পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে সাত এনজিওকর্মী নিহত

সর্বশেষ আপডেট মঙ্গলবার, 1 জানুয়ারি, 2013 14:24 GMT 20:24 বাংলাদেশ সময়
pakistan tribal

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে সাতজন এনজিও কর্মী নিহত হয়েছেন।

সোয়াবির পুলিশ প্রধান বলছেন, স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের কাছে এর কর্মীদের বহনকারী ভ্যানের ওপর গুলিবর্ষণ করা হয়। বিবিসির সংবাদদাতা আলীম মকবুল বলছেন, এই এলাকায় এনজিও কর্মীদের ওপর এটাই প্রথম আক্রমণের ঘটনা।

নিহতদের সবাই উজালা নামে একটি স্থানীয় বেসরকারি সংস্থার চালানো কমিউনিটি সেন্টারে কাজ করতেন। উত্তর পশ্চিম পাকিস্তানের সোয়াবি জেলায় অবস্থিত এই কমিউনিটি সেন্টার একটি স্কুল এবং স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা করতো।

pakistan map

নিহত কর্মীরা যখন ক্লিনিক থেকে বাড়ি ফিরছিলেন তখনই বন্দুকধারীরা দুটি মোটরবাইকে করে এসে তাদের ভ্যানের ওপর গুলিবর্ষণ করে।

পুলিশ বলছে নিহতদের মধ্যে ৬ জন মহিলা এবং একজন পুরুষ। এদের অন্তত দুজন শিক্ষক এবং বাকিরা হাসপাতালের কর্মী বলে ধারণা করা হচ্ছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত কোন গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।

তবে গত মাসে পাকিস্তানে পোলিও টিকাদান কর্মসূচিতে কর্মরত স্বাস্থ্যকর্মীদর ওপর বন্দুকধারীদের গুলিবর্ষণে ৯ জন নিহত হয়, এবং এর পর বিশ্বস্বাস্থ্য সংস্থা ওই কর্মসূচি বন্ধ করে দেয়।

এছাড়া রক্ষণশীল খাইবার-পাখতুনখোয়া প্রদেশে এর আগে মেয়েদের স্কুল এবং তার ছাত্রীদের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে।

সোয়াবি জেলা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে গাড়িতে মাত্র ঘন্টাখানেকের পথ। পুলিশ বলছে, এর আগে এখানকার কোন এনজিওর ওপর কোন আক্রমণের ঘটনা ঘটেনি।

সম্পর্কিত বিষয়

BBC © 2014বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻