ব্যাংককে বিক্ষোভকারীদের দখলে সরকারি ভবন

বিক্ষোভকারীরা অনেক সরকারি ভবন দখল করে নিয়েছে
ছবির ক্যাপশান, বিক্ষোভকারীরা অনেক সরকারি ভবন দখল করে নিয়েছে
Published

থাইল্যান্ডে সরকার বিরোধী বিক্ষোভকারীরা রাজধানী ব্যাংককে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের আরো কয়েকটি ভবন দখল করে নিয়েছে।

এর সাথে জড়িত থাকার অভিযোগে বিক্ষোভকারীদের একজন নেতার বিরুদ্ধে গ্রেফতারের পরোয়ানাও জারি করা হয়েছে।

থাই প্রধানমন্ত্রী ইংলাক চিনাওয়াতের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা সরকারকে অচল করে দেওয়ার হুমকি দিয়েছে।

বিরোধীদের অভিযোগ যে বর্তমান প্রধানমন্ত্রী তাঁর বড় ভাই সাবেক প্রধানমন্ত্রী থাকসিন চিনাওয়াতের পুতুল হিসেবে কাজ করছেন।

এই বিক্ষোভকারীরা গত সপ্তাহশেষে থেকেই অর্থ মন্ত্রণালয়ের বাজেট অফিস এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দখল করে রেখেছিল।

এই ভবনগুলোর অবস্থান বলা যায় প্রশাসনের একেবারে কেন্দ্রস্থলে। সেখানে পুলিশ আছে কিন্তু তারা এই বিক্ষোভকারীদের মোকাবেলা করার কোন চেষ্টা করে নি।

বিক্ষোভকারীদের নেতৃত্ব দিচ্ছেন সাবেক এমপি এবং বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতা সুথেপ থোগসুবান।

তার নামে বেশ কিছু দুর্নীতির মামলা হয়েয়ছে অতীতে, কিন্তু এখন তিনিই সরকারের আর্থিক অনিয়মের অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে দাঁড়াবার আহ্বান জানিয়েছেন।

এই বিক্ষোভ এখন দেশটিকে পাঁচ বছর আগের মতোই একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে এমন আশংকা দেখা দিয়েছে।

পাঁচ বছর আগে থাকসিন চিনাওয়াতের সমর্থক দুটি সরকারকে ভেঙে দিয়েছিল আদালত। তার পর শুরু হয়েছিল দীর্ঘস্থায়ী বিক্ষোভ।

এবার প্রধানমন্ত্রী ইংলাক চিনাওয়াত সংলাপের আহ্বান জানিয়েছেন তার বিরোধীদের প্রতি। কিন্তু তিনি নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণ দেখিয়ে

ব্যাংকক এবং আরো দুটি পার্শ্ববর্তী এলাকায় অভ্যন্তরীণ নিরাপত্তা আইনও বলবত করেছেন।

নিরাপত্তা আইনের বলে প্রধানমন্ত্রী এখন তাঁর বিশেষ ক্ষমতা ব্যবহার করে সেনাবাহিনী এবং পুলিশকে পরিস্থিতি মোকাবিলার জন্য কাজে লাগাতে পারবেন।

অন্যদিকে থাই পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইংলাকের বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাব নিয়েও বিতর্ক চলছে।