বিডিআর বিদ্রোহের ঘটনায় আরো ২৫৩ জনের সাজা

ছবির উৎস, bbc
বাংলাদেশে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িত থাকার অপরাধে পিলখানার বিজিবি হাসপাতাল ইউনিটের ২৫৩ জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
বিদ্রোহের বিচারে গঠিত বিজিবির বিশেষ আদালত-১০-এ এই রায় দেন কর্নেল খোন্দকার ওবায়দুল আহসান।
পিলখানার বিজিবি হাসপাতালের মেডিক্যাল অ্যাসিটেন্ট নান্নু মিয়ার করা এই মামলায় ২৫৬ জনের বিরুদ্ধে ২০১০ সালের এপ্রিলে অভিযোগ গঠন করা হয়।
বিডিআর আইনে আজ শনিবার সেই বিদ্রোহের মামলায় বিজিবির বিশেষ আদালতে কর্নেল খোন্দকার ওবায়দুল আহসান ২৫৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন।
সাজাপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড হয়েছে ৩৪ জনের।
মামলায় খালাস পেয়েছেন দুজন আর বিচার চলাকালে একজন অভিযুক্ত মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়।
বিজিবি সূত্র জানায় এ পর্যন্ত বিডিআর আইনে ৫৭ টি ইউনিটে বিদ্রোহের মামলায় ৫৪ টির রায় হয়েছে।
৫৪ টি মামলায় ৪২৯৯ জন অভিযুক্তের ৪২০৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। খালাস পেয়েছেন ৯০ জন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।








