আবারো প্রহরায় থাকা বাসে পেট্রল বোমা

বাংলাদেশে বিএনপির অবরোধ কর্মসূচির মধ্যে আবারও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রহরায় থাকা যাত্রীবাহী বাসে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটেছে।
এদিকে অবরোধের পাশাপাশি বিএনপি আজ চট্রগ্রাম বিভাগের জেলাগুলোতে হরতাল কর্মসূচি পালন করছে।
পুলিশ জানিয়েছে সোমবার মধ্যরাতে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার কিছুক্ষণের মধ্যেই এ হামলার ঘটনায় একজন নারী আহত হয়েছেন।
নগরীর বোয়ালিয়া থানার ওসি জানান নিরাপত্তা বাহিনীর প্রহরায় প্রায় পনেরটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলো। একটু পরই দুষ্কৃতিকারীরা একটি বাসে পেট্রল বোমা ছুঁড়লে অন্তত ছটি আসন পুড়ে যায়।
একজন নারী যাত্রী আগুনে দগ্ধ হন।

এছাড়া আরও কয়েকজন সামান্য আহত হন।
তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসের লোকজনই তা নিভিয়ে ফেলতে সক্ষম হন।
এর আগে গত ১৪ই জানুয়ারি রংপুরের মিঠাপুকুরে ঢাকামুখী একটি বাসে পেট্রোল বোমা হামলায় অন্তত পাঁচ জন পুড়ে মারা যান।
এদিকে আজই ভোররাতে ঢাকার খিলগাঁওয়ে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নুরুজ্জামান জনি নামে এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি এই জিন গত শনিবার মৎস্য ভবনের সামনে পুলিশের গাড়িতে বোমা হামলার সাথে জড়িত ছিলেন।
কর্মকর্তারা বলছেন পুলিশ খিলগাঁওয়ে ওই এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীরা গুলি ছোড়ে ও পুলিশও পাল্টা জবাব দেয়। এসময় বন্দুকযুদ্ধে জনি আহত হয়।
পরে হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
সম্প্রতি পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ‘নাশকতা কারীদের’ বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা বলেছিলেন।
স্থানীয় সংবাদপত্রের তথ্য অনুযায়ী বিএনপি ৫ই জানুয়ারিতে অবরোধ ঘোষণার পর থেকেই এ পর্যন্ত সারাদেশে অন্তত পাঁচশ যানবাহনের আগুন বা ভাংচুরের ঘটনা ঘটেছে।
এছাড়া সহিংসতায় নিহত হয়েছে অন্তত ২৬ জন।
সোমবারই সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।








