শ্রদ্ধা জানাতে চাভেজের মরদেহ সংরক্ষিত থাকবে ৭দিন

সর্বশেষ আপডেট শুক্রবার, 8 মার্চ, 2013 02:20 GMT 08:20 বাংলাদেশ সময়

কর্তৃপক্ষ বলছে, জনতার ঢল ধারণার চেয়ে বহুগুণ বেশি

ভেনেজুয়েলার সরকার ঘোষণা করেছে যে, দেশটির প্রয়াত প্রেসিডেন্ট উগো চাভেজের প্রতি দেশবাসীর শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ আরো সাতদিন রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হবে।

রাষ্ট্রীয় মর্যাদায় ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট চাভেজের শেষকৃত্য সম্পন্ন হবে আজ শুক্রবার। এরপর তাকে সমাহিত করার কথা থাকলেও সিদ্ধান্ত পরিবর্তন করে দেশটির ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাডুরো জানিয়েছেন, মিঃ চাভেজের অন্ত্যেষ্টিক্রিয়ার পর তাঁর মরদেহ আরো সাতদিন সংরক্ষণ করে রাখা হবে।

প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে জড়ো হওয়া লাখ লাখ ভক্ত-সমর্থক সবাই যেন শেষবারের মতো তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন, সেকারণেই এ সিদ্ধান্ত।

ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাডুরো জানিয়েছেন, মিস্টার চাভেজের মৃতদেহ রাশিয়ার বিপ্লবী নেতা লেনিনের অনরূপ সংরক্ষণ করে রাখা হবে। তিনি বলেন, প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে কুড়ি লাখেরও বেশি মানুষের টানা অপেক্ষার প্রেক্ষাপটে তার শেষকৃত্যানুষ্ঠান বিলম্বিত করার এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

উগো চাভেজের মনোনীত ভাইস প্রেসিডেন্ট মিঃ মাডুরো আরো বলেন, আগের পরিকল্পনা অনুযায়ী শুক্রবারই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। এরপর প্রয়াত প্রেসিডেন্টকে নেয়া হবে মিলিটারি মিউজিয়ামে। সেখানে তিনি বিশ্রাম নেবেন এবং অন্তত আরো সাতদিন ভক্তরা তাকে শ্রদ্ধা জানাতে পারবেন।

কান্নারত সমর্থকেরা

তিনি আরও বলেন, রাশিয়ার বিপ্লবী নেতা লেনিনের মতো চাভেজের মরদেহ সংরক্ষণ করে রাখা হবে

প্রায় দু’বছর ধরে ক্যান্সারে ভুগে গত মঙ্গলবার ৫৮ বছর বয়সে কারাকাসের এক হাসপাতালে মারা যান উগো চাভেজ। এর আগে কিউবাতে তাঁর শরীরে একাধিক অস্ত্রোপচার হয়।

মি. চাভেজের মৃত্যুতে সাতদিনের জাতীয় শোক পালন করছে ভেনেজুয়েলা।

কারাকাসের সামরিক একাডেমিতে তার মরদেহ সবার শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হলে প্রিয় নেতাকে একনজর দেখতে লাখ লাখ মানুষের ঢল নামে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যয় শোকার্ত মানুষকে। শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে প্রতিবেশী অঞ্চলের নেতারা কারাকাসে এসেছেন।

শোকার্ত ভক্ত-সমর্থকরা চান ভেনেজুয়েলার জাতীয় সমাধিস্থলে চাভেজের মরদেহ সমাহিত করা হোক, উনিশ শতকের বিপ্লবী নেতা সাইমন বলিভারের পাশে, যার বিপ্লবী চেতনায় অনুপ্রানিত হয়েছিলেন উগো চাভেজ।

গত ১৪ বছর ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ছিলেন তিনি। তার আকর্ষণীয় ব্যক্তিত্ব, জনকল্যাণমুখী কর্মসূচি, আর প্রকাশ্য মার্কিন-বিরোধিতার কারণে দেশের ভেতরে এবং বাইরে যেমন জনপ্রিয়তা পেয়েছিলেন, তেমনি সৃষ্টি করেছিলেন বিতর্কও। এখন তাঁর উত্তরাধিকারী কে হবেন তা নির্ধারণের জন্য আগামী ৩০ দিনের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত বিষয়

BBC © 2014বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻