গ্যালারীর আনন্দ খোলা মাঠে

ছবির উৎস, Focus Bangla
- Author, আনোয়ার হোসেন
- Role, বিবিসি ঢাকা
- Published
মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন না ঢাকার অনেক ক্রিকেট প্রেমীরা৻
কিন্তু তাতে তারা নিরুৎসাহিত হচ্ছেন না৻
ভীড় করছেন নগরীর বিভিন্ন জায়গায় স্থাপন করা জায়ান্ট টিভি স্ক্রিন বা বড় পর্দার সামনে।
এখানে গ্যালারীতে বসে খেলা দেখার আনন্দ পাচ্ছেন তারা।
খেলার প্রতি সাধারণ মানুষের আগ্রহের বিষয়টি মাথায় রেখে ঢাকা সিটি কর্পোরেশেন রাজধানীর ২৫টি স্থানে জায়ান্ট স্কিনে খেলা দেখানোর ব্যবস্থা নিয়েছে।
এগুলোর মধ্যে আছে রাজধানীর পুরান ঢাকার পাকিস্তান মাঠ, কাকরাইলের রাজমনী সিনেমা হল ও ফার্মগেটের মিনি স্ক্রিন৻
আছে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি, আবাহনী ক্রীড়াচক্রের মাঠ, ধানমন্ডি ক্লাব মাঠ, গুলশান লেক, গোড়ান, যাত্রাবাড়ি মাঠে৻

ছবির উৎস, Focus Bangla
ফাইনাল পর্যন্ত প্রায় সবকটি খেলা এসব জায়ান্ট স্কিনে দেখা যাবে।
এছাড়া দেশের প্রতিটি বিভাগে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে।
এসব জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে কেমন লাগছে?
উল্লাস ধ্বনি সাধারণত স্টেডিয়ামের ভেতরে গ্যালারী থেকে আসে।
কিন্তু এখন স্টেডিয়ামের বাইরেও এখন গ্যালারীর পরিবেশ তৈরী করা হচ্ছে।
জায়ান্ট স্কিনের সামনে সমবেত হচ্ছেন হাজার হাজার দর্শক, কাঙ্খিত মূহূর্তে সবাই একসঙ্গে মেতে উঠছেন।
দর্শকদের মধ্যে কেউ কেউ ঢোল, কেউ বাশি বাজিয়ে আনন্দের তালটা ঠিক রাখছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে বিশ্বকাপের খেলা দেখার জন্য পাচটি বড় পর্দা বসানো হয়েছে।
খেলা শুরু হলে এসব পর্দার সামনে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয় বরং সব স্তরের সাধারণ মানুষও দাড়িয়ে পড়ছেন।
এই ব্যবস্থাকে সবাই স্টেডিয়ামের বিকল্প হিসেবে দেখছেন।
ঘরে বসে টেলিভিশনেও খেলা দেখার সুযোগ আছে। তবু অনেককে নিয়ে একসঙ্গে খেলা দেখার আনন্দটাই ভিন্ন।
বড় পর্দায় অনেকের সঙ্গে খেলা দেখবেন বলে মুন্সিগঞ্জ জেলা থেকে ঢাকায় এসেছন রিন্টু।
স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার যাদের সামর্থ নেই অথবা ঘরেও টেলিভিশন নেই তাদের জন্য এই ব্যবস্থা খুব সুবিধা হয়েছে।
সারাদেশে সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন বেসরকারি বানিজ্যিক প্রতিষ্ঠান বড় পর্দার মাধ্যমে খেলা দেখানোর ব্যবস্থা করেছে।
এর মধ্যে ব্যক্তিগত উদ্যোগও আছে। উদ্যোক্তারা বলছেন, স্টেডিয়ামের পরে টিএসসিতেই সবচেয়ে বেশী দর্শক হয়।
বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখতে পেরে দর্শকেরা বেশ খুশি।
হৈ-হুল্লোড় করে সবাই একসঙ্গে আনন্দও প্রকাশ করতে পারছেন আবার বড় পর্দায় পুরোটুকু খেলাও দেখতে পারছেন।
অনেকটা গ্যালারীর মজা।








