খোদা বখস আর নেই

বাংলাদেশে প্রখ্যাত ক্রীড়া ভাষ্যকার খোদা বখস মৃধা মারা গেছেন৻ মঙ্গলবার সকালে রাজশাহীতে তার মৃত্যু হয়৻ তার বয়স হয়েছিলো ৬৫ বছর৻
পরিবারের সূত্রে বলা হয়েছে, গত কয়েকদিন ধরেই তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন৻ আজ সকালে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৻ হাসপাতালের চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন৻
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে তিনি ক্রীড়া ভাষ্যকার হিসেবে কাজ করতে শুরু করেন৻ বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রথমে রাজশাহী বেতার এবং পরে ঢাকায় বাংলাদেশ বেতার ও টেলিভিশনে ক্রীড়া ভাষ্যকার হিসেবে তিনি দীর্ঘ দিন কাজ করেছেন৻
অধ্যাপনা ছিলো তার মূল পেশা৻ বিভিন্ন সরকারি কলেজে তিনি রাষ্ট্রবিজ্ঞানে অধ্যাপনা করেছেন৻
তবে ক্রীড়া ভাষ্যকার হিসেবে, বিশেষ করে আশির দশকে, তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন৻ আরেক ক্রীড়া ভাষ্যকার আবদুল হামিদ মি. মৃধাকে বাংলায় ধারাভাষ্যের ক্ষেত্রে পুরোধা ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছেন৻
‘ খোদা বখস মৃধা ধারা বিবরনীতে চলতি ভাষা ব্যবহার করেছেন এবং তাতেই তিনি জয় করেছেন মানুষের মন,‘ বলেন আবদুল হামিদ৻
একাধারে ফুটবল, ক্রিকেট, হকি এবং ভলিবল খেলাতেও তিনি ধারাভাষ্য দিয়েছেন৻
মৃত্যুর কয়েকদিন আগে পর্যন্ত তিনি মোবাইল টেলিফোনে ধারাভাষ্য দেওয়ার কাজে জড়িত ছিলেন৻
গত বছরের জুলাই মাসে মি. মৃধা বিবিসি বাংলাকে একটি একান্ত সাক্ষাৎকার দিয়েছিলেন যেখানে তিনি ধারাভাষ্যের ওপর একটি প্রশিক্ষণ ইন্সটিটিউট গড়ে তোলার স্বপ্নের কথা জানিয়েছিলেন৻








