
প্রয়াত তারকা জিমি সেভিলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে চরম বিপত্তিতে পড়েছে বিবিসি।
বিবিসির মহাপরিচালক জর্জ এনটুইসেল এ ব্যাপারে ব্যাখ্যা দিতে ব্রিটিশ সংসদের একটি কমিটির মুখোমুখি হয়েছিলেন মঙ্গলবার। সেখানে তিনি স্বীকার করেছেন এই কেলেঙ্কারির জন্য বিবিসির বিশ্বাসযোগ্যতা কঠিন পরীক্ষার মুখে পড়েছে।
বলা হচ্ছে যে, বিবিসির গত কয়েক দশকের ইতিহাসে প্রতিষ্ঠানটি এতো বিব্রতকর পরিস্থিতির মুখে কখনো পড়েনি।
সংবাদ মাধ্যমটির সাবেক এক তারকা উপস্থাপক জিমি সেভিলের বিরুদ্ধে ব্যাপক যৌন নির্যাতনের অভিযোগ ওঠার পর প্রতিষ্ঠানটি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।
এমপিদের সামনে দাঁড়িয়ে মি. এনটুইসেলও স্বীকার করেছেন এই কেলেঙ্কারির কারণে প্রতিষ্ঠানটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
তিনি বলেন, জিমি সেভিল যা করেছে এবং কয়েক বছর ধরে তাতে বিবিসির যে ভূমিকা ছিল, সেসব দেখে মনে হয়েছে বিবিসি যেনো জিমি সেভিলকে এসব করতে অনুমতি দিয়েছে এবং এর ফলে বিবিসির প্রতি আস্থা ও সুনাম যে প্রশ্নবিদ্ধ হয়েছে সেটা নিয়ে তার কোন সন্দেহ নেই।

বিবিসির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে
তিনি বলেন এতো দীর্ঘ সময় ধরে জিমি সেভিল যা কিছু করেছে এবং সেগুলো যে ধরা পড়েনি এটা খুবই ভয়ের একটা কারণ।
জিমি সেভিল ৮৪ বছর বয়সে গত বছর মারা গেছেন। পুলিশ বলছে, তার বিরুদ্ধে বহু যৌন নির্যাতনের অভিযোগ ওঠেছে যা চল্লিশ বছরে ধরে চলেছে বলে ধারণা করা হচ্ছে।
অভিযোগ উঠেছে যে জিমি সেভিলের বিরুদ্ধে ওঠা শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ বিবিসি ধামাচাপা দিতে চেষ্টা করেছে। কিন্তু মি. এনটুইসেল এই অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বলেন, বিবিসির শীর্ষস্থানীয় ব্যবস্থাপকরা এ বিষয়ে অনুসন্ধানী একটি অনুষ্ঠান প্রচার না করতে চাপ প্রয়োগ করেছে বলে কোন প্রমাণ নেই।
এই অনুসন্ধান বিবিসি কেনো বন্ধ করে দিয়েছিল এমপিরা বারবারই তা সুনির্দিষ্ট করে জানতে চেয়েছেন বিবিসির মহাপরিচালকের কাছে।
জর্জ এনটুইসেল বলছেন, বিভিন্ন আলোচনা ও দলিল ঘেঁটে তিনি দেখেছেন ব্যবস্থাপকদের কাছ থেকে এরকম কোন চাপ দেওয়ার কোন প্রমাণ তিনি পাননি।
মি. এনটুইসেল বলেছেন যে, তিনি মনে করেন এই অনুসন্ধান অব্যাহত রাখা উচিত ছিল। এমপিদের তিনি জানান, আগের ও বর্তমানের স্টাফদের বিরুদ্ধে ওঠা ১০টি গুরুতর অভিযোগ বিবিসি তদন্ত করে দেখছে।
এমপিদের দিক থেকে বিবিসি আক্রমণের মুখে পড়েছে কিন্তু কোন ব্যবস্থা নেওয়ার আগে প্রতিষ্ঠানটি যেসব তদন্তের উদ্যোগ নিয়েছে, সংবাদদাতারা বলছেন, এমপিরা যেন তার জন্যে আরো কিছুটা সময় অপেক্ষা করতে প্রস্তুত আছেন।

























