দক্ষিণ সুদানে যুদ্ধবিরতি ঘোষণা

bbc
ছবির ক্যাপশান, প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের অনুগত সৈন্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়
Published

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দক্ষিণ সুদানের এই সংঘর্ষ বন্ধে শান্তির ঘোষণা দেন ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচার।

স্থানীয় একটি রেডিওতে সাক্ষাতকারের সময় তিনি এই ঘোষণা দেন।

আই রেডিওতে দেয়া এই ঘোষণায় তিনি বলছিলেন "প্রেসিডেন্ট একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। আমি এই যুদ্ধবিরতি রাত আটটা থেকে ঘোষণা করতে চাই"।

দক্ষিণ সুদানে দু’বছর ধরে চলা গৃহযুদ্ধ বন্ধের লক্ষ্যে সম্প্রতি একটি শান্তি চুক্তি হয়, কিন্তু সেই চুক্তির ভবিষ্যৎ এখন প্রশ্নবিদ্ধ।

বিবিসি
ছবির ক্যাপশান, রিয়েক মাচার এবং সালভা কির

প্রেসিডেন্ট সালভা কিরের একজন মুখপাত্র বলেছেন তিনি মি. মাচারের সাথে শান্তি প্রতিষ্ঠায় কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন।

এদিকে প্রেসিডেন্ট সালভা কির তার বিরোধীদের শাস্তি দেয়ার জন্য সময় ব্যয় করেছেন বলে যে অভিযোগ উঠেছে সেটা বিবিসির কাছে দেশটির তথ্যমন্ত্রী মাইকেল ম্যাকুয়ে খারিজ করে দিয়েছেন।

তিনি বরং দাবি করেছেন সহিংসতা শেষ করার জন্য সরকার সবকিছু করেছেন।

তিনি বলছিলেন "এই বিশ্বে কোন সরকারের পক্ষেই তার নিজের জনগণকে শাস্তি দেয়ার কোন উপায় নেই। এখানে শাস্তির কোন প্রশ্নই উঠে না"।

প্রাণ বাঁচাতে আশেপাশের এলাকা থেকে বেসামরিক লোকজন পালিয়ে যাচ্ছে। অনেকেই জাতিসংঘের আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন।

এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট দু’জনেই তার সমর্থকদের শান্ত হওয়ার আহবান জানিয়েছেন। কিন্তু দৃশ্যত এই সংঘাত এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে।