হত্যাকান্ড থামান: সিরিয়াকে সৌদি
সৌদি আরবের বাদশাহ্ আবদুল্লাহ বলেছেন যে, বেসামরিক নাগরিকদের ওপর সিরিয়ার সরকারের সহিংসতা গ্রহনযোগ্য নয়।

ছবির উৎস, no
আল-আরাবিয়া টেলিভিশনে পাঠ করা বাদশাহের এক বিবৃতিতে বলা হয়, দামেস্কে সৌদি রাষ্ট্রদূতকে আলোচনার জন্যে ফিরিয়ে আনা হচ্ছে। বাদশাহ্ বলেন, সিরিয়া সরকারকে সত্যিকারের সংস্কার কার্যক্রম চালাতে হবে, এবং বেশী দেরী হওয়ার আগেই হত্যাকান্ড ঘটানো বন্ধ করতে হবে।
কঠোর বার্তা
আল-আরাবিয়া টেলিভিশনে দেয়া সৌদি বাদশাহর বিবৃতির ভাষা ছিলো খুবই কঠোর।
সৌদি বাদশাহ্ বিবৃতিতে আহ্বান জানান, দেরী হয়ে যাওয়ার আগেই সিরিয়ার ‘কিলিং মেশিন ও রক্তপাত’ বন্ধ করতে বলেছেন।
তিনি আরো বলেন, সিরিয়াতে যা ঘটছে, তা সৌদি আরবের কাছে গ্রহনযোগ্য নয়।
সিরিয়াতে সত্যিকারের সংস্কার কার্যক্রম চালাতে হবে, শুধু প্রতিশ্রুতি দিলে চলবে না।
সিরিয়াকে হয় নিজে থেকেই প্রজ্ঞার পথ বেছে নিতে হবে, নতুবা দেশটি অরাজকতা ও ক্ষতির মুখোমুখি হবে।
এর ঠিক আগে, সিরিয়ার গণজাগরণ শুরুর পর সবচেয়ে কঠোর ভাষায় দেওয়া এক বিবৃতিতে আরব লীগ বিক্ষোভকারীদের ওপর অবিলম্বে শক্তি প্রয়োগ বন্ধ করতে সিরিয়ার সরকারের প্রতি আহবান জানায়।
তারো আগে নিন্দা জানান পোপ এবং দামেস্কে মার্কিন রাষ্ট্রদূত।
সৌদি আরবের নতুন অবস্থান?
তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সৌদি আরবের পরিবর্তিত অবস্থান, কারণ আগে মনে করা হতো আরব বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশটি চলতি অবস্থা বজায় রাখাকে সমর্থন করছে।
আর সৌদি আরবের নতুন অবস্থানের কারণে প্রেসিডেন্ট আসাদের ওপর আন্তর্জাতিক চাপ আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে।








