
বিমানের অভ্যন্তরীণ রুট আছে মোট সাতটি
আন্তর্জাতিক রুটের সমস্যা সামাল দিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অভ্যন্তরীণ সব রুটে ২৯শে নভেম্বর পর্যন্ত সব ফ্লাইট বাতিল করে দিয়েছে।
মধ্যপ্রাচ্য রুটের ফ্লাইট নিয়ে গত কয়েকদিন ধরে চলা সমস্যা মেটাতে বিমান এই পদক্ষেপ নিয়েছে বলে কর্মকর্তারা জানাচ্ছেন।
বিমানের সাতটি অভ্যন্তরীণ রুটের মধ্যে পাঁচটি বন্ধ হয়ে গিয়েছিল বেশ কয়েকদিন আগেই।
বিভিন্ন রুটে আন্তর্জাতিক ফ্লাইটের সংযোগ রুটের দুটি বিমান এতদিন চলাচল করলেও এখন সেগুলোও সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর ফলে ২৯শে নভেম্বর পর্যন্ত চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো ফ্লাইট ওঠানামা করবে না।
বিমানের পক্ষ থেকে বলা হয়েছে ভাড়ায় আনা ৫ শতাধিক আসন বিশিষ্ট একটি বিমান চুক্তির মেয়াদ শেষ হবার এক সপ্তাহ আগেই চলে যাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটসূচি ব্যাপকভাবে বিপর্যস্ত হয়।
অপ্রত্যাশিতভাবে ১২ই সেপ্টম্বর ওই উড়োজাহাজটি চলে যাবার কারণে বিমানের নিয়মিত ফ্লাইটসূচিতে বিপর্যয় সৃষ্টি হয় এবং আন্তর্জাতিক রুটের বেশ কিছু বিমান বাতিল করতে হয় বলে সংস্থার একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তবে অভ্যন্তরীণ রুটে বেসরকারি এয়ারলাইন্সের বিমান চলাচল স্বাভাবিক থাকবে বলে জানা গেছে।

























