সুপ্রিম কোর্টের রায় অগ্রহণযোগ্য: খালেদা

সর্বশেষ আপডেট বৃহষ্পতিবার, 20 সেপ্টেম্বর, 2012 13:59 GMT 19:59 বাংলাদেশ সময়
khaleda zia

খালেদা জিয়া

বাংলাদেশের তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল নিয়ে দেশের সুপ্রীম কোর্ট যে রায় দিয়েছে সেটিকে ‘পক্ষপাতদুষ্ট’ এবং ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছেন বিরোধী দলীয় নেত্রী এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল নিয়ে কয়েকদিন আগে পূর্ণাঙ্গ রায় আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর সেটি পর্যালোচনা করে বিএনপির তরফ থেকে সংবাদ সম্মেলন করে এই মতামত তুলে ধরা হলো।

খালেদা জিয়া অভিযোগ করেন, 'সরকারের ইচ্ছার সাথে মিল রেখেই রায় ঘোষণার ১৬ মাস পরে নতুন করে এই রায় লেখা হয়েছে। তিনি অভিযোগ করেন, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের দেয়া এই রায়ের ভিত্তিতে আয়োজিত কোন নির্বাচনে বিএনপি অংশ নেবে না।'

"সরকারের ইচ্ছার সাথে মিল রেখেই রায় ঘোষণার ১৬ মাস পরে নতুন করে এই রায় লেখা হয়েছে"

খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন

সরকারের এটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতের রায় নিয়ে বিএনপির এ প্রতিক্রিয়ার সমালোচনা করেছেন।

বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া সংবাদ সম্মেলনে সদ্যপ্রকাশিত রায়ের বিভিন্ন 'অসঙ্গতি এবং পরস্পরবিরোধিতা' তুলে ধরে তার কড়া সমালোচনা করেন। বিরোধী নেত্রী বলেন, 'কোন বিচারপতি অবসরে যাওয়ার পরে মামলার রায় লিখতে কিংবা তাতে স্বাক্ষর করতে পারেন না।'

খালেদা জিয়া অভিযোগ করেন, নির্বাচনকালীন সরকার নিয়ে ক্ষমতাসীনদের চিন্তাভাবনার সাথে এই রায়ের মিল রয়েছে এবং সেজন্য এই রায়কে তিনি পক্ষপাতদুষ্ট বলে বর্ণনা করেন। তিনি বলেন, 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অকার্যকর এ রায় দেশে রাজনৈতিক সংকট বাড়াবে।'

খালেদা জিয়া বলেন, 'সাম্প্রতিক রায়ে সাবেক প্রধান বিচারপতি নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে নির্দেশনা দিয়েছেন – তা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বক্তব্যের হুবহু প্রতিধ্বনি।'

"অবসরে যাবার পর কোন বিচাপতির রায় লেখার বহু নজির বাংলাদেশের সুপ্রিম কোর্টে রয়েছে"

মাহবুবে আলম, এটর্নি জেনারেল

বিরোধী নেত্রী বলেন, তার দল কোন অবস্থাতেই নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন মেনে নেবে না এবং দলীয় সরকারে অধীনে কোন নির্বাচন অনুষ্ঠিত হতে দেবে না ।

বিএনপি চেয়ারপারসন বলেন, ত্রয়োদশ সংশাধনী বাতিল নিয়ে আদালতের দেয়া এর আগের সংক্ষিপ্ত রায়ের সাথে কয়েকদিন আগে প্রকাশিত রায়ের সুস্পষ্ট পার্থক্য রয়েছে। এ বিষয়টিকে 'বিচারিক অসদাচরণ' বলে বর্ণনা করেন খালেদা জিয়া।

তবে সরকারের এটর্নি জেনারেল মাহবুবে আলম বিরোধীদলীয় নেত্রীর সংবাদ সম্মেলন ডেকে আদালতের রায়ের এই সমালোচনা করাকে 'অনভিপ্রেত' এবং 'নজিরবিহীন' বলে আখ্যায়িত করে বলেন, রায়ের মধ্যে কোন অসঙ্গতি নেই। তাছাড়া অবসরে যাবার পর কোন বিচাপতির রায় লেখার ক্ষেত্রেও কোন বাধা নেই এবং 'এমন বহু নজির বাংলাদেশের সুপ্রিম কোর্টে রয়েছে' বলে উল্লেখ করেন এটর্নি জেনারেল।

কিন্তু বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বলেন, তার ভাষায় 'বর্তমান সরকারের অনৈতিক ইচ্ছা পূরণের হাতিয়ার হিসেবে নতুন করে লেখা' এই রায় উপহার দেয়ার মাধ্যমে বিচার বিভাগকে দলীয় স্বার্থে ব্যবহারের একটি দৃষ্টান্ত তৈরী হলো ।

BBC © 2014বাইরের ইন্টারনেট সাইটের বিষয়বস্তুর জন্য বিবিসি দায়ী নয়

কাসকেডিং স্টাইল শিট (css) ব্যবহার করে এমন একটি ব্রাউজার দিয়ে এই পাতাটি সবচেয়ে ভাল দেখা যাবে৻ আপনার এখনকার ব্রাউজার দিয়ে এই পাতার বিষয়বস্তু আপনি ঠিকই দেখতে পাবেন, তবে সেটা উন্নত মানের হবে না৻ আপনার ব্রাউজারটি আগ্রেড করার কথা বিবেচনা করতে পারেন, কিংবা ব্রাউজারে css চালু কতে পারেন৻