বিশ্বকাপ ২০১৪: বল-বিজ্ঞান !

brazuca ball
ছবির ক্যাপশান, ব্রাজুকা বল
Published

ফুটবল খেলা বড় সহজ-সরল। একটা বল ছাড়া ফুটবল খেলতে আর কিছুই লাগে না, এমনটাই আমরা ভাবতে ভালোবাসি।

কিন্তু সর্বোচ্চ স্তরের ফুটবল মোটেও তেমন নয়। যেনতেন একটা বল দিয়ে বিশ্বকাপ ফুটবল খেলা যায় না। এখানে একেকটা বল তৈরির পেছনে খরচ হয় অঢেল অর্থ, বিপুল গবেষণা আর অতি উচ্চস্তরের নির্মাণপ্রযুক্তি।

এবারের বিশ্বকাপে ব্যবহৃত ফুটবলের নাম ব্রাজুকা। তৈরি করেছে বিশ্ববিখ্যাত ক্রীড়াসামগী নির্মাতা প্রতিষ্ঠান এডিডাস। এবার নিয়ে মোট ১২ বার এডিডাস বিশ্বকাপের জন্য বল তৈরি করেছে।

২০১০-এ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের বল ছিল জাবুলানি, তা-ও বানিয়েছিল এডিডাসই। কিন্তু সে বল ব্যাপকভাবে সমালোচিত হয়েছিল, কারণ তাতে লাথি মারলে বল কোনদিকে যাবে তা বলা কঠিন ছিল। একজন খেলোয়াড় এর নাম দিয়েছিলেন 'অতিপ্রাকৃত' বল।

brazuca ball
ছবির ক্যাপশান, ব্রাজুকা বল

এবার তাই আরো বিস্তৃত গবেষণা এবং পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে তৈরি হয়েছে এই ব্রাজুকা বল। একে ফুটবলাররা লাথি মেরে যেদিকে পাঠাতে চাইবেন তা সেদিকেই যাবে, নিশানা ভুল হবার সম্ভাবনা অনেক কম। বাতাসের মধ্যে এর 'ফ্লাইট পাথ এ্যানালাইসিস' করে দেখা গেছে যে এর গতিপথে বিচ্যুতি হয় খুবই সামান্য।

মার্কিন মহাকাশ সংস্থার এরোডাইনামিক্স বিশেষজ্ঞ রবি মেহতা জাবুলানি এবং ব্রাজুকা উভয় ধরণের বলই পরীক্ষা করে দেখেছেন। তিনি বলছেন, "ফুটবলের ক্ষেত্রে বলের ওপরটা কতটা খসখসে সেটা হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এর ওপরই নির্ভর করে বাতাসের মধ্যে দিয়ে বলটা কত জোরে যাবে। যদি বলটা গা মসৃণ হয়, তখন বাতাসের মধ্যে দিয়ে তা ঘুরতে ঘুরতে যাবার সময় এর গতিপথ অনেকখানি বেঁকে যায়। একে বলে ম্যাগনাস এফেক্ট। জাবুলানির ক্ষেত্রে এই ম্যাগনাস এফেক্ট ছিল অনেক বেশি।"

brazuca
ছবির ক্যাপশান, ব্রাজুকা বল

বল যত মসৃণ হবে, এতে লাথি মারলে তা ততই জোরে যাবে - বলছেন ড. মেহতা। তবে এবার ব্রাজুকা বলের খসখসে উপরিভাগের জন্য সেই গতিকে কমিয়ে আনা হয়েছে।

পরিবর্তন এসেছে বলের গঠনেও। প্রপেলার আকৃতির ছ'টি চামড়ার প্যানেলকে তাপপ্রয়োগ করে জোড়া লাগিয়ে এই বল তৈরি হয়েছে। সনাতনী ফুটবলে ব্যবহৃত হতো ৩২টি চামড়ার প্যানেল।

এডিডাস বলছে, নতুন এই গঠনশৈলীর কারণে বাতাসে এ বলের গতিপথ হবে স্থিতিশীল এবং অনেক বেশি নির্ভুল।

"জাবুলানির চাইতে ব্রাজুকার সেলাইয়ের গভীরতা তিনগুণেরও বেশি। ফলে এটা পুরোনো দিনের ফুটবলের অনেক কাছাকাছি এসে গেছে। তা ছাড়া এর উপরিভাগ অমসৃণ হওয়ায় এটা অনেক বেশি দূর যাবে।" বলছেন ড. সাইমন চোপিন - যিনি ব্রিটেনের শেফিল্ড হ্যালাম বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ইঞ্জিনিয়ারিং সেন্টারের একজন গবেষক।

ফলে গত দুটি বিশ্বকাপে বল নিয়ে যে অভিযোগ উঠেছিল, এবার মনে হচ্ছে সে সম্ভাবনা অনেক কম।