বিপ্লবীদের দঙ্গলে

ছবির উৎস, BBC World Service
- Author, শুভজিত বাগচী
- Role, সংবাদদাতা, দিল্লি
- Published
বিবিসি বাংলার হয়ে কাজের সুবাদে গত আট বছর যাবত নানান জায়গায় যেতে হয়েছে আর সাংবাদিকতায় যেমনটা হয়ে থাকে নানান সমস্যাতেও পড়তে হয়েছে৻ কোনও না কোনও নতুন সমস্যার সুবাদে নতুন অভিজ্ঞতা হয়েছে প্রতিবারই৻ কিন্তু ২০১০-এর আগস্ট মাসে যেমন হলো তা গত ১৫-১৬ বছরের সাংবাদিক জীবনে হয়নি৻
আগস্টের এক তারিখে সশস্ত্র কমিউনিস্ট পার্টি – ভারতে যাদের মাওবাদী বা নকশাল বলা হয় – তারা আমায় নিয়ে গিয়েছিলো মধ্য ভারতের ছত্তিশগড় রাজ্যের দক্ষিণ অংশে, অরণ্য-পাহাড়ে ঘেরা তাদের গোপন আস্তানায়৻ ৩৪ দিনের জন্যে৻
মাওবাদীদের সঙ্গে অরণ্য অঞ্চলে ঘোরার ধারাবাহিক প্রতিবেদন – মাওবাদীদের মুক্তাঞ্চলে – হয়তো বিবিসি বাংলায় আপনারা শুনেছেন ২০১০ সালের শেষের দিকে৻ কিন্তু ধারাবাহিকের নেপথ্যের গল্প সেখানে তুলে ধরা যায়নি৻ যেমন, প্রথম বড় সমস্যাটার কথাই বলা যায়নি ধারাবাহিকে৻ নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে কীভাবে প্রবেশ করলাম গেরিলাদের নিয়ন্ত্রিত এলাকায় তা নিয়েই হয়তো আর একটা ধারাবাহিক হতে পারে৻
আমাকে খানিকটা যেন ‘স্মাগল’ করেই মাওবাদীদের মুক্তাঞ্চলে ঢোকানোর ব্যবস্থা করা হয়েছিলো৻ আমার সঙ্গে ছিলেন বছর পঁচিশের স্থানীয় গোণ্ড জনগোষ্ঠীর দু’জন ছেলে, তাঁদের কাজটা ছিলো গাইডের৻ তারিখটা ছিলো ১লা অগাস্ট, ২০১০৻
কিছুটা হেঁটে, কিছুটা গাড়িতে দক্ষিণ ছত্তিশগড়ের মাওবাদী এলাকায় প্রবেশের সময়ে আধাসামরিক বাহিনী দু’বার গাড়ি থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করলো৻ আমরা কারা, কোন অঞ্চলের লোক, কোথায় যাবো ইত্যাদি৻ জিজ্ঞাসাবাদের মিনিট পাঁচেক আমি বসে ছিলাম পিছনের আসনে, মনে হচ্ছিলো শরীরের নিচের অংশটা অসাড় হয়ে যাবে৻ পায়ের দিক থেকে রক্ত মাথার দিকে উঠে আসছে৻ আমাদের উদ্দেশ্য জানতে পারলে নিরাপত্তাকর্মীরা আমাদের আটকাবেই৻ আর আমাকে ছেড়ে দিলেও, নি:সন্দেহে এই দুই গোন্ডি ভাষাগোষ্ঠীর মানুষকে তারা গ্রেফতার করবেই, হয়তো মারধরও করবে৻ আমার সেই মুহুর্তে মনে হচ্ছিলো ভিতরে ঢোকার ঝুঁকিটা না নিলেই হয়তো ভালো হতো৻

দুই আদিবাসী যুবকের সঙ্গে দীর্ঘ যাত্রা অবশ্য একটা সময়ে শেষ হলো, আমাকে তাঁরা তুলে দিলেন মাওবাদীদের সেনাবাহিনী পিপলস লিবারেশন গেরিলা আর্মির (পিএলজিএ) হাতে৻ অপহৃত হিসাবে নয় সাংবাদিক হিসাবে৻
মাওবাদীদের শিবিরে থাকার সময়ে আরও একটা বিপদ হয়েছিলো আমার, যার কথাও বলা হয়নি বাংলা বিভাগের ধারাবাহিকে৻ না, অর্তকিতে কোনও পুলিশের হামলা নয়৻ বস্তুত, আমি কোনও পুলিশ ক্যাম্পই দেখিনি ৩৪ দিনে৻ আক্রমণটা এসেছিলো মশাদের কাছ থেকে৻ জঙ্গলে প্রবেশের পরে ঠিক একুশ দিনের মাথায় আমার জ্বর আসে৻ রক্ত পরীক্ষা করানোর কোনও উপায় ছিলো না৻
“একদিন অন্তর জ্বর আসা মানেই হলো ম্যালেরিয়া,” বললেন দক্ষিণ ছত্তিশগড়ে মাওবাদী পার্টির উত্তর আঞ্চলিক কমিটির সচিব পাণ্ডু বা বিজ্জে৻ তারপরে তিনিই আমায় দিলেন, রেজিজ বলে একটি ওষুধ৻ বিপজ্জনক গোত্রের ম্যালেরিয়া যা সরাসরি মাথায় ভিতরে আঘাত করে আর যে ম্যালেরিয়ার জন্ম দেয় ‘প্ল্যাসমোডিয়াম ভাইভ্যাক্স’ ঘরানার প্যারাসাইট, তার বিরুদ্ধেই লড়াই করে রেজিজ৻ ফলে রেজিজ এটা নিশ্চিত করে রোগীর যাতে মৃত্যু না হয়৻
কিন্তু রেজিজের সমস্যা অন্য জায়গায়৻ রেজিজ দেহের জলকে দ্রুত ঘামে পরিণত করে৻ এতোটাই দ্রুত সেটা ঘটতে থাকে যে রোগী ‘ডিহাইড্রেটেড’ হয়ে পড়ে৻ সে অবসন্ন হয়ে পড়ে, তাঁর হাঁটার ক্ষমতা চলে যায়, সে খালি চেষ্টা করে কোথাও ঘুমিয়ে নেওয়ার৻ ঠিক এই রকম অবস্থাই হয়েছিলো আমার৻ আর এটা হয়েছিলো এমন একটা সময়ে যখন দক্ষিণ ছত্তিশগড়ের উপরের অংশ থেকে ইন্দ্রাবতী নদী পেরিয়ে নিচের অংশে আমায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন মাওবাদীরা৻
সেই যাত্রা স্থগিত হয়ে গেলো৻ মাওবাদীদের একটি প্ল্যাটুন রওনা হয়ে গেলো ইন্দ্রাবতীর দিকে আর আমায় রাখা হলো একটি শিবিরে, অপর এক প্ল্যাটুনের তত্ত্বাবধানে৻ এরপরে দিনচারেক ওই শিবিরে শুয়ে রইলাম, প্লাস্টিকের একটি চাদরের উপরে৻ মাথার উপরে গাছের সঙ্গে চার কোণ বাঁধা আর একটি প্লাস্টিকের চাদর, আমার ছাদ৻ আর তার উপরে, গোটা শিবির ঘিরে অবিশ্রান্ত বৃষ্টি৻ ছত্তিশগড়ে আমি গিয়েছিলাম ভরা বর্ষায়৻ ফলে একটা অদ্ভূত সুন্দর জঙ্গলকে আমি দেখেছিলাম৻ ম্যালেরিয়ার অবসাদকে খানিকটা প্রশমিত করেছিলো বন্য বৃষ্টি, বিশেষ করে দিনের বেলায়৻

আর তেমনই যন্ত্রণাদায়ক ছিলো রাত৻ চারদিক খোলা টেন্টের মাথার উপর শুধু বৃষ্টি, তার চারদিক ঘিরেও শুধু জল আর জল৻ আর রয়েছে অন্ধকার – এমন সে আঁধার নিজের হাতও দেখা যায় না ভালো করে৻ আর এর মধ্যে আমি শুয়ে রয়েছি প্লাস্টিকের চাদরের শিবিরে৻ আমার চারদিকে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে রয়েছেন মাওবাদীরা, গ্রেনেড আর এ কে ৪৭ মাথার নিচে রেখে৻ কেউ নাক ডাকছেন আর কেউ বা মনোযোগ দিয়ে বিবিসি-র খবর রেডিওতে ধরার চেষ্টা করছেন৻ এদেরই প্রধানমন্ত্রী ভারতের ‘অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যে সবচেয়ে বড় হুমকি’ বলে চিহ্নিত করেছেন ভেবে আমার বেশ মজাই লাগতো৻ আর আমি স্লিপিং ব্যাগের ভিতরে ঢুকেও কাঁপছি, বিষধর মশার কামড়ের ফলে৻
এর মধ্যে মাঝে মাঝে আবার প্লাস্টিকের ছাদ ফুটো হয়ে তোড়ে জল ঢুকতো অস্থায়ী বাসস্থানে৻ সেই সময় জিনিষপত্র নিয়ে কাঁপতে কাঁপতে ছাতা মাথায় শিবিরের বাইরে দাড়িয়ে মাওবাদীদের আলোচনা শুনতাম : “নদীর জল বাড়ছে, আজ রাতেই অন্য কোথাও চলে যাওয়া ভালো৻” এই অবস্থায় একটাই চিন্তা আমার মাথায় ঘুরতো৻ ‘মাওবাদীদের জীবনযাপনের কোনও ভদ্রস্থ উপায় থাকলে কি ছেলেমেয়েরা বিপ্লবের এই জীবন বেছে নিতেন ?’
এই সময়েই এক দিন পার্টির নেতৃত্ব আমায় বললেন, আমি ক্রমশ দুর্বল হয়ে পড়ছি, আমার আর থাকার চেষ্টা করাটা উচিত নয়৻ কোনও সময়ে আধাসামরিক বাহিনী এসে পড়লে সমস্যা হবে৻ আমি দৌড়তে পারবো না হয়তো – বিপদ বাড়বে সবারই৻
আত্নবিশ্বাসটা কমছিলো ফলে পরামর্শ আর অগ্রাহ্য করতে পারলাম না৻ শেষ হলো ৩৪ দিনের সংগ্রাম৻ আর কীভাবে বেরোলাম মাওবাদী-নিয়ন্ত্রিত অরণ্য আর পাহাড়ে ঘেরা আস্তানা থেকে সেটা আর একটা গল্প৻ সেটা না হয় বলা যাবে আর এক সময়ে, অন্য কোনও দিন৻








