দ্বিতীয় পর্বে জায়গার লড়াইয়ে ব্রাজিল-হল্যান্ড

ছবির উৎস, Getty
ব্রাজিলে বিশ্বকাপে আজ ব্রাজিল-ক্যামেরুন, নেদারল্যান্ড-চিলি, স্পেন-অস্ট্রেলিয়া, এবং মেক্সিকো-ক্রোয়েশিয়ার খেলা ।
স্বাভাবিক কারণেই ব্রাজিল ও নেদারল্যান্ডের খেলাগুলোর দিকে থাকবে ফুটবল ভক্তদের নজর। তবে বিশ্বফুটবলের বড় শক্তি এই দুই দেশের এবার গ্রুপ পর্বে অবস্থা এক রকম নয়।
নেদারল্যান্ড-চিলি
নেদারল্যান্ড তাদের প্রথম দুটি ম্যাচ জিতে দ্বিতীয় পর্ব নিশ্চিত করে ফেলেছে, আজ চিলির সাথে খেলার ফলাফল একটি কারণেই গুরুত্বপূর্ণ - সেটা হলো নেদারল্যান্ড যদি গ্রুপে শীর্ষস্থান না পায়, তাহলে পরের পর্বে তাদের খেলতে হবে অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষর সাথে।
চিলিও যেহেতু তাদের দুটি খেলাতেই জিতেছে - তাই তাদের অবস্থাও ঠিক তাই।

ছবির উৎস, Getty
এ গ্রুপে যে দল দ্বিতীয় স্থান পাবে তাদেরকে দ্বিতীয় পর্বে হয়তো ব্রাজিলকে মোকাবিলা করতে হতে পারে। নেদারল্যান্ড ও চিলি - উভয়েই চাইবে আজকের খেলায় জিতে সেই সম্ভাবনা এড়াতে।
ব্রাজিল-ক্যামেরুন
একটি জয় এবং একটি ড্র নিয়ে স্বাগতিক ব্রাজিলের জন্য পরিস্থিতি মোটামুটি নিরাপদ। তবে আজ ক্যামেরুনের বিরুদ্ধে তাদের অন্তত একটি পয়েন্ট পেতেই হবে। জিতলে ব্রাজিল গ্রুপে শীর্ষস্থান পেয়ে যাবে প্রায় নিশ্চিত।
অন্যদিকে মেক্সিকো আর ক্রোয়েশিয়ার খেলায় যে জিতবে - সে-ই দ্বিতীয় পর্বে যাবে।
তবে মেক্সিকোর দ্বিতীয় পর্বে যাবার জন্য একটি ড্র করতে পারাই যথেষ্ট।
গ্রুপ বি-র অন্য দুটি দল স্পেন ও অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ছিটকে গেছে প্রতিযোগিতা থেকে। তবে গতবারের বিশ্বকাপ জয়ী স্পেন দুটি খেলাতেই হেরে গিয়ে ভক্তদের যেমন হতাশ করেছে, অন্যদিকে অস্ট্রেলিয়া তাদের দুটি খেলাতেই হেরে গেলেও তাদের খেলা সবার প্রশংসা কুড়িয়েছে।
দেখা যাক, এরা নিজেদের মধ্যে গ্রুপের শেষ খেলায় কোন চমক দেখাতে পারে কি না।








