
রুশ নির্মিত এস-থ্রী-হান্ড্রেড ক্ষেপনাস্ত্র
রাশিয়া থেকে বিমান বিধ্বংসী ক্ষেপনাস্ত্র এস-থ্রী-হান্ড্রেডের প্রথম চালান সিরিয়ায় পৌঁছানোর খবরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।
বলা হচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ লেবাননের হেজবুল্লা গোষ্ঠীর টেলিভিশন আল মানারকে দেয়া এক সাক্ষাৎকারে এই ক্ষেপনাস্ত্রের চালান এসে পৌঁছানোর কথা জানিয়েছেন।
সাক্ষাৎকারটি আজ পরের দিকে প্রচার হওয়ার কথা।
প্রেসিডেন্ট আসাদ নাকি এই সাক্ষাৎকারে আরও জানিয়েছেন, এস-থ্রি-হান্ড্রেড ক্ষেপণাস্ত্রের দ্বিতীয় চালানটিও শীঘ্রই সিরিয়া পৌঁছবে।
ইসরায়েল ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে দু'শ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র তাদের নিরাপত্তার জন্য বড়ধরনের হুমকি।
প্রেসিডেন্ট আসাদ তার এই সাক্ষাৎকারে, যা এখনো প্রচারিত হয়নি, ঠিক কি বলেছেন তা স্পষ্ট নয়।
কিন্তু যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে, ইসরায়েল বিষয়টা সহজভাবে নেবে না।
সিরিয়ার ওপর ইসরায়েল কেবল এবছরই তিনবার বিমান হামলা চালিয়েছে।
আল মানার টিভি প্রেসিডেন্ট আসাদের উদ্ধৃতি দিয়ে জানাচ্ছে, এবার যদি ইসরায়েল এরকম কোন হামলা চালায়, সিরিয়া সঙ্গে সঙ্গে তার জবাব দেবে।
সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আসাদ নাকি স্বীকার করেছেন যে হেযবুল্লাহ বাহিনী আল কোসেইর শহরে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত।
লেবানন সীমান্তবর্তী এই শহরটিকে কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, এই শহরে শত শত বেসামরিক নাগরিক আহত অবস্থায় আটকে পড়েছেন, এবং সেখানে জরুরী চিকিৎসা সামগ্রীর সংকট দেখা দিয়েছে।

























