশিয়া এসব গাছ লাগানো হচ্ছে। শাল বন অনেকটাই কেটে ফেলা হচ্ছে। ধীরে ধীরে বন উজাড় হয়ে যাচ্ছে" -বলেন ফিলিপ গাইন।

বাড়ির পাশে গাছ লাগানোর বিষয়টা ইতিবাচক বললেও সামাজিক বনায়নের নেতিবাচক প্রভাব তুলে ধরে এর সমালোচনা করেছেন পরিবেশবিদ ফিলিপ গাইন।