বিক্ষোভকারীদের হটিয়ে দিল তুরস্কের পুলিশ

তুরস্কের ইস্তাম্বুল শহরে তাকসিম স্কোয়ারে গত এক সপ্তাহ ধরে অবস্থান নেওয়া সরকারবিরোধী বিক্ষোভকারীদের হটিয়ে দিতে সেখানে অভিযান চালিয়েছে রায়ট পুলিশ।
এ সময় সংঘর্ষ শুরু হলে বিক্ষোভকারীর পেট্রোল বোমা এবং পাথর নিক্ষেপ করে, আর দাঙ্গা-পুলিশ টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার করে।
এর পর পুলিশ বিক্ষোভকারীদের ঝোলানো বড় বড় ব্যানার নামিয়ে ফেলে জাতীয় পতাকা এবং কামাল আতাতুর্কের ছবি লাগিয়ে দেয়।
প্রধানমন্ত্রী রেচেপ তায়েপ এরদোয়ান বলেছেন, তিনি এ বিক্ষোভের ব্যাপারে আর কোন সহিষ্ণুতা দেখাবেন না।
ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে সরকার বিরোধী অবস্থান তুরস্কের দাঙ্গা পুলিশকে প্রচণ্ড মারমুখী দেখিয়েছে। যে মাত্রায় তারা কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ছুড়েছে, তাতে তাকসিম চত্বরের বিক্ষোভকারীদের অনেকেই দ্রুত পালিয়ে যায়।
অনেকে পাশের গেজি পার্কে গিয়ে আশ্রয় নেয়। তবে কিছু বিক্ষোভকারী পেট্রোল বোমা এবং ইঁটপাটকেল নিয়ে পুলিশের সাথে লড়াই চালয়ে যায়।
প্রায় দু'সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভ দমনে আজকের এই পুলিশি অভিযান নিয়ে প্রধানমন্ত্রী রেচেপ তায়েপ এরদোয়ান সংসদে বিবৃতি দিয়েছেন।

ক্ষমতাসীন দলের এমপিদের মুহুর্মুহু তালির মধ্যে প্রধানমন্ত্রী এরদোয়ান বলেন, ‘বিক্ষোকারীরা কি আশা করেছিল সরকার তাদের বিক্ষোভের সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাইবে?’গেজি পার্ক ছেড়ে যাওয়ার জন্য তিনি বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানান।
সপ্তাহ দুয়েক আগে প্রধানমন্ত্রী এরদোয়ানের বিরুদ্ধে স্বৈরাচারী আচরণ এবং তুরস্কের ধর্মনিরপেক্ষ কাঠামোকে নষ্ট করার অভিযোগে ইস্তাম্বুলে যে বিক্ষোভ শুরু হয় তা তুরস্কের অন্যান্য শহরেরও শুরু হয়েছে।
গত কদিনে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে তিনজন মারা গেছে, আহত হয়েছে হাজার পাঁচেকেরও বেশি মানুষ। মি এরদোয়ান এই বিক্ষোভকে এখন অল্প কিছু মানুষের বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হিসাবে দেখাতে চাইছেন।
তবে এর আগে মি এরদোয়ান তাদের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভকারীদের সাথে বুধবার আলোচনায় বসতে চেয়েছিলেন।
তবে ইস্তাম্বুল থেকে বিবিসির সংবাদদাতা মার্ক লোয়েন বলছেন, আজকের এই পুলিশি অভিযানের পর সেই সম্ভাবনা কার্যত নষ্ট হয়ে গেল।








