বিজ্ঞাপনে বর্ণবাদ, ক্ষমা চাইলো চীনা কোম্পানি

ছবির উৎস, QIAOBI
চীনে একটি ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপন নিয়ে ব্যাপক সমালোচনা ও বর্ণবাদের অভিযোগ ওঠার পর ক্ষমা চেয়েছে চীনা কোম্পানি।
কিয়াউবি নামের ওই ডিটারজেন্ট পাউডারের প্রস্তুতকারী প্রতিষ্ঠান বলছে তারা বর্ণ-বৈষম্যের পুরোপুরি বিরোধিতা করে ও নিন্দা জানায় এবং বিজ্ঞাপনটির কারণে যে সমালোচনার ঝড় উঠেছে সেজন্য তারা আন্তরিকভাবে দুঃখিত।
তবে ক'দিন আগেই প্রতিষ্ঠানটি বলেছিল বিজ্ঞাপন নিয়ে যে সমালোচনা হচ্ছে সেটি বাড়াবাড়ি।

ছবির উৎস, Qiaobi
বিজ্ঞাপনটিতে দেখানো হয়েছে, হাতে একটি ছোট বালতি ও ময়লা টি-শার্ট পড়া এক কৃষ্ণাঙ্গ তরুণকে কৌশলে ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকিয়েছেন এক চীনা তরুণী।
ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকানোর আগে ডিটারজেন্ট পাউডারের একটি টুকরা ওই তরুণের মুখে পুরে দেওয়া হয়।
তারপর দেখা যায় যে কিছুক্ষণ পর ওই কৃষ্ণাঙ্গ তরুণটি পরিস্কার টি-শার্ট পড়া শ্বেতাঙ্গ চীনা তরুণ হয়ে ওয়াশিং মেশিন থেকে উঠে আসছে। যেটি দেখে ওই চীনা তরুণী উচ্ছ্বসিত হয়ে উঠেন।

ছবির উৎস, QIAOBI
এই বিজ্ঞাপনটি প্রকাশের পর অনলাইনে সেটি ছড়িয়ে পড়ে ও ব্যাপক সমালোচনার ঝড় উঠে।
এর আগে শনিবার সাংহাই লেইশাং কসমেটিকস লিমিটেড এক বিবৃতিতে ক্ষমা চেয়ে এটাও বলেছে যে বিদেশী গণমাধ্যম এই বিজ্ঞাপন নিয়ে বেশি বাড়াবাড়ি করেছে।
বিজ্ঞাপনটি প্রথমে মার্চে প্রকাশ পেলেও তীব্র প্রতিবাদ ও ব্যাপক মিডিয়া কাভারেজের মুখে সেটি প্রচার বন্ধ করে দেয় চীনা কোম্পানি।








