বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্যে দিয়ে মেয়র নির্বাচন শেষ

city corp election sylhet
ছবির ক্যাপশান, সিলেটের এক ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন
Published

বাংলাদেশে খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেটে সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে।

বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন। তবে প্রধান বিরোধী দল অনিয়মের কিছু অভিযোগ করেছে।

শনিবার সকাল ৮টা থেকে খুলনা, সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ শুরু হয় এবং চলে বিকাল ৪টা পর্যন্ত।

খুলনায় মিছিলকারী এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।

বরিশালে মারামারির কারণে একটি কেন্দ্রে ভোটগ্রহণ এক ঘণ্টার কিছু বেশি সময় বন্ধ ছিল বলে নির্বাচন কমিশনের সচিব ড: মহম্মদ সাদেক জানিয়েছেন।

বরিশাল থেকে স্থানীয় সংবাদদাতা শাহীনা আজমিন জানাচ্ছেন, বরিশালের একটি ভোটকেন্দ্রে প্রধান দুই মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন ও আহসান হাবীব কামালের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় মেয়র প্রার্থী আহসান হাবীব কামালকে মারধর করা হয়েছে বলেও জানা যায়।

তিনি জানান, আহসান হাবীব কামাল ভোট-দানে বাধা দেওয়ার কিছু অভিযোগ খতিয়ে দেখতে বেলা ২ টার দিকে শহরের ৭৭নং ভোটকেন্দ্রে যান।

একই সময়ে সমর্থকদের নিয়ে সেখানে হাজির হন শওকত হোসেন হিরন।

এসময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় বলে জানান বরিশাল থেকে সাংবাদিক শাহীনা আজমিন।

বরিশাল নির্বাচন
ছবির ক্যাপশান, বরিশালেও মানুষের মধ্যে ছিল উদ্দীপনা

এ ঘটনার পর ওই ভোটকেন্দ্রে ভোট-গ্রহণ সাময়িকভাবে বন্ধ ছিল।

খুলনা থেকে স্থানীয় সাংবাদিক গৌরাঙ্গ নন্দী জানিয়েছেন একজন কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা মিছিল করবার চেষ্টা করলে পুলিশ ও র‍্যাব তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সংবাদদাতা জানান, খুলনা সিটি কর্পোরেশনের খালিশপুর এলাকার ৮নং ওয়ার্ডের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সমর্থিত কাউন্সিলর প্রার্থী হাফেজ মোহাম্মদ শাসুল আলমের সমর্থকেরা সকাল দশটার দিকে একটি মিছিল করার চেষ্টা করে।

এসময় পুলিশ ও র‍্যাব মিছিলে বাধা দেয় এবং লাঠিচার্জ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

ছোটাছুটি করার সময় মিছিলে অংশ নেওয়া শাহ আলম সরদার নামে এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি সেখানে মারা যান।

city corporation election
ছবির ক্যাপশান, নির্বাচন উপলক্ষে খুলনা শহরে ছিল ব্যাপক নিরাপত্তা

মিছিলে অংশ নেয়া প্রত্যক্ষদর্শীরা দাবি করছে পুলিশের লাঠির আঘাতে ওই ব্যক্তি মারা গেছেন।

তবে পুলিশ বলছে ওই ব্যক্তি ছোটাছুটি করার সময় অসুস্থ হয়ে পড়েন এবং পরে হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

পুলিশ মিছিল থেকে ৯ জনকে আটক করেছে।

রাজশাহী থেকে বিবিসি বাংলার সংবাদদাতা কাদির কল্লোল জানাচ্ছেন, সেখানে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী খায়রুজ্জামান লিটন ও মোসাদ্দেক হোসেন বুলবুল সকালে একই সময়ে একই ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন।

ভোট দিয়ে বেরিয়ে এসে তারা পরস্পরকে জড়িয়ে ধরেন এবং কুশল বিনিময় করেন।

কাদির কল্লোল আরো জানাচ্ছেন বিকাল ৫টা থেকে রাজশাহীর বিভিন্ন ভোটকেন্দ্রগুলোতে ভোট গণনা শুরু হয়েছে।

সিলেটে ভোট-গ্রহণ হয়েছে শান্তিপূর্ণভাবে।

সেখান থেকে স্থানীয় সংবাদদাতা আহমেদ নূর জানিয়েছেন, সকাল থেকেই বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে ভোটারদের মধ্যে।

ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

বিরোধী দল বিএনপি অভিযোগ করছে, চার সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার দলীয় প্রার্থীদের সমর্থক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক তান্ডব চালিয়েছে এবং বিরোধী দল সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে ব্যাপক তৎপরতা চালিয়েছে।

bnp briefing city elex
ছবির ক্যাপশান, নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে নির্বাচনী ব্রিফিং

এমনকী অভিযোগ জানানোর পরও নির্বাচন কমিশন নির্লিপ্ত থেকেছে বলেও অভিযোগ করছে দলটি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন।

বিএনপি সাম্প্রতিক জাতীয় পর্যায়ের যে কোনো নির্বাচনে যোগ দেওয়ার ব্যাপারে অনীহা দেখালেও আজকের সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে তাদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

নির্বাচন উপলক্ষে সাম্প্রতিক যে কোনো আন্দোলন কর্মসূচী থেকেই চারটি শহরকে অব্যাহতি দিতে দেখা গেছে বিরোধী দলকে।

ঢাকা থেকে বিবিসি বাংলার সংবাদদাতা আহরার হোসেন জানাচ্ছেন শনিবার সিটি করপোরেশনের ভোটগ্রহণ নিয়েও ছিল তাদের ব্যাপক প্রস্তুতি।

ঢাকায় নিয়ন্ত্রণ কক্ষ খুলে আজ সারাদিনই কিছুক্ষণ পরপর নির্বাচন সংক্রান্ত নানা খবরাখবর এবং প্রতিক্রিয়া দিয়েছে বিরোধী দল বিএনপি।