বিবিসির বাংলা সংবাদ: একটি ইতিবৃত্ত

- Author, সিরাজুর রহমান
- Role, উপপ্রধান, বিবিসি বাংলা ১৯৬০-১৯৯৪
- Published
আমি বিবিসিতে যোগ দিই ১৯৬০ সালের জানুয়ারির একেবারে গোড়ায়৷ তখন বিবিসিতে দুটো বাংলা অনুষ্ঠান ছিলো৻ একটি পূর্ব পাকিস্তানের শ্রোতাদের জন্যে, অন্যটি পশ্চিমবঙ্গের শ্রোতাদের জন্যে৷ বিবিসির বাংলা অনুষ্ঠান সর্বপ্রথম প্রচারিত হয় ১৯৪১ সালের ১১ই অক্টোবর৷ ঔপন্যাসিক জর্জ অরওয়েল একটি লন্ডনের চিঠি লিখতেন৷ অক্সফোর্ড থেকে একজন স্কুল শিক্ষক এসে সে চিঠি বাংলায় অনুবাদ করে প্রচার করতেন৷
১৯৪৪ সালের ২৩শে জানুয়ারি থেকে সপ্তাহে একটির বদলে দুটি বাংলা অনুষ্ঠান শুরু হয়৷ সে অনুষ্ঠানগুলি প্রচারের জন্যে ভারতবর্ষ থেকে রেখা আলী (পরবর্তী কালে রেখা মেনন) এবং কমল বোস লন্ডনে আসেন৷ তাঁরা ১৯৪৪ সালের ৩১শে ডিসেম্বর থেকে সপ্তাহে দুটি ১৫ মিনিটের পরিবর্তে একটি ৩০ মিনিটের অনুষ্ঠান চালু করেন৷ বিচিত্রা নামের এ অনুষ্ঠান প্রচারিত হতো প্রতি শনিবার৷
পাকিস্তান সৃষ্টির পর ১৯৪৯ সালের ৩০শে অক্টোবর পূর্ব পাকিস্তানের শ্রোতাদের জন্যে সপ্তাহে ৩০ মিনিটের আরো একটি বাংলা অনুষ্ঠান শুরু হয়৷ এ অনুষ্ঠানের প্রথম প্রযোজক ছিলেন নাজির আহমদ৷ তিনি অনুষ্ঠানটির নাম দেন আঞ্জুমান৷ এ অনুষ্ঠান তখন প্রচারিত হতো প্রতি বুধবার৷ বিচিত্রা আর আঞ্জুমান ছাড়াও তৃতীয় একটি আধ ঘন্টার বাংলা অনুষ্ঠান সংযুক্ত হয় ১৯৫৮ সালের ২৯ ডিসেম্বর৷ এ অনুষ্ঠান প্রচারিত হতো প্রতি সোমবার৷ অনুষ্ঠানের প্রথম ১৫ মিনিট পূর্ব পাকিস্তানের শ্রোতাদের জন্যে আর শেষ ১৫ মিনিট পশ্চিমবঙ্গের শ্রোতাদের জন্যে নির্ধারিত হয়৷
সপ্তাহে তিনদিন অনুষ্ঠানে সংবাদ প্রচার সুবিধাজনক বিবেচিত হয়নি৷ ওপর-ওয়ালাদের দিক থেকে প্রায়ই এ প্রসঙ্গ তোলা হতো৷ কিন্তু আমার বক্তব্য ছিলো যে প্রতিদিন নির্ধারিত সময়ে প্রচারিত না হলে খবর প্রচার অর্থহীন হবে, কেন না কেউ ডায়েরিতে লিখে রেখে বিবিসির অনুষ্ঠান শুনবেন না৷ কর্তৃপক্ষের বক্তব্য ছিল যে দুই বাংলার জন্যে পৃথক পৃথক দৈনিক সম্প্রচার সম্ভব নয়৷ উভয় দেশের শ্রোতারা যদি এক এবং অভিন্ন সংবাদ বুলেটিন শুনতে রাজি হন তাহলে কোনমতে দৈনিক সংবাদ প্রচার সম্ভব হতে পারে৷ এখানে মনে রাখতে হবে যে দুই দেশের সম্পর্ক তখন স্বাভাবিক কিংবা বন্ধুত্বপূর্ণ ছিল না৷

তৎকালীন পাকিস্তান সরকার মনে করতো পূর্ব পাকিস্তানের ভাষা আর পশ্চিমবঙ্গের ভাষার মধ্যে দূরত্ব সৃষ্টি করা না হলে পূর্ব পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদ উৎসাহ পাবে৷ আমার পূববর্তী দুই প্রযোজক নাজির আহমদ ও সালাহউদ্দিন আহমেদ পাকিস্তান সরকারের কর্মচারী ছিলেন এবং সেকন্ডমেন্টে বিবিসিতে এসেছিলেন, সুতরাং দুই বাংলার জন্যে একীভূত অনুষ্ঠান প্রচার সমর্থন করা তাঁদের পক্ষে সম্ভব ছিল না ৷
আমরা সংবাদ প্রচার করতাম না বলে নিউজ রুম বা বার্তা বিভাগের সঙ্গে সেকালে আমাদের আনুষ্ঠানিক যোগাযোগ ছিল না৷ তাছাড়া আরো কিছু বিষয় মনে রাখতে হবে৷ বুশ হাউস নামে একই বাড়ি হলেও মোট পাঁচটি নয়তলা অট্টালিকা নিয়ে ছিল বুশ হাউস৷ আমাদের আপিস ছিল কেন্দ্রীয় বাড়ীটির (সেন্ট্রাল ব্লক) পাঁচ তলায় আর নিউজ রুম ছিল দক্ষিণপূর্ব ভবনের (সাউথ-ইস্ট উইং) তিনতলায়৷
তখন সেটাকে পৃথিবীর এমাথা-ওমাথা বলা যেত, কেননা কিছু বর্ণ-বিদ্বেষ তখনো অবশিষ্ট ছিলো এদেশে ৷ নিউজ রুমের সাংবাদিকরা (নিউজ এডিটার, সাব-এডিটার প্রভৃতি) সকলেই শ্বেতাঙ্গ এবং প্রায় সকলেই ছিলেন পুরুষ৷ আমাদের অশ্বেতাঙ্গদের তাঁরা সমগোত্রীয় বিবেচনা করতেন না৷ তাছাড়া উপনিবেশবাদের সূর্য তখন সবে অস্ত যাচ্ছে৷ তার ছায়ায় লালিত বিবিসির অনেক সাংবাদিক তখনো ঔপনিবেশিক মানসিকতা ত্যাগ করতে পারেননি৷
তবে ব্যতিক্রমও ছিলো৷ যে সব সংবাদদাতা (প্রায় সকলেই তখন ছিলেন শ্বেতাঙ্গ ব্রিটিশ) বিদেশে নিযুক্ত হতেন অথবা ঘন ঘন যেতেন সেসব দেশের লোকেদের সঙ্গে তাঁদের উষ্ণ সম্পর্ক গড়ে উঠতো৷ লন্ডনে ফিরে তাঁরা বিবিসির ক্লাব কিংবা রেস্তোরাঁয় আমাদের সঙ্গে সামাজিকভাবে মেলামেশা করতেন৷ আর ছিলেন কয়েকজন সংবাদ ঘোষক৷ এঁরা ক্লাবে-রেস্তোরাঁয় আমাদের সঙ্গে বসতেন, বিদেশের সঙ্গে যোগাযোগের কারণে তাঁরা বৈষম্যমুক্ত হতে পেরেছিলেন৷ একজন ছিলেন পিটার বন্ড৷ তাঁর ও তাঁর স্ত্রী স্টুডিও ম্যানেজার হেদার বন্ড আমাদের পরিবারের ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়েছিলেন৷

আমি যখন বিবিসিতে আসি তখন পশ্চিমবাংলা অনুষ্ঠান পরিচালনা করতেন সুখেন্দু সিনহা৷ কিছুদিন পর তিনি অল ইন্ডিয়া রেডিওতে ফিরে যান৷ তাঁর স্থলাভিষিক্ত হয়ে আসেন বিনয় রায়৷ তিনি ভারত সরকারের চাকুরি করতেন না, পাটনার একটি ইংরেজি দৈনিকের সম্পাদক ছিলেন৷ আমার মতো প্রতিযোগিতার ভেতর দিয়ে বিবিসিতে চাকুরি পেয়েছিলেন৷ বিনয় রায়ের সঙ্গে আমার ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্ক ভালো ছিল৷ বিভিন্ন অনুষ্ঠানের ব্যাপারে আমরা পরস্পরকে সাহায্য করতাম৷ আমরা একমত হয়েছিলাম যে সতর্কতা অবলম্বন করা হলে দুই দেশের অবন্ধুসুলভ সম্পর্ক সত্বেও উভয় বাংলার শ্রোতাদের গ্রহণযোগ্য করে একটা দৈনিক বাংলা সংবাদ বুলেটিন প্রচার করা সম্ভব৷
বিবিসি থেকে নিয়মিত বাংলা অনুষ্ঠান প্রচারের জন্যে অনেকখানি দায়ী ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ৷ সে বছর আমি টমসন ফাউন্ডেশনের ফেলোশিপ পেয়ে টমসন টেলিভিশন কলেজ থেকে ডিপ্লোমা নিয়েছি৷ পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন আর একটি তেল কোম্পানি প্রায় একই সময় চাকুরির অফার দেয়৷ ঢাকা চলে গেলাম সম্ভাবনা যাচাই করতে৷
আর তখুনি ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয়৷ নভেম্বর মাসে বিবিসি প্রাচ্য বিভাগের উপাধ্যক্ষ ডেভিড স্ট্রাইডের চিঠি পেলাম৷ তিনি লিখেছেন যুদ্ধের সময় ভারত কিংবা পাকিস্তানের মানুষ নিজেদের দেশের রেডিওর খবর বিশ্বাস করতেন না, সম্ভব হলেই তাঁরা বিবিসির অনুষ্ঠান শুনতেন৷ আমার ও বিনয় রায়ের বক্তব্য অনুযায়ী অভিন্ন বাংলা সংবাদ প্রচারের সম্ভাবনা যাচাই করতে তিনি ঢাকা আসছেন৷ আমি যেন পত্রিকা সম্পাদক ও বেতার -টেলিভিশনের স্থানীয় পরিচালকদের সঙ্গে আলোচনা করে রাখি৷
ব্রিটিশ ডেপুটি হাইকমিশনের প্রেস কাউন্সেলার রয় উলস্টেনহোমের বাড়ীতে ইত্তেফাক সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া, পাকিস্তান অবজারভার সম্পাদক আব্দুস সালাম, মর্নিং নিউজ সম্পাদক এস জি এম বদরুদ্দিন আহমেদ আর দৈনিক আজাদের সম্পাদক শাহাদাত হোসেন এবং রেডিও পাকিস্তানের অঞ্চলিক পরিচালক সৈয়দ জিল্লুর রহমান আর পাকিস্তান টেলিভিশনের আঞ্চলিক পরিচালক এ এফ এম কলিমুল্লা ফাহমিকে ডিনারে নিমন্ত্রণ করা হলো৷ তাঁদের সঙ্গে আলোচনার পর স্থির হলো কতগুলো স্পর্শকাতর (যেমন জল ও পানি, ভগবান ও আল্লাহ) শব্দ ব্যবহার সম্বন্ধে সতর্ক হলে একটি অভিন্ন সংবাদ বুলেটিন সম্বন্ধে পূর্ব পাকিস্তানে বিশেষ আপত্তি হবেনা ৷ ডেভিড স্ট্রাইড সে রাতেই লন্ডনে টেলিফোন করে সে খবর জানালেন৷ তাঁর লন্ডন ফিরে যাবার আগেই ভোর বেলার (গ্রীনিচ মান সময় রাত সাড়ে বারোটায়) ১৫ মিনিটের নতুন একটা দৈনিক বাংলা অনুষ্ঠান শুরু হয়৷ এতে থাকতো ১০ মিনিটের সংবাদ এবং পাঁচ মিনিটের সংবাদ ভাষ্য৷
বিবিসি থেকে আমরা বিভিন্ন সময় পরিস্থিতির চাহিদা অনুযায়ী অনিয়মিত ভাবেও সংবাদ প্রচার করেছি৷ দৃষ্টান্ত স্বরূপ ১৯৬৬ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান ১০ দিনের রাষ্ট্রীয সফরে ব্রিটেনে আসেন৷ তাঁর সফরের সংবাদ পরিবেশনকারী সংবাদদাতাদের মধ্যে আমিও ছিলাম৷ আইয়ুব খান যেখানে যেখানে গেছেন অস্থায়ী স্টুডিও থেকে বুশ হাউসের মাধ্যমে তাঁর সেদিনের কর্মকান্ডের খবর আমি পূর্ব পাকিস্তানের শ্রোতাদের জন্যে পরিবেশন করেছি৷
১৯৭০ সালে পূর্ব পাকিস্তানের ঘূর্ণি প্রলয়ের সময় বর্ধিত আকারে সংবাদ প্রচার করেছি আমরা ৷ পূর্ব পাকিস্তানের স্বাধীনতার যুদ্ধ এবং প্রথম উপসাগরীয় যুদ্ধ উপলক্ষে অতিরিক্ত অনুষ্ঠান এবং বর্ধিত সংবাদ বুলেটিন প্রচার করা হয়েছে৷
বিবিসির দুটি পৃথক বাংলা অনুষ্ঠানের পূর্ণ একীকরণ হয় ১৯৬৯ সালের ১লা জুন৷ সংবাদ বুলেটিন ছাড়াও প্রবাহ অনুষ্ঠান শুরু হয় সেদিন থেকে৷ কিন্তু তখনো বার্তা বিভাগের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ কিম্বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেনি৷ কিছুটা বর্ণবৈষম্যের ব্যাপার ছিলই৷ তাছাড়া নিউজ রুমে যেভাবে কাজ হতো সেটাও ঘনিষ্ঠতার অনুকূল ছিল৷ রাতের বেলায় আমরা নিউজ রুমে বসেই খবর অনুবাদ করতাম, তারপর স্টুডিওতে গিয়ে খবর পড়তাম৷
সাব-এডিটাররা খবরগুলো লিখতেন, কয়েকজন টাইপিস্ট সেসব খবর স্টেনসিলে টাইপ করে ছেপে আনতেন৷ একঝাঁক নারী সহকারী খবরগুলো আমাদের টেবিলে দিয়ে যেতেন৷ অর্থাৎ সম্পাদকদের সঙ্গে আমাদের একটা বাস্তব দুস্তরতাও ছিলো৷ দিনের বেলা নারী (এবং পুরুষ) সহকারীরা স্টেনসিল করা খবরগুলো লিফটের কাছে বড়ো একটা ফাঁকা জায়গায় বিভিন্ন ভাষা বিভাগের ট্রেতে রেখে যেতেন৷ কয়েক মিনিট পরে পরে আমরা গিয়ে সেখান থেকে খবরগুলো এনে অনুবাদ করতাম৷ খবরের শিরোনাম এবং রানিং অর্ডারও (কোন খবর আগে আর কোন খবর পরে যাবে, ইত্যাদি) আমরা পেতাম একই ভাবে৷
অর্থাৎ সম্পাদকদের সঙ্গে আমাদের প্রত্যক্ষ আদান-প্রদানের সুযোগ কম ছিল৷ তা সত্বেও ব্যক্তিগত আগ্রহ থেকে আমরা যেচে গিয়েও কারো সঙ্গে আলাপ করতাম৷ এমন একজন ছিলেন ইয়ান কাথবার্টন৷ ব্রিজ খেলায় তাঁর সুনাম ছিলো দুনিয়াজোড়া৷ ব্রিজ খেলা বিষয়ে তাঁর লেখা বই খুবই সমাদৃত ছিলো৷ আর একজন, নাম এখন আর মনে নেই৷ ছয় ফুট চার ইঞ্চি লম্বা স্কটিশ হাইল্যান্ডের লোক৷ কোল্ড স্ট্রিম গার্ড বাহিনীতে তিনি ক্যাপ্টেন ছিলেন এবং কিছুকাল ভারতবর্ষে নিয়োজিত ছিলেন৷ নিজ রেজিমেন্টের নাম ভাঙ্গা ভাঙ্গা হিন্দিতে অনুবাদ করে বলতেন ঠান্ডা পানি চৌকিদার৷ নানা রকম গল্প করে হাসাতেন৷ আমার ঘনিষ্ঠতা ছিলো মাইক স্টেডের সঙ্গে৷ বিশ্ব পরিস্থিতিতে তাঁর দখল ছিল অনন্যসাধারণ৷
আশির দশকে কম্পিউটার এলো বিবিসিতে৻ যে ডজন ডজন সহকারী স্টেনসিল করা খবরগুলো আমাদের কাছে পৌঁছে দিতেন তাঁরা চাকুরি হারিয়ে অদৃশ্য হয়ে গেলেন৷ কম্পিউটার থেকেই আমরা খবরগুলো বের করে নিতাম৷ সে ব্যবস্থার নাম দেওয়া হয়েছিলো ইলেক্ট্রনিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, সংক্ষেপে ইডিএস৷ ধীরে ধীরে কোন্ খবর ব্যবহার করবো, খবরের ক্রম কিভাবে বিন্যাস করা হবে ইত্যাদি ব্যাপারেও আমাদের কিছু কিছু স্বাধীনতা দেওয়া হলো৷
আমি বিবিসি থেকে অবসর নেই ১৯৯৪ সালের ১ ফেব্রুয়ারি৷ তারপর থেকে নিউজ রুমের কাজ-কারবারে আরো পরিবর্তন হয়েছে৷ কোন কোন সংবাদ প্রচারিত হবে অনুষ্ঠান বিভাগ সেটা নির্বাচনের অধিকার পেল৷ নিউজ রুমে এখন আর বর্ণবৈষম্য নেই৷ আমাদের বাংলা বিভাগ থেকেও কয়েকজন নিউজরুমে প্রডিউসার হয়েছেন বলে শুনেছি৷








