অস্ট্রেলিয়ায় দাবানলে পালাচ্ছে হাজার হাজার মানুষ

সর্বশেষ আপডেট শনিবার, 5 জানুয়ারি, 2013 12:26 GMT 18:26 বাংলাদেশ সময়

অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপে এক দাবানল ছড়িয়ে পড়ার পর হাজার হাজার মানুষ তাদের বাড়ী-ঘর ছেড়ে পালিয়েছে।

এই দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর অনেক মানুষ এখন সাগর তীরে গিয়ে আশ্রয় নিয়েছেন। বহু মানুষকে নৌকায় করে উদ্ধার করতে হয়েছে।

দাবানলে এ পর্যন্ত শতাধিক ঘরবাড়ী পুড়ে গেছে। দ্বীপটির বিভিন্ন দিকে এখন চল্লিশটির মতো অগ্নিকান্ড মোকাবেলার চেষ্টা চলছে।

অস্ট্রেলিয়ায় এবার তীব্র গরম পড়েছে, তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে তীব্র বাতাস এবং বনাঞ্চলে তীব্র খরা। ফলে এই দাবানল ছড়িয়ে পড়েছে খুবই দ্রুত।

২০০৯ সালের ব্ল্যাক স্যাটারডে দুর্যোগের পর এরকম ভয়ানক দাবানল অস্ট্রেলিয়ায় আর দেখা যায়নি। সবচেয়ে খারাপ অবস্থা তাসমানিয়া দ্বীপের।

সেখানে একশোর বেশি বাড়ীঘর দাবানলে ধ্বংস হয়েছে। নিশ্চিহ্ন হয়ে গেছে একটি বসতি।

আগুনের কারণে অনেক জায়গার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। দ্বীপের দক্ষিণ-পূর্বে তাসমান উপদ্বীপে হাজার হাজার মানুষ আটকে পড়েছে। অনেক মানুষ গিয়ে আশ্রয় নিয়েছে সাগর তীরে।

ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা জানিয়েছেন, এই দাবানল নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লাগবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড জনসাধারণকে সম্পত্তির চাইতে তাদের জীবনের নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়ার পরামর্শ দিয়েছেন। ২০০৯ সালের পর অস্ট্রেলিয়ায় এটিই সবচেয়ে ভয়াবহ দাবানল। ২০০৯ সালের দাবানলে নিহত হয়েছিলেন ১৭৩ জন।

সম্পর্কিত বিষয়

BBC © 2014বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻