গাজীপুরে পোশাক কারখানার আগুন এখনো নেভেনি

শ্রীপুরে আগুন নেভানোর কাজ করছে দমকল বিভাগের ১৩টি ইউনিট (ফাইল ছবি)
ছবির ক্যাপশান, শ্রীপুরে আগুন নেভানোর কাজ করছে দমকল বিভাগের ১৩টি ইউনিট (ফাইল ছবি)
Published

বাংলাদেশের গাজীপুরে একটি তৈরি পোশাক কারখানার আগুন রাত ১১টা পর্যন্ত পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

দুপুর পৌনে ২টার দিকে কারখানার গুদামে ওই আগুনের সূত্রপাত হয়।

তবে এ ঘটনায় হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশের দমকল বিভাগের মহাপরিচালক আলী আহমেদ খান রাত ১০টায় বিবিসিকে জানিয়েছেন, সুতা এবং কাপড়ের কারণে আগুন পুরোপুরি আয়ত্বে আনতে কিছুটা সময় লাগছে।

তবে সেখানে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি নিশ্চিত হয়েছেন।

তাদের কাছে ভেতরে শ্রমিক আটকে থাকার অভিযোগও কেউ করেনি।

বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় এর আগে আগুনে অনেক হতাহতের ঘটনা ঘটেছে (ফাইল ছবি)
ছবির ক্যাপশান, বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় এর আগে আগুনে অনেক হতাহতের ঘটনা ঘটেছে (ফাইল ছবি)

ডিগনিটি টেক্সটাইল লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানটির সাততলা ভবনটিতে দুই হাজারের বেশি শ্রমিক কাজ করে বলে জানা গেছে।

তবে এ সময় দুপুরের খাবারের ছুটি থাকায় শ্রমিকরা কারখানার বাইরে ছিল বলে দমকল বিভাগ আর পুলিশ জানিয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ. আসাদুজ্জামান বিবিসিকে জানিয়েছেন, পৌনে ২টার দিকে কারখানাটির তিনতলায় আগুন লাগে।

দমকল বিভাগের শ্রীপুরের উপ-সহকারি পরিচালক আক্তারুজ্জামান রিটন জানিয়েছেন, খবর পেয়ে গাজীপুর ছাড়াও আশেপাশের কয়েকটি এলাকা থেকে দমকল বিভাগের ১৩টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, আগুন নেভানোর আগে সে বিষয়ে মন্তব্য করা সম্ভব নয় বলেও তিনি জানান।