সাহারার অর্থ ফেরতের প্রস্তাব আদালতে খারিজ

- Author, অমিতাভ ভট্টশালী
- Role, বিবিসি বাংলা, কলকাতা
- Published
ভারতের বৃহৎ আমানত সংগ্রহকারী সংস্থা সাহারা গোষ্ঠী কয়েক কিস্তিতে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার যে প্রস্তাব দিয়েছিল সুপ্রিম কোর্টের কাছে, আদালত তা খারিজ করে দিয়েছে।
আদালতের কাছে গ্রহণযোগ্য কোনও প্রস্তাব না দিতে পারা পর্যন্ত সাহারার মালিক সুব্রত রায়কে জেলে রাখার নির্দেশ আগেই দিয়েছে সর্বোচ্চ আদালত।
বেআইনীভাবে বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা প্রায় কুড়ি হাজার কোটি ভারতীয় টাকা ফেরত দিতে হবে সাহারাকে।
সুপ্রিম কোর্টে আজ শুক্রবার বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার যে পরিকল্পনা সাহারা গোষ্ঠী জমা দিয়েছিল, তাতে বলা হয়েছিল আগামী তিনদিনের মধ্যে সাহারা আড়াই হাজার কোটি টাকা ফেরত দেবে আর বাকি টাকা পাঁচটি সমান কিস্তিতে দেবে।
তিনমাস অন্তর কিস্তির টাকা তারা জমা দেবে ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক সে বি-র কাছে।

ছবির উৎস, AP
আদালত এই প্রস্তাবে রাজী হয় নি।
এছাড়াও সুপ্রিম কোর্ট বলেছে একটি বিশেষ বেঞ্চে আজকের শুনানির জন্য অনুরোধ করে তাদের কাছে এরকম একটা প্রস্তাব পেশ করা যথেষ্ট অপমানজনক।
গ্রহণযোগ্য প্রস্তাব জমা দিতে বলেছে আদালত। আর ততদিন সাহারা গোষ্ঠীর মালিক সুব্রত রায়কে জেলেই থাকতে হবে।
জমি বাড়ির ব্যবসায় জড়িত সাহারার দুটি কোম্পানি বেআইনীভাবে শেয়ার ও ডিবেঞ্চার বিক্রি করেছে, আর সেই আমানত ফিরিয়ে দেওয়ার জন্য শেয়ার বাজার নিয়ন্ত্রকের কাছে প্রায় ২২ হাজার কোটি টাকা ফেরত দিতে হবে সাহারা গোষ্ঠীকে।








