জেনসেন হুয়াংকে আবারও সিইও পদে পুনর্বহাল করলো এনভিডিয়া

কথিত চীনা গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোকে কেন্দ্র করে পদ হারানো জেনসেন হুয়াংকে আবারও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পুনর্বহাল করেছে এনভিডিয়া। অন্যদিকে গ্রামীণ ব্যাংকে পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে বলে অভিযোগ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের। এদিকে বাংলাদেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিক পক্ষের দিক থেকে ন্যুনতম মজুরি সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

সরাসরি কভারেজ

বিবিসি বাংলার লাইভ রিপোটিং করেছেন রাকিব হাসনাত ও তারেকুজ্জামান শিমুল, সম্পাদনায় কাদির কল্লোল ও সায়েদুল ইসলাম

  1. সোমবার সারাদিন যা যা ঘটেছে:

    • কথিত চীনা গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোকে কেন্দ্র করে পদ হারানো জেনসেন হুয়াংকে আবারও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পুনর্বহাল করেছে এনভিডিয়া। জেনসেন হুয়াংয়ের ফেরার খবরে এনভিডিয়া কোম্পানির শেয়ারের দাম প্রায় ৩০ শতাংশ বেড়ে গেছে।
    • ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। নতুন এই সিদ্ধান্তের ফলে ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস যৌথভাবে ওই বছরের নারী বিশ্বকাপ ফুটবল আয়োজন সুযোগ পেতে যাচ্ছে।
    • বাংলাদেশে পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরির নতুন যে প্রস্তাব মালিকপক্ষ জমা দিয়েছে, সেটি নিয়ে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা। আলাপ-আলোচনার মাধ্যমে সেটি বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন তারা।
    • প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে সংলাপে বসেন নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে নাহিদ ইসলাম বলেন, শুধু আওয়ামী লীগ নয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
    • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার বিরুদ্ধে বাংলাদেশে বর্তমানে সক্রিয় সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
    • ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার যে নির্দেশ হাই কোর্ট দিয়েছিল, তা স্থগিত করেছে আপিল বিভাগ। এখন আগের সূচিতেই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ভর্তি পরীক্ষার আবেদনের সময় কিছুটা বাড়াতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
    • বাংলাদেশ পুলিশের ঘোষিত শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় থাকা এস এম আসলাম হোসেনকে ঢাকায় বিমানবন্দর থেকে আটক করেছে পুলিশ। তিনি থাইল্যান্ডে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা যাচ্ছে।
    • বেসরকারি সকল বিশ্ববিদ্যালয়ের সনদপত্র কেন্দ্রীয় মনিটরিংয়ের আওতায় আনার জন্য 'বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
    • গাজীপুরের শ্রীপুরে আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে শ্রমিকরা। পরে পুলিশ ধাওয়া দিয়ে ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে।
    • সাম্প্রতিক দিনগুলোয় গ্রামীণ ব্যাংকের ওপর পরিকল্পিত ও ধারাবাহিক হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া ও হামলাকারীদের আইনের আওতায় আনতে পদক্ষেপ নেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।
    • সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে নেপালের সঙ্গে ভারতের সম্পর্কের যে অবনতি লক্ষ্য করা গেছে, সেটি 'মেরামতে' দেশটিকে ১৬০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মোদি সরকার। দুই দেশের মধ্যে আটটি বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
    • বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও যশোরের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, জুলাই হত্যা মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।
    • আগামী ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের দিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আংশিকভাবে চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। টার্মিনালটি পরিচালনার জন্য ৩০শে নভেম্বরের মধ্যে জাপান কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সই করা হবে বলেও জানান তিনি।

    বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. 'সম্পর্ক মেরামতে' নেপালকে ১৬০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিল ভারত

    বালেন্দ্র শাহের প্রথম ভারত সফরকালে দুই দেশের মধ্যে আটটি বিষয়ে এমওইউ স্বাক্ষরিত হয়েছে

    সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে নেপালের সঙ্গে ভারতের সম্পর্কের যে অবনতি লক্ষ্য করা গেছে, সেটি 'মেরামতে' দেশটিকে ১৬০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মোদি সরকার।

    এর বেশিরভাগই জ্বালানি প্রকল্পের জন্য ঋণ হিসেবে দেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সেইসঙ্গে, নেপালের অর্থনীতি পুনর্গঠন ও অবকাঠামো খাতে অনুদান হিসেবে প্রায় ৪০ কোটি ডলার দেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি।

    নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রথম ভারত সফরকালে দুই দেশের মধ্যে আটটি বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

    যেসব বিষয়ে চুক্তি হয়েছে, সেগুলোর মধ্যে মহাকাশ প্রযুক্তি, নিরাপত্তা প্রশিক্ষণ, সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্য, ঐতিহ্যবাহী চিকিৎসা, টেকসই নগর উন্নয়ন এবং কৃষি রয়েছে বলে জানিয়েছেন ভারতের কর্মকর্তারা।

  3. ব্রেকিং, ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ হবে যুক্তরাজ্যে

    ২০২৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে নারী ফুটবল বিশ্বকাপ জিতেছিল স্পেন
    ছবির ক্যাপশান, ২০২৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে নারী ফুটবল বিশ্বকাপ জিতেছিল স্পেন

    ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে ফিফা।

    নতুন এই সিদ্ধান্তের ফলে ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস যৌথভাবে ওই বছরের নারী বিশ্বকাপ ফুটবল আয়োজন সুযোগ পেতে যাচ্ছে।

    ১৯৬৬ সালের পুরুষদের টুর্নামেন্টের পর এই প্রথম যুক্তরাজ্যে কোনো ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    ওই টুর্নামেন্টেটিতে ৩৯ দিন ধরে ৪৮টি দলের মধ্যে ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ফিফা।

  4. 'ভুল সংশোধন করা হয়েছে', জেনসেন হুয়াংকে স্বপদে পুনর্বহালের প্রতিক্রিয়ায় মাস্ক

    জেনসেন হুয়াংয়ের সঙ্গে ইলন মাস্ক

    এনভিডিয়া'র প্রধান নির্বাহী হিসেবে জেনসেন হুয়াংকে পুনর্বহালের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ইলন মাস্ক।

    ঘটনাটি ঘটার কয়েক মিনিটের মধ্যেই তিনি এক্সে এক পোস্টে বলেন: "কাজটি হয়ে গেছে"।

    এরপর জেনসেন হুয়াংকে পুনর্বহাল করে দেওয়া এনভিডিয়ার বিবৃতি শেয়ার করে বলেন: "ভুল সংশোধন করা হয়েছে।"

  5. জেনসেন হুয়াংয়ের ফেরার খবরে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৩০% বেড়ে গেছে

    জেনসেন হুয়াং

    সিইও হিসেবে জেনসেন হুয়াংয়ের ফেরার খবরে এনভিডিয়ার শেয়ারের দাম আবারও বাড়তে শুরু করেছে। ইতোমধ্যেই কোম্পানির শেয়ারের দাম প্রায় ৩০ শতাংশ বেড়ে গেছে বলে জানা যাচ্ছে।

    এর আগে, তাকে পদচ্যুত করার পর এনভিডিয়ার শেয়ারের দামে বড় পতন লক্ষ্য করা গিয়েছিল।

    স্বপদে পুনর্ববহাল হওয়ার পর এক বিবৃতিতে কোম্পানির বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেনসেন হুয়াং।

    "একটি নতুন শিল্প বিপ্লবের সূচনালগ্নে এনভিডিয়াতে ফিরে এসে বিশ্বের অন্যতম প্রভাবশালী একটি প্রযুক্তি কোম্পানির নেতৃত্ব দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি," বলেন জেনসেন হুয়াং।

    "আমি আমাদের কর্মচারী, শেয়ারহোল্ডার, শিল্পক্ষেত্রের নেতৃবৃন্দ এবং বিশ্বজুড়ে থাকা অংশীদারদের প্রতি তাদের অসাধারণ সমর্থনের জন্য গভীরভাবে কৃতজ্ঞ। সর্বোপরি, আমি আমার পরিবারের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ। আমি কাজে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি," বিবৃতিতে উল্লেখ করেছেন জেনসেন হুয়াং।

  6. আওয়ামী লীগ নেতা ও যশোরের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম ঢাকায় গ্রেফতার

    আওয়ামী লীগের নেতা ও যশোরের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম

    বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও যশোরের সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

    সোমবার বিকেল ঢাকার লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

    তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানানো হয়েছে।

    গ্রেফতারের পর মি. ইসলামকে ঢাকার মিন্টো রোডে অবস্থিত গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে।

    ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে যশোর-৬ আসনে স্বতন্ত্রভাবে নির্বাচন করেন আজিজুল ইসলাম।

    ওই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করে বেশ আলোচনার জন্ম দেন তিনি ।

    জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে গত দুই বছরেরও বেশি সময় তাকে প্রকাশ্যে দেখা যায়নি।

  7. ব্রেকিং, জেনসেন হুয়াংকে আবারও সিইও পদে পুনর্বহাল করলো এনভিডিয়া

    ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেনসেন হুয়াং
    ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেনসেন হুয়াং

    কথিত চীনা গুপ্তচর অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোকে কেন্দ্র করে পদ হারানো জেনসেন হুয়াংকে আবারও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে পুনর্বহাল করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বড় প্রতিষ্ঠান এনভিডিয়া।

    তার এই ফিরে আসার খবরে চিপ প্রস্তুতকারক মার্কিন প্রতিষ্ঠানটির শেয়ারের দাম আবারও বাড়তে শুরু করেছে বলে জানা যাচ্ছে।

    এর আগে, তাকে পদচ্যুত করার পর কোম্পাটির শেয়ারের দাম হঠাৎ কমে যেতে থাকে।

    এই মাসের শুরুর দিকে এক নারীর সাথে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করার পর তিনি পদত্যাগ করেছিলেন, যে নারীর বিরুদ্ধে চীনা গুপ্তচর হওয়ার অভিযোগ ছিল। এছাড়া এনভিডিয়ার একজন নির্বাহীর সাথেও তার সম্পর্কের অভিযোগ উঠেছিল।

    জেনসেনের এই ফিরে আসার পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভূমিকা রেখেছেন বলে কিছু মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। যদিও এ বিষয়ে ট্রাম্প কিংবা হোয়াইট হাউজ কোনো মন্তব্য করেনি।

    তবে এনডিভিয়া বোর্ডের সিদ্ধান্তের পর ট্রুথ স্যোশালে দেওয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জেনসেন হুয়াংকে পুনরায় সিইও পদে ফিরিয়ে আনার সঠিক ও যথাযথ সিদ্ধান্ত নিয়েছে। ...যুক্তরাষ্ট্র সরকারের এমন কোনো বিশ্বাস করার কারণ নেই যে, এনভিডিয়ায় জেনসেনের প্রত্যাবর্তন জাতীয় নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি তৈরি করবে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল নিশ্চিত করেছেন যে, তিনি কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন-এমন কোনো প্রমাণ মার্কিন সরকারের কাছে নেই।''

    মাত্র ১১ দিন আগে হুয়াংয়ের প্রাথমিক পদত্যাগের পর এনভিডিয়ার ভবিষ্যৎ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

    কোম্পানিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে হুয়াং প্রধান ভূমিকা পালন করেছিলেন এবং প্রতিষ্ঠানের ওপর তার দৃঢ় নিয়ন্ত্রণ ছিল-যেখানে প্রায় ২০০ জন কর্মী সরাসরি তার কাছে রিপোর্ট করতেন।

    বৃহত্তর এআই শিল্পে আগ্রহ এবং বিনিয়োগ তৈরির ক্ষেত্রেও তিনি ছিলেন অন্যতম মূল কারিগর। তাই কারও কারও মতে, তার এই প্রস্থান ভবিষ্যৎ বিনিয়োগের জন্য একটি ঝুঁকি তৈরি করেছিল।

    এর কারণ হলো, মাইক্রোচিপ তৈরির শিল্পের শীর্ষে পৌঁছানোর যাত্রায় এনভিডিয়া তথাকথিত "সার্কুলার ফাইন্যান্সিং" বা চক্রাকার অর্থায়নের মাধ্যমে চুক্তির এক জটিল জাল তৈরি করেছে।

    কোম্পানিটি কেবল মেটা, স্পেসএক্স এবং ওপেনএআই-এর মতো গ্রাহকদের কাছে মাইক্রোচিপই বিক্রি করে না, বরং ঋণ প্রদান বা সরাসরি বিনিয়োগের মাধ্যমে তাদের এবং সরবরাহ শৃঙ্খলের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে তহবিলও জুগিয়েছে।

    হুয়াং-বিহীন বিশ্বে এই মডেলটি কীভাবে কাজ করবে তা নিয়ে উদ্বেগ ছিল; আর সম্ভবত এ কারণেই ইলন মাস্ক এবং ফোর্টনাইট নির্মাতা এপিক গেমসের সিইও টিম সুইনিসহ প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরা হুয়াংকে পুনর্বহালের আহ্বান জানিয়েছিলেন।

  8. 'জয় বাংলা' স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে হামলার অভিযোগ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের

    ড. মুহাম্মদ ইউনূস
    ছবির ক্যাপশান, গ্রামীণ ব্যাংকে পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে বলে অভিযোগ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের

    বাংলাদেশে সাম্প্রতিক দিনগুলোয় গ্রামীণ ব্যাংকের ওপর পরিকল্পিত ও ধারাবাহিক হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া ও হামলাকারীদের আইনের আওতায় আনতে পদক্ষেপ নেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

    সোমবার একটি বিবৃতিতে তিনি বলেছেন, ''নভেম্বর মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলা চালানো হচ্ছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা চালানো হয়েছে। হামলার ধরন দেখে মনে হয়, অপরাধীদের প্রতিদিন এ ধরনের হামলা চালানোর জন্য ওপরের মহল থেকে কেউ নির্দেশ দিয়েছে।''

    অধ্যাপক.ইউনূস বিবৃতিতে বলেন, কয়েকটি হামলায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা এবং ঋণগ্রহীতারা অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

    ''এসব হামলা লাখ লাখ গ্রামীণ নারীর দৈনন্দিন জীবনে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে। তাঁদের কাছে গ্রামীণ ব্যাংক পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা এবং জীবনের নানা প্রয়োজন মেটানোর এক অপরিহার্য অবলম্বন,'' তিনি বলেছেন।

    বিবৃতিতে আরো বলা হয়েছে, ''হামলাকারীরা মিথ্যা প্রচারণা চালিয়ে তাদের হামলার পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছে। তারা দাবি করছে, গ্রামীণ ব্যাংকের মালিক আমি এবং ব্যাংকটি আমিই পরিচালনা করি। অথচ ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা।''

    ''বাকি ১০ শতাংশ শেয়ারের মালিক সরকার। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার আমাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। গ্রামীণ ব্যাংকের কোনো শেয়ারের মালিক আমি নই, কখনো ছিলামও না।''

    হামলা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের জন্য তিনি ধন্যবাদ জানান। সেই সাথে এসব ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

    বিবৃতিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ''আমি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদের প্রতি আহ্বান জানাই, সর্বোচ্চ পর্যায়ে যারা এসব হামলার পরিকল্পনা করছে এবং বাস্তবায়ন করছে, তাদের শুভবুদ্ধি ফিরিয়ে আনতে আপনারা ভূমিকা রাখুন।''

  9. 'রঙ ফর্সাকারী' ক্রিম থেকে কিডনি রোগের অভিযোগ, তদন্তে নেমেছে ভারতীয় পুলিশ

    রঙ ফর্সাকারী ক্রিম

    ভারতের কেরালায় এক কিশোরীর কিডনি রোগের সঙ্গে রঙ ফর্সাকারী ক্রিমের যোগসূত্র থাকার অভিযোগ তদন্ত করে দেখছে সেখানকার পুলিশ।

    হঠাৎ অসুস্থ হয়ে পড়া ওই কিশোরীর পরিবারের দায়ের করা মামলার প্রেক্ষিতে এই তদন্ত শুরু হয়েছে।

    চিকিৎসকের বরাত দিয়ে কিশোরীর স্বজনরা দাবি করেছেন, রঙ ফর্সাকারী ক্রিম ব্যবহার করেই তাদের মেয়ে কিডনি রোগে আক্রান্ত হয়েছে।

    চিকিৎসকও স্থানীয় গণমাধ্যমে কাছে বলেছেন যে, ওই কিশোরী যে রঙ ফর্সাকারী ক্রিমটি ব্যবহার করতো, তাতে 'ক্ষতিকর মাত্রায় পারদের উপস্থিতি পাওয়া গেছে', যার প্রভাবে তার কিডনিতে সমস্যা হয়ে থাকতে পারে।

  10. মালিকপক্ষের প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা, বেতন বাড়াতে চলছে আলোচনা

    পোশাক খাতের ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার

    বাংলাদেশে পোশাক শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরির নতুন যে প্রস্তাব মালিকপক্ষ জমা দিয়েছে, সেটি নিয়ে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা। আলাপ-আলোচনার মাধ্যমে সেটি বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন তারা।

    দু'পক্ষের মধ্যে চলমান বৈঠকের মধ্যে সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা জানান পোশাক খাতের ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।

    এর আগে, বিকেলে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান যে, পোশাক কারখানার মালিকদের পক্ষ থেকে একটি প্রস্তাব তারা পেয়েছেন। তবে সেখানে ঠিক কত টাকা প্রস্তাব করা হয়েছে, সেটি প্রকাশ করেনি মজুরি বোর্ড।

    শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা শেষে মজুরি চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে সেটি জানানো হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

    বেশ কয়েক ঘণ্টা ধরে চলা সভাটি এখনও শেষ হয়নি।

    উল্লেখ্য যে, আগের সভায় শ্রমিক প্রতিনিধিরা তাদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার প্রস্তাব করেন। তবে এই দাবিকে 'অযৌক্তিক' আখ্যা দিয়েছে মালিকপক্ষ।

  11. বিজয় দিবসে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা সরকারের

    ব্রিফ করছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

    আগামী ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের দিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আংশিকভাবে চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

    টার্মিনালটি পরিচালনার জন্য ৩০শে নভেম্বরের মধ্যে জাপান কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সই করা হবে বলেও জানান তিনি।

    সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।

    তিনি জানান, প্রাথমিকভাবে চারটি ফ্লাইট দিয়ে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে। উদ্বোধনের দিন প্রথম ফ্লাইটটি পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

    এছাড়া টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে আরও প্রায় ১৪ মাস সময় লাগবে বলেও জানান মি. মিল্লাত।

  12. বালেন্দ্র শাহের প্রথম ভারত সফরে নিরাপত্তাসহ আট বিষয়ে চুক্তি সই

    ভারতের হায়দ্রাবাদ হাউসে ভারত এবং নেপালের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার পর ওই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়

    নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রথম ভারত সফরকালে দুই দেশের মধ্যে আটটি বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

    যেসব বিষয়ে চুক্তি হয়েছে, সেগুলোর মধ্যে মহাকাশ প্রযুক্তি, নিরাপত্তা প্রশিক্ষণ, সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্য, ঐতিহ্যবাহী চিকিৎসা, টেকসই নগর উন্নয়ন এবং কৃষি রয়েছে বলে জানানো হয়েছে।

    সোমবার ভারতের হায়দ্রাবাদ হাউসে ভারত এবং নেপালের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার পর ওই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।

  13. ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লির আদালত

    ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠি

    ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দিল্লির একটি আদালত।

    বিকাশ সাংকৃত্যায়ন ওরফে বিকাশ পান্ডে নামের এক ব্যক্তির দায় করা একটি মানহানি মামলার শুনানি শেষে দিল্লির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাসের (জেএমএফসি) আদালত এই আদেশ দিয়েছে।

    মামলায় মি. পান্ডে অভিযোগ করেছেন যে, ২০১৮ সালের প্রকাশিত একটি ভিডিওতে মি. রাঠি তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করেছেন।

    আগামী তেসরা ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

  14. বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের সনদপত্র কেন্দ্রীয় মনিটরিংয়ের আওতায় আনার নির্দেশ

    শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

    বেসরকারি সকল বিশ্ববিদ্যালয়ের সনদপত্র কেন্দ্রীয় মনিটরিংয়ের আওতায় আনার জন্য 'বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

    সোমবার নিজের ফেরিফায়েড ফেসবুক পেইজের একটি পোস্টে এ কথা জানান মি. মিলন।

  15. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগের সূচিতেই, তবে বাড়ছে আবেদনের সময়

    অপরাজেয় বাংলাদেশ

    আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সেটি তা স্থগিত হওয়ায় এখন আগের সূচিতেই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    পূর্বঘোষণা অনুযায়ী, আগামী পাঁচই ডিসেম্বর থেকে ২৬শে ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে বিভিন্ন ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

    তবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বেধে দেওয়া আবেদনের সময় কিছুটা বাড়াতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

    সোমবার বিকালে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম।

    এইচএসসি'র খাতা পুনঃমূল্যায়নের জন্য যেসব শিক্ষার্থী আবেদন করেছেন, তাদের কথা বিবেচনা করে অন্তত দুই দিন সময় বাড়ানোর প্রাথমিক একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

    এদিকে, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনও তার ভেরিফায়েড ফেসবুক পেইজে জানিয়েছেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনের সময় দু'দিন বৃদ্ধি করা হবে।

    আগের সিদ্ধান্ত অনুযায়ী, গত ১১ই নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হওয়া পরীক্ষায় অংশগ্রহণের আবেদনের সময় ২৫শে নভেম্বর শেষ হওয়ার কথা ছিল।

    এখন সেটি দু'দিন বাড়ানোয় ২৭শে নভেম্বর পর্যন্ত পরীক্ষার্থীরা ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবেন বলে জানা যাচ্ছে।

  16. ড্রোন হামলা চালিয়ে রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি জেলেনস্কির

    ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন

    ড্রোন হামলা চালিয়ে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই হামলায় অস্ত্র পরিবহনে ব্যবহৃত আরেকটি রুশ জাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করে তিনি।

    গত রোববার লিবিয়ার একটি বন্দরে ওই হামলা চালানো হয় বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

    পূর্ব লিবিয়া নিয়ন্ত্রণকারী সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে, রাশিয়ায় একটি জাহাজ 'জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য' বেনগাজি বন্দরে নোঙর করার পর তাতে বিস্ফোরণ ঘটেছে।

    তবে সেটি ইউক্রেনের হামলার শিকার কি-না, তা নিশ্চিত হওয়া যায়নি।

    ইউক্রেনের দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি মস্কো।

  17. সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর

    গত বুধবার রাতে ঢাকার উত্তরা থেকে মি. নাহিদকে আটক করে পুলিশ

    জুলাই হত্যা মামলায় অভিযুক্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

    সোমবার শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এই আদেশ দেয়।

    এর আগে, গত বুধবার রাতে ঢাকার উত্তরা থেকে মি. নাহিদকে আটক করে পুলিশ। পরে জুলাই আন্দোলনে নিহত শিক্ষার্থী সাদিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

  18. আওয়ামী লীগের সহিংসতার বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ রয়েছে: মাহদী আমিন

    প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার বিরুদ্ধে বাংলাদেশে বর্তমানে সক্রিয় সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

    সোমবার ঢাকার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

    বৈঠকে আলোচলার বিষয় নিয়ে বলতে গিয়ে মি. আমিন বলেন, "আজকে এখানে যে খোলামেলা আলোচনা হয়েছে, সেখানে জাতীয় স্বার্থে, দেশের মানুষের স্বার্থে ঐক্যের বিষয়টি উঠে এসেছে।"

    "আমরা বিশ্বাস করি যে, যেকোনো দেশে যারা পলাতক স্বৈরাচারের পতিত অপশক্তি রয়ে গেছে এবং তারা পালিয়ে গিয়েছে, সেখান থেকে কোনো ধরনের অস্থিতিশীলতা যেন বাংলাদেশে তৈরি করা না হয়।

    "আমরা পতিত স্বৈরাচারের যে সহিংসতা ও নাশকতা দেখতে পাচ্ছি, তার বিরুদ্ধে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল, ফ্যাসিবাদী বিরোধী প্রতিটি শক্তি একসাথে ঐক্যবদ্ধ রয়েছে," বলেন মাহদী আমিন।

    বৈঠকের উদ্দেশ্য নিয়ে তিনি বলেন, "আজকে এই মতবিনিময়ের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই, আপনাদের সবার কাছে সেই বার্তা পৌঁছে দিতে চাই যে, ফ্যাসিবাদী বিরোধী অবস্থানের ক্ষেত্রে গোটা বাংলাদেশ আমাদের মত-পথ, আদর্শ-দর্শনের ঊর্ধ্ব উঠে ঐক্যবদ্ধ রয়েছে।"

    জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের আন্তরিকতার ঘাটতি নেই বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এক্ষেত্রে বিএনপি জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে যে অঙ্গীকার করেছে, তা বাস্তবায়ন করবে বলেও জানান তিনি।

  19. শুধু আওয়ামী লীগ নয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে- প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর বললেন নাহিদ ইসলাম

    সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিসে এনসিপি’র শীর্ষ নেতৃবৃন্দের মতবিনিময়
    ছবির ক্যাপশান, সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিসে এনসিপি’র শীর্ষ নেতৃবৃন্দের মতবিনিময়

    দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে তার সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতা।

    সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠকে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আখতার হোসেন ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হুসাইন উপস্থিত ছিলেন।

    বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন যে, ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং সে কারণে জনগণ ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে তারা সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

    “ভারত একজন খুনীকে স্পেস দিচ্ছে, একটি দলকে ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহারের জন্য। আমাদের এখন যে লড়াই সেটি আওয়ামী লীগের সাথেনা। এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই। আওয়ামী লীগকে আমরা ৫ই অগাস্টেই পরাজিত করেছি। ইন্ডিয়া বাংলাদেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। এজন্য জনগণ ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে। যা কিছু বাংলাদেশে হচ্ছে তার সাথে ভারত সরাসরি জড়িত বলে আমরা মনে করি। গঙ্গার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন চুক্তির সময়ে ভারতকে যেন কঠোর বার্তা দেওয়া হয় ও ন্যায্য হিস্যা নিশ্চিত করা হয়,” বলছিলেন তিনি।

    নাহিদ ইসলাম বলেন, বৈঠকে তারা শেখ হাসিনার রায় কার্যকর, ‘জুলাই যোদ্ধাদের’ নিরাপত্তা নিশ্চিত করা এবং গণভাটের রায় যেভাবে এসেছে, সে অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করার কথা বলেছেন।

    “যে লড়াই জুলাইতে করেছিলাম সেটা এখনো করতে হচ্ছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক করতে না পারলে জনগনের আস্থা আমরা অর্জন করতে পারবো না। পাশাপাশি জুলাই ভিকটিমরা যাতে ন্যায় বিচার পায়। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছি। সরকার ঐক্যের কথা বলেছে। আমরা সেই ঐক্যের জন্য আমাদের যা সুপারিশ বাংলাদেশকে এগিয়ে নেওয়ার বিষয়ে সেটি বলেছি,” বলেছেন তিনি।

    জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাম্প্রতিক বিক্ষোভ সহিংসতার প্রেক্ষাপটে এর বিরুদ্ধে বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্য প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে এই সংলাপ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    আর এর প্রথম দিনে আজ দুপুরে প্রধানমন্ত্রী বৈঠক করলেন এনসিপির সাথে।

  20. গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, টিয়ারশেল- সাউন্ড গ্রেনেড পুলিশের

    গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ
    ছবির ক্যাপশান, গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ

    গাজীপুরের শ্রীপুরে আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে শ্রমিকরা। পরে পুলিশ ধাওয়া দিয়ে ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে।

    শ্রীপুরে শিল্পাঞ্চলের কিছু কারখানার শ্রমিকরা কারখানায় গিয়েও কাজে যোগ দেয়নি। ফলে কয়েকটি কারখানা ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ।

    এরপর শ্রমিকদের একটি অংশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।

    দায়িত্বরত আনসার ব্যাটালিয়ান সদস্য, গাজীপুর শিল্প পুলিশ, গাজীপুর জেলা পুলিশ তাদের মহাসড়ক ছেড়ে দেয়ার অনুরোধ করলেও তারা সড়কেই অবস্থান করতে থাকে।

    এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

    এখন যান চলাচল স্বাভাবিক বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশ।