আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী তালিকা ঘোষণা

বাংলাদেশের আগামী ৫ই জানুয়ারীর নির্বাচনের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ আজ তাদের দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
এছাড়া হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টি - যারা আওয়ামী লীগ-নেতৃত্বাধীন মহাজোট সরকারে অন্যতম শরিক ছিল - তারাও তাদের মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শুক্রবার বিকেলে দলের পছন্দ করা প্রার্থীদের নাম ঘোষণা করেন।
চুড়ান্ত তালিকায় দেখা যাচ্ছে দলের অন্তত চার জন মন্ত্রী এবং নবম জাতীয় সংসদের সদস্যদের অন্তত ৩০ জনের নাম ঘোষিত তালিকায় নেই।
বাদ পড়াদের তালিকায় রয়েছেন পদ্মা সেতুর দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত এবং সে কারণে মন্ত্রীসভা থেকে বাদ পড়া মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তবে মি. হোসেন সব সময়ই এধরনের অভিযোগ অস্বীকার করে এসেছেন।

মন্ত্রীদের মধ্যে আরো বাদ পড়েছেন আব্দুল লতিফ বিশ্বাস, এ কে খন্দকার এবং আহাদ আলী সরকার। তবে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছিলেন যে ২৬০০-র বেশী নেতা-কর্মী তাদের মধ্যে তারা ছিলেন কি না তা এখনো জানা যায়নি। নারায়ণগঞ্জের সারাহ বেগম কবরী বাদ পড়লেও মনোনয়ন পেয়েছেন শামীম ওসমান। এছাড়া সাভারের রানা প্লাজা দুর্ঘটনায় আলোচিত সংসদ সদস্য তৌহিদ জং মুরাদ মনোনয়ন পাননি।
নতুন যারা প্রার্থী হলেন
নতুন মনোনয়ন পাওয়া তালিকাতেও রয়েছে বেশ কয়েকটি চমক। প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন চাপাই নবাবগঞ্জের গোলাম রব্বানী, যিনি কানসাট এলাকায় বিদ্যুৎ এর জন্য আন্দোলন করে পরিচিত লাভ করেছেন। এছাড়া সাভারে তৌহিদ জং মুরাদ এর ঢাকা ১৯ আসনের জন্য মনোনয় লাভ করেছেন এনাম মেডিকেল কলেজের মালিক মো এনামুর রহমান। এদিকে সিরাজগঞ্জ-৪ আসনে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম এর ছেলে তানভীর ইমাম।
তিন আসনে প্রার্থী নেই আওয়ামী লীগের
ঘোষিত প্রার্থী তালিকার তিনটি আসনে কোন প্রার্থীর নাম ঘোষণা করেনি আওয়ামী লীগ। কুষ্টিয়া-২, ঢাকা-১৭ এবং ঢাকা-৮। এদিকে শুক্রবার বিকেলে ঘোষিত জাতীয় পার্টির ঘোষিত মনোনয়ন তালিকায় দেখা যাচ্ছে ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেই মুহম্মদ এরশাদ প্রতিদ্বন্দিতা করার ঘোষনা দিয়েছেন। এছাড়া অন্য দুটি আসনে নবম জাতীয় সংসদে নির্বাচিত হয়েছিলেন ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং জাসদের সভাপতি হাসানুল হক ইনু।
আওয়ামী লীগ বলছে, আপাতত তারা প্রায় সবগুলো আসনেই প্রার্থী নাম ঘোষনা করলেও পরবর্তীতে ১৪ দলীয় জোটের সাথে যে কটি আসনে সমঝোতা হবে সে ক’টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা নিজেদের নাম প্রত্যাহার করে নেবেন।
এদিকে আগামী নির্বাচনের যে তফসিল ঘোষণা করেছেন বাংলাদেশের নির্বাচন কমিশন সে অনুসারে, প্রার্থীদের মনোনয়ন জমা দেয়ার শেষ দিন ২রা ডিসেম্বর।
প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টিও
আওয়ামী লীগের পাশাপাশি শুক্রবার বিকেলে প্রায় একই সময়ে ২৯৯ টি আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে জাতীয় পার্টি।
প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ লালমনিরহাট, ঢাকা এবং রংপুরে মোট তিনটি আসন থেকে প্রতিদ্বন্দিতা করবেন।
জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের রাষ্ট্রপতির প্রতি সম্মান জানিয়ে কিশোরগঞ্জে তাঁর আসনে কোন প্রার্থীকে মনোনয়ন দেয়নি তারা।








