
ইরাবতী অঞ্চলে ২০০৮ সালের বন্যায় এক লক্ষ ৩০ হাজার মানুষ
মৌসুমি বৃষ্টির কারণে সৃষ্ট প্রবল বন্যায় বার্মার দক্ষিণাঞ্চলে ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। এতে গৃহহীন হয়ে পড়েছে প্রায় ৮৫ হাজার মানুষ।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরাবতী বদ্বীপ অঞ্চল, যেখানে উল্লেখযোগ্য পরিমাণে ধানের চাষ হয়ে থাকে। এর ফলে আগামী বছরের ফলন নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সরকার বলছে, দুর্গত মানুষের জন্যে দুশোর মতো ত্রাণ কেন্দ্র খোলা হয়েছে।
এই ইরাবতী বদ্বীপ এলাকাতেই ২০০৮ সালের বন্যায় এক লাখ ৩০ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল।
এই মৌসুমে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতে প্রায় আড়াইলাখ হেক্টর ধানের জমি ভেসে গেছে। ইরাবতী বদ্বীপে যেখানে ব্যাপক কৃষিজমি বন্যায় তলিয়ে গেছে, সেখানকার একজন কৃষক বলছেন ওই এলাকায় ৫০হাজার একরের বেশি কৃষিজমি বন্যার কবলে।
"আরও কয়েকদিন এরকম অবস্থা থাকলে ফসল সব নষ্ট হয়ে যাবে এবং ব্যাপক খাদ্য ঘাটতি দেখা দেবে।"
ইরাবতী বদ্বীপ এলাকার কৃষক
''বৃষ্টি থেমে গেছে এবং নদীর জোয়ারও নেমে গেছে। কিন্তু চাষের জমিগুলো বন্যাকবলিত হয়ে রয়েছে। বন্যার জল সহজে নামার লক্ষ্মণ দেখা যাচ্ছে না। আরও কয়েকদিন এরকম অবস্থা থাকলে ফসল সব নষ্ট হয়ে যাবে এবং ব্যাপক খাদ্য ঘাটতি দেখা দেবে।''
তিনি বলছেন সরকারের কাছে তারা জরুরিভিত্তিতে খাদ্য সাহায্য পাঠানোর আবেদন জানিয়েছেন।
প্রেসিডেন্ট থিয়েন সিয়েন উপদ্রুত এলাকা পরিদর্শন করেছেন।
তবে পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও যাওয়া যাচ্ছে না।
সরকার বলছে গৃহহীন মানুষদের সাহায্য করার জন্য তারা দুইশয়ের ওপর জরুরি ত্রাণ শিবির খুলেছেন।
আগামী বছর ধানের উৎপাদনের ওপর এর বড়ধরনের প্রভাব পড়বে বলে আশংকা করা হচ্ছে।
চাল বার্মার প্রধান রপ্তানি পণ্য এবং সেদেশের মানুষের প্রধান খাদ্য।
সংবাদদাতারা বলছেন, বন্যা পরিস্থিতি নতুন সরকার কীভাবে মোকাবেলা করে- সেটাই সামরিক বাহিনী সমর্থিত সরকারের জন্যে হবে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। এর থেকে বোঝা যাবে সংস্কারের প্রভাব এই সরকারের ওপর কতখানি পড়েছে।

























