ব্যবস্থা নিতে হবে দ্রুত: বান কি মুন

ছবির উৎস, focus bangla
বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, জলবায়ু তহবিল থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থছাড়ের বিষয়ে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানাবেন তিনি।
জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জোট, ক্লাইমেট ভালনারেবল ফোরামের উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে দেয়া ভাষণে তিনি এই প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, এ মাসে ডারবানে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে তিনি এই আহ্বান জানাবেন।
মি. মুন বলেন, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ গোটা বিশ্বকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছে।
জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং স্বলপমাত্রায় কার্বন নিঃসরণেও বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে।
বান কি মুন তার ভাষণে বলেন, বর্তমানে বিশ্ব একটা অর্থনৈতিক সংকটের মধ্যে কঠিন সময় পার করলেও এ বিষয়ে দেরি করার সুযোগ নেই।
''জলবায়ু পরিবর্তন কোনও বিলাসিতার বিষয় নয়। এজন্য এখনি পদক্ষেপ নিতে হবে, আর তা অর্থনৈতিক বা রাজনৈতিক যেকোনো সংকটের মধ্যেই হোক না কেন।"
তিনি আরো বলেন, কিছুদিনের মধ্যেই বিভিন্ন দেশের সরকারগুলো গুরুত্বপূর্ণ এবং জটিল এ বিষয়গুলো সমাধানের জন্য ডারবানে একত্রিত হবেন।
সেখানে নিজেদের দাবিগুলো তুলে ধরার ব্যাপারে এই বিপন্ন দেশগুলোর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
''আমি মনে করি, তাদের রাজনৈতিকভাবে সম্পূর্ণ ন্যায়সঙ্গত অধিকার রয়েছে নিজেদের বক্তব্য তুলে ধরার, বিশেষ করে উন্নত বিশ্বের কাছে।''
তিনি বলেন গতবছর কানকুনে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, এবছর ডারবানে তা সম্পন্ন করতে হবে।
জাতিসংঘ মহাসচিব বলেন, তাঁর আশা উন্নত দেশগুলো কিয়োটো চুক্তির ভবিষ্যৎ সম্পর্কে তাদের অবস্থান পরিষ্কার করবে।
তাদেরকে অবশ্যই গ্রীন ক্লাইমেট ফান্ডের কাজ শুরু করতে হবে এবং স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তন অর্থায়নের বিষয়েও তাদের অবস্থান পরিষ্কার করতে হবে।
তিনি বলেন কোপেনহেগেনে যে ৩০ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, ডারবানে সে প্রতিশ্রুতি পূরণ করতে হবে।
''শুধুমাত্র প্রতিশ্রুতি কোনও উত্তর হতে পারে না, সেই প্রতিশ্রুতি পূরণ করতে হবে। এই বার্তাই আমি ডারবানে নিয়ে যাব।"

ছবির উৎস, focus bangla
দুদিনের এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "জলবায়ু পরিবর্তনের প্রভাবে গত বছর বিশ্বে অতিরিক্ত তিন লাখ মানুষ মারা গেছে। ১৩ হাজার কোটি ডলারের সম্পদ বিনষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ প্রতিবছরই বাড়ছে। সময়মতো পদক্ষেপ না নিতে পারলে ক্ষতি আরও বাড়বে।"
শেখ হাসিনা বলেন, ধরিত্রী সম্মেলনের পর দুই যুগ অতিবাহিত হলেও গ্রিনহাউস গ্যাস কমানোর ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়নি।
গ্যাস নির্গমন বেড়েই চলছে যা বিশ্বের জন্য অত্যন্ত ক্ষতিকর।
বাংলাদেশের মতো সম্পদের সীমাবদ্ধতা আছে এমন দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে।
এশিয়ার তিনটি দেশে সফরের শুরুতে রোববার সন্ধ্যেয় জাতিসংঘ মহাসচিব ঢাকায় এসে পৌঁছান।
ঢাকার কর্মকর্তারা জানিয়েছেন, মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে জাতিসংঘের `ওয়ান উইমেন ওয়ান চাইল্ড‘ কর্মসুচী বাংলাদেশে কেমন চলছে তা স্বচক্ষে দেখতেই মূলত মিঃ বানের এই সফর৻
জাতিসংঘ মহাসচিব মৌলভিবাজার জেলায় সরকারের একটি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র তিনি আগামীকাল পরিদর্শন করবেন৻
তিনদিনের বাংলাদেশ সফর শেষে মঙ্গলবার থাইল্যান্ড রওয়ানা হবেন তিনি।








