বিবিসিতে খেলাধুলোর খবর

- Author, দীপংকর ঘোষ
- Role, ঊর্ধ্বতন প্রযোজক, বিবিসি বাংলা
- Published
বেশ কিছু বিদগ্ধজন প্রশ্ন করেছিলেন যে বাংলায় খেলাধুলোর একটা লম্বা অনুষ্ঠান বিদেশ থেকে প্রচার করার উদ্দেশ্য কী? স্বদেশের শ্রোতা অনেকেই তো আগে থেকে ফলাফল জেনে যান। কথাটার মধ্যে কিছুটা গভীরতার অভাব ছিল। এ সম্পর্কে আমার নিজের এবং বিবিসি কর্তৃপক্ষের দৃষ্টিভঙ্গীর কথা তুলে ধরার আগে দুএকটি ছোট উদাহরণ দেওয়া যাক্।
১৯৭২ সালে মাঠে ময়দানে অনুষ্ঠানের জন্য প্রতি শনিবার ইংরেজিতে লেখা ১০ মিনিটের একটা স্ক্রিপ্ট তৈরি করতেন হিন্দি-বাংলা অনুষ্ঠানের ভারপ্রাপ্ত ব্যক্তিত্ব, অনুষ্ঠান সংগঠক এভান চার্লটন। হয়তো কারো কারো মনে থাকতে পারে যে এভান চার্লটন দিল্লি ও কলকাতার খ্যাতনামা ইংরেজি সংবাদপত্র দ্য স্টেটসম্যানের শেষ ব্রিটিশ সম্পাদক ছিলেন। পত্রিকাটি থেকে অবসর নেওয়ার পর এভান চার্লটন বুশ হাউসে বিবিসি বেতার বিভাগে যোগ দিয়েছিলেন।
নুরুল ইসলাম সর্বপ্রথম মাঠে ময়দানে অনুষ্ঠানটি উপস্থাপনা করতে শুরু করেন স্ক্রিপ্টের বাংলা অনুবাদ দিয়ে। ১৯৭৩ সালের গোড়াতে মাঠে ময়দানে অনুষ্ঠানটি পরিবেশন করার দায়িত্ব দেওয়া হয় এই লেখককে। তখন থেকে নুরুল ইসলাম ‘কাকলি’ নামে ছোটদের একটি বিশেষ অনুষ্ঠান প্রচারের ভার নেন। ১৯৭৩ সালের শুরুতে এভান চার্লটন শুধু হিন্দি বিভাগের দায়িত্ব গ্রহণের পর উপমহাদেশ সম্পর্কে অভিজ্ঞ জন ক্ল্যাপহ্যাম বাংলা বিভাগের দায়িত্ব নিলেন। তিনিও প্রতি শুক্রবার সন্ধ্যায় কিংবা বেশিরভাগ সময় ছুটির দিনে সকালে এসে ইংরেজিতে আট থেকে ১০ মিনিটের খেলাধুলার একটি স্ক্রিপ্ট তৈরি করে আমায় দিতেন অনুবাদ করে প্রচার করার জন্য। লক্ষ্যণীয় বিষয় ছিল চার্লটন এবং ক্ল্যাপহ্যাম উভয়েই ব্রিটেনের খেলাধুলো তথা ব্রিটিশ খেলোয়াড়দের সার্বিক সাফল্য কিংবা ইউরোপীয় প্রতিযোগিতাগুলোর প্রতি অধিকাংশ সময় দৃষ্টি দিতেন। এই আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিই খেলাধুলোর অনুষ্ঠানের সাফল্যের অন্যতম দিক হয়ে উঠেছিল।

গত এক দশক কিংবা তারও বেশ কিছুটা আগে থেকে উপমহাদেশের খেলার পাতাগুলোতে বিশেষত ফুটবল, ক্রিকেট, টেনিস, হকি এবং ট্র্যাক ইভেন্টের যে বিশাল বিশাল ছবি এবং খেলার বিস্তৃত বিবরণ ছাপা শুরু হয়েছিল তার মূলে ছিল বাইরের জগত সম্পর্কে ভারত বাংলাদেশের তরুণ প্রজন্মের ঔৎসুক্য। বাইরে দেখার জানালাটা যত বেশি করে খুলছিল এদের আগ্রহ যাচ্ছিল সমানভাবে বেড়ে।
বাংলাদেশ ক্রিকেট টিম ‘টেস্ট প্লেয়িং’ যোগ্যতা লাভের আগে ইংল্যান্ড সফরকারী টিমের দৈনন্দিন খেলার বিবরণ দেওয়ার জন্য বেশ কয়েকশ’ চিঠি এসেছিল। বলতে গেলে মাঠে ময়দানের মত খেলাধুলোর অনুষ্ঠান উপমহাদেশে বরাবরই বড়ধরনের বিনোদন। সে ভারতেই হোক আর বাংলাদেশেই হোক।
যে সময়টার কথা বলছি তখন বেতার, টেলিভিশনে সমুদ্র স্রোতের মত বহুল বিনোদন প্রবাহ সৃষ্টি হয়নি। সত্তর দশকের গোড়ায়, বাংলাদেশ পশ্চিমবঙ্গে তখন টেলিভিশনের সূচনাও হয়নি। পশ্চিমবঙ্গে সাদা –কালো টেলিভিশনের সূত্রপাত ১৯৭৫ সালে, আর রঙিন টেলিভিশনের শুরু ১৯৮২ সালের শেষে এশিয়াডের সময়।
১৯৪৭ সাল থেকে সত্তর দশকের শেষ পর্যন্ত রেডিওই ছিল তথ্যভিত্তিক বিনোদনের প্রধান সূত্র। সুরজিৎ সেন, ব্যারি সর্বাধিকারী, শরদিন্দু সানিয়াল এঁরা তখন রেডিওতে খেলার ধারাবিবরণী দেওয়ার দরুণ (যদিও বেশির ভাগ ইংরেজিতে সম্প্রচারিত) প্রায় প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব হয়ে দাঁড়িয়েছিলেন। পরম্পরা বরাবর বেতারে খেলাধুলোর পর্যালোচনা, খেলার ফলাফল, মাঠ থেকে বা ইন্ডোর স্টেডিয়াম থেকে সরাসরি ধারাবিবরণ শিশু, কিশোর-কিশোরী, যুবক, বৃদ্ধ প্রত্যেককেই সমানভাবে আকর্ষণ করত।
১৯৫০-এর দশকে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে খেলাধুলোর আদান-প্রদান ও প্রতিযোগিতা বৃদ্ধির সাথে সাথে মানুষের আগ্রহ আরও বাড়তে থাকে। মনে পড়ে ১৯৫২ সালে ভারতীয় ক্রিকেট দলের ইংল্যান্ড সফরের সময় ফ্রেড ট্রুম্যান, সেসময়কার সবচেয়ে দ্রুততম বোলার ভারতের খেলোয়াড়দের যখন একের পর এক ধরাশায়ী করছিলেন, লোকে লাউডস্পিকারের মাধ্যমে গভীর রাতে সরাসরি বিবরণী শুনে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করছিল। ফ্রেড ট্রুম্যানকে বাহবা দিচ্ছিলেন কিংবা ভিন্নু মানকাড়ের মাটি কামড়ানো ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ হচ্ছিলেন। এসবই কিন্তু কানে শোনা শব্দবিবরণকে অনুসরণ করে চলছিল। সবচেয়ে বড় কথা হল পঞ্চাশ, ষাট বা সত্তরের দশকে উপমহাদেশে বাইরের জগতের খেলাধুলো সম্পর্কে অদ্ভুত একটা মাদকতা ও আকর্ষণ সৃষ্টি হয়েছিল যা দিনে দিনে বেড়েই চলেছিল।
১৯৭১ সালে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবার পর, সম্প্রচার সময় বৃদ্ধি পাওয়ার পর বাংলায় নতুন নতুন ম্যাগাজিন অনুষ্ঠান সংযুক্ত হতে শুরু করে। একটা বড় সময় ধরে মূল সংবাদ ছাড়াও পুরোপুরি খেলার অনুষ্ঠান নিয়ে আলাদা কোনও অনুষ্ঠান করার চাহিদাও প্রবলভাবে বাড়তে থাকে। বর্হিবিশ্ব থেকে বেতারে বাংলায় আন্তর্জাতিক খেলাধুলোর আসর, বিবিসি থেকে প্রচারিত ‘মাঠে ময়দানে’ সেদিক থেকে এধরনের সর্বপ্রথম অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলি উপমহাদেশের তরুণমনে বিশেষভাবে প্রভাব বিস্তার করেছিল। উদাহরণস্বরূপ বলা যায়, মাঠে ময়দানে প্রচার হবার আগে থেকেই শ্রোতারা শনিবারগুলো সন্ধ্যাবেলায় বিশ্বসংবাদ ও পাঁচ মিনিটের রাজনৈতিক পর্যালোচনা বাধ্য হয়েই শুনতেন। এসব কথা বিবিসিতে লেখা শ্রোতাদের চিঠি ও শ্রোতা মন্তব্যের গবেষণা ও বিশ্লেষণে বারবার ফুটে উঠত।
বিবিসির অভ্যন্তরীণ খেলাধুলোর টেলিভিশন সম্প্রচারের পরিচায়ক হুইসেলের শব্দ শর্টওয়েভ বেতার তরঙ্গে ভেসে এলে শ্রোতাদের মধ্যে একটা ভাব দেখা যেত যে ‘এবার জমবে আসর’। ‘শুরু হচ্ছে খেলাধুলোর আসর মাঠে ময়দানে’। বাংলায় খেলাধুলোর ম্যাগাজিন অনুষ্ঠানের ক্ষেত্রে সম্ভবত এটাই প্রথম আন্তর্জাতিক প্রচেষ্টা। আজ উপমহাদেশের সংবাদ মাধ্যমগুলোতে বিপুল হারে যে আন্তর্জাতিক খেলাধুলোর বিচিত্র সম্ভার তুলে ধরা হচ্ছে, তার জমি তৈরি হতে শুরু করে বেতার মাধ্যমের সাহায্যেই।
১৯৭৫ সালের মাঝামাঝি সময় থেকে জন ক্ল্যাপহ্যাম, এভান চার্লটনরা মাঠে ময়দানে অনুষ্ঠানের জন্য স্ক্রিপ্ট লেখা বন্ধ করে প্রতি শনিবার ১৫ থেকে ১৮ মিনিটের একটি পূর্ণাঙ্গ খেলাধুলোর মূল অনুষ্ঠান প্রযোজনার ভার দেন এই লেখককে। সেসময়ের উল্লেখযোগ্য বিষয় ছিল ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়ার নানা প্রতিযোগিতার সাথে উপমহাদেশের প্রায় সবকটি প্রধান প্রধান খেলাধুলোর খবর ও বিশ্লেষণ অনুষ্ঠানের সংযোজন।
কলকাতার বিখ্যাত মহামেডান স্পোর্টিং ক্লাবের এককালের পেশাদার ফুটবলার শাহজাহান, যিনি তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে মহামেডানে খেলতে গিয়েছিলেন, তিনি গোড়াতে মাঠে ময়দানে অনুষ্ঠানকে জনপ্রিয় করে তুলতে বিশেষভাবে সাহায্য করেন। তেমনি ছিলেন ভারতের টেনিস জগতের সুপরিচিত খেলোয়াড়রা – যেমন, নরেশ কুমার, দিলীপ বোস এবং জয়দীপ মুখার্জ্জী প্রমুখ। দক্ষিণ লন্ডনের ‘সারে’ ক্রিকেট টিমের অন্যতম অলরাউন্ডার এবং পরে পাকিস্তানের জাতীয় কোচ বব উলমার মাঠে ময়দানে অনুষ্ঠানে ‘স্পিন বোলিং’ রপ্ত করার জন্য প্রশ্ন-উত্তর অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেছিলেন। সে অনুষ্ঠানগুলো ভারত ও বাংলাদেশ দু জায়গাতেই বিশেষ প্রশংসা অর্জন করে।
খেলাধুলোর মাদকতা এমনই একটি বিষয় যাতে কোনো একটা দেশ, কাল, বর্ণ বা অন্য কোনো বিভাজনের প্রশ্ন থাকে না। প্রশ্ন থাকে শুধু প্রতিযোগিতাকে ঘিরে। প্রতিযোগিতাই তখন সৃষ্টি করে মানুষে মানুষে মেলবন্ধন। বুশ হাউস থেকে প্রচারিত বিবিসি বাংলা বিভাগের মাঠে ময়দানে সে মেলবন্ধন সৃষ্টি করতে সফল হয়েছিল। আজ তথ্যভিত্তিক বিনোদন বলতে সংবাদমাধ্যমে যে ধারণাটি বিস্তৃতি লাভ করেছে, মাঠে ময়দানের মতো অনুষ্ঠানগুলো তারই পথিকৃৎ।








