আদালতে নেয়া হয়নি তারেক সাঈদকে

লাশ উদ্ধারের স্থান পরিদর্শনে সরকারি তদন্ত কমিটির সদস্যরা-ফাইল ফটো।
ছবির ক্যাপশান, লাশ উদ্ধারের স্থান পরিদর্শনে সরকারি তদন্ত কমিটির সদস্যরা-ফাইল ফটো।
Published

বাংলাদেশের নারায়ণগঞ্জে সাত খুনের মামলার আসামিদের আদালতে হাজিরার কথা থাকলেও র‍্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদকে আজ আদালতে হাজির করা হয়নি।

তাকে হাজির না করায় কারা কর্তৃপক্ষকে শোকজ করেছে আদালত।

কারা কর্মকর্তারা অবশ্য বলছেন অসুস্থ থাকায় মিস্টার তারেককে এবং রিমান্ডে থাকায় অপর একজনকে আজ আদালতে হাজির করা যায়নি।

আগামী ১লা ডিসেম্বর মামলার শুনানির পরবর্তী দিন নির্ধারণ করেছে আদালত।

ইতোমধ্যে আটক হওয়া ২৪ জনের মধ্যে ২১ জনকে আজ আদালতে হাজির করেছে কারা কর্তৃপক্ষ।

এ মামলার প্রধান অভিযুক্ত নারায়ণগঞ্জের কাউন্সিলর নূর হোসেন ভারতে আটক রয়েছেন।

গত ২৭শে এপ্রিল রাজধানী ঢাকার কাছেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাত জনকে অপহরণের পর খুন করা হয়।

পরে ৩০শে এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

ঘটনার পর র‍্যাবে কর্মরত থাকা তিন সামরিক কর্মকর্তাকে অবসরে পাঠানো হয় এবং বর্তমানে তারা আটক রয়েছেন। ওই ঘটনায় ফতুল্লা মডেল থানায় নজরুলের স্ত্রী ও চন্দন সরকারের জামাতা বাদী হয়ে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন।

সাত খুনের পর নারায়ণগঞ্জে আইনজীবীদের একটি প্রতিবাদ মিছিল-ফাইল ফটো
ছবির ক্যাপশান, সাত খুনের পর নারায়ণগঞ্জে আইনজীবীদের একটি প্রতিবাদ মিছিল-ফাইল ফটো

এ ঘটনায় মোট ২৪ জনকে এ পর্যন্ত আটক করা হয়েছে এবং এর মধ্যে অন্তত ১২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।