পর্যটন মানচিত্রে ‘গন্তব্য বাংলাদেশ‘

লন্ডনে শেষ হয়ে গেল বিশ্ব পর্যটন মেলা, যাতে অংশ নিয়েছে একশটিরও বেশি দেশ৻ জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা বলছে, এবছরই প্রথম বিশ্বে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া মানুষের সংখ্যা একশো কোটি ছাড়িয়ে যেতে পারে৻ বাংলাদেশ বা ইথিওপিয়ার মতো দরিদ্র দেশগুলোও এখন পর্যটন থেকে তাদের আয় বাড়াতে চাইছে৻ কিন্তু এসব দেশকে পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরার কাজটা আসলে কতটা কঠিন? খোঁজ নিতে বিবিসির মোয়াজ্জেম হোসেন গিয়েছিলেন বিশ্ব পর্যটন মেলায়ঃ

লন্ডনের এক্সেল এক্সিবিশন সেন্টারের প্রায় একশ একর জায়গায় মধ্যে যেন ঠেসে দেয়া হয়েছে গোটা পৃথিবী৻
ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট নামের এই পর্যটন মেলা বিশ্বের বৃহত্তম৻ বিশ্ব মানচিত্রে খুব কম দেশই আছে, যাদের এখানে খুঁজে পাওয়া যাবে না৻
আয়োজকরা জানিয়েছেন, একশ তিরিশটি দেশ অংশ নিচ্ছেন এবারের মেলায়৻
পর্যটন যাদের অর্থনীতির প্রধান খাত, সেসব দেশ বড় বড় প্যাভিলিয়ন আর স্টল সাজিয়ে বসেছে৻ সেখানে নিজ নিজ দেশকে আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরতে নানা আয়োজন৻
পর্যটন মানচিত্রে জায়গা করে নেয়ার চেষ্টা করছে বাংলাদেশও, মেলায় তাদের স্টলে এবার অংশ নিচ্ছে ১৪টি বেসরকারি ট্যুর অপারেটর৻
বাংলাদেশের স্টলে বসে কথা হচ্ছিল তরুণ ব্যবসায়ী তৌফিক রহমানের সঙ্গে, যিনি জার্নি প্লাস নামের একটি বেসরকারি ট্যুর অপারেটর প্রতিষ্ঠানের প্রধান৻
"আমরা মূলত স্পেশালাইজড হচ্ছি আর্কিওলজিক্যাল ট্যুরিজমে৻ আমরা বাংলাদেশের উত্তরবঙ্গে আর্কিওলজি, হেরিটেজ, কালচার---এ ধরণের ট্যুরই বেশি আয়োজন করে থাকি৻"
নেতিবাচক ভাবমূর্তি

পর্যটক আকর্ষণের ক্ষেত্রে বাইরের দুনিয়ায় বাংলাদেশের ম্লান ভাবমূর্তি যে একটা বড় সমস্যা সেটা অকপটে স্বীকার করলেন তৌফিক রহমান৻
"আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনা করলেও পর্যটনে বাংলাদেশ অনেক পিছিয়ে৻ তারপরও বাংলাদেশে পর্যটনে যা অর্জন তা মূলত বেসরকারি উদ্যোগেই হয়েছে এবং তারাই কিন্তু অগ্রণী ভূমিকা পালন করছে৻"
"২০১০ সালে বাংলাদেশে গেছেন আড়াই লক্ষের মতো বিদেশী৻ এদের বেশিরভাগই কিন্তু গেছেন নানা কাজে-কর্মে বা পরিবার-পরিজনদের সঙ্গে দেখা করতে৻ নিছক বেড়ানোর জন্য গেছেন এমন মানুষের সংখ্যা হয়তো বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে," বলছিলেন তৌফিক রহমান৻
পর্যটকদের কাছে বাংলাদেশকে একটি স্বতন্ত্র গন্তব্য হিসেবে তুলে ধরা খুব কঠিন হবে বলেই মনে করেন তৌফিক রহমান৻ এক্ষেত্রে একটা সম্ভাবনা হচ্ছে নেপাল, ভূটান বা পূর্ব ভারতে আসছেন এমন পর্যটকদের কিছুটা সময় বাংলাদেশে কাটাতে উৎসাহিত করা৻
"আমাদের ট্যুরে যেসব পর্যটকরা আসেন, তারা বাংলাদেশের সঙ্গে ইস্টার্ণ হিমালয়ান রেঞ্জ, যেমন সিকিম, দার্জিলিং এবং অনেক সময় নেপাল বা ভূটান দেখতে যান৻ এটা মোটামুটি পপুলার একটা ট্যুর৻ পর্যটকরা চান ১৫-২০ দিনের একটা ট্যূরে একসঙ্গে তিন চারটা দেশ ঘুরে দেখতে৻ কাজেই আমি মনে করি ভারত, নেপাল এবং ভূটানের সঙ্গে মিলেই আমাদেরকে পর্যটনের বিকাশ ঘটাতে হবে৻"
ইমার্জিং মার্কেট
বিশ্বে পর্যটন শিল্পের প্রবৃদ্ধির বেশিরভাগটাই এখন ঘটছে ইমার্জিং মার্কেট বা উদীয়মান অর্থনীতির দেশগুলোতে৻ চীন, ভারত, ব্রাজিলের মতো দেশগুলোর অবস্থান সেখানে শীর্ষে৻
তাহলে বাংলাদেশের মতো দেশগুলোর এই লাভজনক ব্যবসায় ভাগ বসানোর সুযোগ আসলে কতোটা আছে ? কথা হচ্ছিল পর্যটনের উন্নয়নে সহায়তা দেয় এমন একটি সংস্থা প্যাসিফিক এশিয়া ট্রাভেল এসোসিয়েশনের প্রধান নির্বাহী মার্টিন ক্রেইগের সঙ্গে৻
"আমি তো মনে করি বিশ্বের যে কোন দেশ, তারা যদি যথেষ্ট উদ্যোগ নেয়, তাদের দরোজা খুলে দেয়, পর্যটকদের জন্য যথাযথ সেবা দিতে পারে, তাহলে এক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা তাদের অবশ্যই আছে৻ পর্যটনের আকাঙ্খা মানুষের স্বভাবজাত৻ সারা পৃথিবীর সব মানুষের মধ্যেই অন্য দেশকে জানার-চেনার কৌতুহল আছে৻"

মার্টিন ক্রেগ পর্যটনে সাম্প্রতিককালে সবচেয়ে সফল একটি দেশ হিসেবে উল্লেখ করছিলেন থাইল্যান্ডের কথা৻ তাঁর মতে থাইল্যান্ডের আজকের যে সাফল্য, তা তাদের গত বিশ বছরের পরিশ্রমের ফসল৻
আফ্রিকান অ্যাডভেঞ্চার
মেলার এক প্রান্তে আফ্রিকার দেশগুলো স্টল, ঐতিহ্যবাহী নাচ দিয়ে মনোযোগ আকর্ষণের চেষ্টা চলছে উগান্ডার স্টলে৻
পাশেই ইথিওপিয়ার স্টলে টেবিল পেতে বসে আছেন বেসরকারি ট্যুর অপারেটর টুটু হুয়ারবি৻ তিনি বলছিলেন আফ্রিকার সবচেয়ে দারিদ্রপীড়িত একটি দেশে পর্যটকদের আকৃষ্ট করার কাজটা খুবই কঠিন৻
"পর্যটকদের কাছে যখন আপনি বেড়ানোর জায়গা হিসেবে ইথিওপিয়ার কথা বলবেন, প্রথমেই সবাই জানতে চাইবে কতোটা নিরাপদ সেখানে যাওয়া৻ আমার মনে হয় যে নেতিবাচক ভাবমূর্তি সে কারণেই এই প্রশ্ন৻ কিন্তু পরিস্থিতি কিন্তু এখন অনেক বদলে গেছে৻ ইথিওপিয়া এখন এক ভিন্ন দেশ৻ ইথিওপিয়ায় দেখার অনেক কিছু আছে৻ আমাদের সংস্কৃতি, ইতিহাস, অনেক প্রাচীন ৻"
অবরুদ্ধ ফিলিস্তিন

বিশ্ব মানচিত্রে ফিলিস্তিন এখনো একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃত নয়, জাতিসংঘে তারা পূর্ণ সদস্যপদের জন্য আবেদন করেছে মাত্র৻ কিন্তু মেলায় ফিলিস্তিনীদেরও একটি স্টল রয়েছে৻
কথা হচ্ছিল ফিলিস্তিনী কর্তৃপক্ষের পর্যটন মন্ত্রী খলুদ ডাইবুসের সঙ্গে৻ ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে যাদের প্রতিনিয়ত রক্তাক্ত লড়াই চালাতে হচ্ছে, সেখানে পর্যটকদের তারা কি দেখাতে চান ? জানতে চেয়েছিলাম তাঁর কাছে৻
"মনে রাখতে হবে ইতিহাস এবং সংস্কৃতির দিক থেকে ফিলিস্তিন খুবই বৈচিত্রপূর্ণ এক দেশ৻ জেরুসালেম, বেথলেহ্যাম, হেবরন, জেরিকো, এগুলেো তো খুবই প্রাচীন এবং ঐতিহাসিক শহর৻ অনেক তীর্থস্থান এখানে আছে৻ তবে আমাদের যে রাজনৈতিক বাস্তবতা, তাতে কাজটা সহজ নয়৻ কিন্তু আমার মনে হয়, এখানে একটা বিরাট আগ্রহ আছে৻ চাহিদাও আছে৻ আর পর্যটকদের সংখ্যাও বাড়ছে৻"
পর্যটন মন্ত্রী খলুদ ডাইবুস বলছিলেন, এই পর্যটকদের নিয়ে আসতে তাদের অনেক প্রতিকুলতার মোকাবেলা করতে হয়৻ তাদের কোন বিমান বন্দর নেই, ভিসা ইস্যু করার কোন অধিকার নেই৻ এজন্যে নির্ভর করতে হয় তৃতীয় কোন দেশের ওপর৻ পর্যটকদের ফিলিস্তিনী ভূখন্ডে যেতে হয় জর্দান, মিশর বা ইসরায়েল হয়ে৻
ফিলিস্তিনীরা পর্যটনকে তাদের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনের একটা বড় উপায় হিসেবেও দেখছে৻ খলুদ ডা্ইবুসের ভাষায়, ফিলিস্তিনীরা যে শান্তি চান এবং তারা যে এক অন্যায় ও অবৈধ দখলদারিত্বের শিকার, তা লোকজনকে বোঝাতে পর্যটনের চেয়ে ভালো উপায় আর কি হতে পারে৻








