বন্দী বিনিময় নিয়ে ভারত বাংলাদেশ আলোচনা

- Author, অমিতাভ ভট্টশালী
- Role, বিবিসি বাংলা, কলকাতা
- Published
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অনুপ চেতিয়াকে বাংলাদেশ থেকে ফেরত আনার সময় ভারতীয় কারাগারে আটক বাংলাদেশী অপরাধী সুব্রত বাইন এবং সাজ্জাদ হোসেনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হতে পারে৻
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো এই ইঙ্গিত দিয়ে বলেছে, এ সপ্তাহেই ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বন্দী প্রত্যর্পনের বিষয়টি চূড়ান্ত হতে পারে।
১৮ই জুলাই হতে দিল্লীতে স্বরাষ্ট্র সচিব পর্যায়ের যে বৈঠক হবে, সেখানেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।
সুব্রত বাইন কোলকাতার জেলে এবং সাজ্জাদ হোসেন আছেন দিল্লীর তিহার জেলে।
যদিও দুদেশের বন্দীদের একই সময়ে ফেরত পাঠানো হবে এটিকে ভারতীয় কর্মকর্তারা বন্দী বিনিময় হিসেবে বর্ণনা করতে চাইছেন না।
২০০৮ সালে কোলকাতায় গ্রেফতার হওয়া সুব্রত বাইন জামিনে ছাড়া পেয়ে নেপালে পালিয়ে গিয়েছিলেন। গত বছরের নভেম্বরে তিনি আবার কোলকাতায় গ্রেফতার হন।
সুব্রত বাইনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজী সহ অনেক মামলা রয়েছে বাংলাদেশে এবং এসব অপরাধে তার যাবজ্জীবন কারাদন্ডও হয়েছে।
অন্যদিকে অনুপ চেটিয়া বাংলাদেশে রাজনৈতিক আশ্রয়ের যে আবেদন করেছিলেন, তা কিছুদিন আগে প্রত্যাহার করে নিয়ে তাকে ভারতের কাছে হস্তান্তরের অনুরোধ জানান।








