মিশরের দলগুলোকে সেনাবাহিনীর ৪৮ ঘন্টার আলটিমেটাম

মিশরে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘাত তীব্র আকার নেয়ার পর কিছুক্ষণ আগে দেশটির সেনাবাহিনী সব পক্ষের রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলেছে, তাদেরকে ৪৮ ঘন্টার মধ্যে এই সংকটের একটা সমাধানে পৌছাতে হবে, তা না হলে সেনাবাহিনী নিজেই ভবিষ্যতের জন্য একটি পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব নেবে।
এর আগে মিশরের রাজধানী কায়রোসহ বিভিন্ন শহরে প্রেসিডেন্টের বিরোধী লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে বিক্ষোভ করে। মুরসি-সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে গত ২৪ ঘন্টায় অন্তত ৮ জন নিহত হয়েছে।
মিশরীয় টেলিভিশনে একটি রেকর্ড-করা বিবৃতিতে সেনাবাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান যেন তারা জনগণের ইচ্ছাকে মেনে চলেন। তবে তিনি এটাও বলেন যে সেনাবাহিনী রাজনীতি বা সরকারে জড়িত হবে না।

এই বিবৃতির খবর শুনে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে এবং তাহরির স্কোয়ারে জড়ো হওয়া বিক্ষোভকারীরা হর্ষধ্বনি করতে থাকে, গাড়ির হর্ণ বাজায়। তারা একে মি. মুরসির শাসনের অবসানের আলামত বলে মনে করছে।
অন্যদিকে মুরসিবিরোধীদের নেতার এক বিবৃতিতে সেনাবাহিনী প্রধানের ঘোষণাকে স্বাগত জানিয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচন, এবং মোহাম্মদ মুরসি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথা বলা হয়।
বিবিসির একজন সংবাদদাতা বলেন, সেনাবাহিনীর এই বিবৃতিটি একটি অভ্যুত্থানের আগমনবার্তার মতই শুনিয়েছে।

তবে মুসলিম ব্রাদারহুডের একজন মুখপাত্র বলেছেন, এই বিবৃতির অর্থ এমন নয় যে সেনাবাহিনী মুরসিবিরোধী বিক্ষোভকারীদের পক্ষ নিচ্ছে। ব্রাদারহুড বলছে, প্রেসিডেন্ট মুরসি সেনাবাহিনী বিবৃতিটি পরীক্ষা করে দেখছেন।
এর আগে মুরসিবিরোধীরাও মঙ্গলবারের মধ্যেই প্রেসিডেন্টকে ক্ষমতা ত্যাগের জন্য আলটিমেটাম দেয়। চারজন মন্ত্রী এর মধ্যেই পদত্যাগ করতে চেয়েছেন এমন খবরও শোনা গেছে।
মিশরের দ্বিতীয় বৃহত্তম ইসলামপন্থী দল নূর পার্টি বলছে, সেনাবাহিনী আবারো রাষ্ট্রীয় জীবনেফিরে আসছে বলে তাদের আশংকা হচ্ছে।
অন্যদিকে আজ কায়রোতে ক্ষমতাসীন দল মুসলিম ব্রাদারহুডের কার্যালয়ে হামলা চালায় মুরসি বিরোধীরা। সেখানে সংঘর্ষের সময় অন্তত একজন নিহত হয়েছে।

বিক্ষোভকারীরা গত রাতে জোর করে কায়রোর মোকাত্তাম এলাকায় ব্রাদারহুডের অফিসে ঢুকে পড়ে এবং জিনিসপত্র তছনছ করে। সেখানে অগ্নিসংযোগও করা হয়। তবে এই আক্রমণের সময় অফিসের ভেতরে ব্রাদানরহুডের কেউ ছিল না বলে জানানো হয়েছে।
সারা মিশর জুড়ে মুরসিবিরোধী বিক্ষোভ ডেকেছে যে তামারোদ (বিদ্রোহী) আন্দোলন - তারা প্রেসিডেন্ট মুরসিকে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে পদত্যাগ করার জন্য সময় বেঁধে দিয়েছে।
বিদ্রোহীরা এর আগে নতুন নির্বাচনও দাবি করে এবং ২ কোটি ২২ লক্ষ লোকের সমর্থনসূচক স্বাক্ষর সংগ্রহ করেছে বলে দাবি করে।
কায়রোর তাহরির স্কোয়ারে শত শত মুরসিবিরোধী বিক্ষোভকারী সারা রাত ধরে ওই চত্বরে অবস্থান করে।

আসুইত প্রদেশে বিক্ষোভকারীদের সাথে প্রেসিডেন্ট মুরসির সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে চার জন নিহত হয়।
রোববার কায়রো সহ মিশরের বিভিন্ন শহরে লাখ লাখ মুরসিবিরোধী বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে। দু বছর আগে যে আন্দোলনে প্রেসিডেন্ট হোসনি মুবারক ক্ষমতাচ্যুত হয়েছিলেন এবার কোথাও কোথাও সমাবেশে তখনকার চাইতেও বেশি জনসমাগম হয়।
বিরোধীরা বলছে, প্রেসিডেন্ট মুরসি অর্থনৈতিক এবং নিরাপত্তা সমস্যা মোকবিলা করতে ব্যর্থ হয়েছেন এবং মিশরের জাতীয় স্বার্থের ওপরে তার দলের এজেন্ডাকে স্থান দিয়েছেন।
তারা বলছে, প্রেসিডেন্ট অবিলম্বে পদত্যাগ না করলে আরো তীব্র আইন-অমান্য আন্দোলন হবে।
তবে প্রেসিডেন্ট মুরসি এক সাক্ষাৎকারে এসব দাবি প্রত্যাখ্যান করেছেন।
তার সমর্থকরা বলছেন, তাকে আরো সময় দেয়া দরকার।








