ইইউ-র অংশই থাকা উচিত ব্রিটেনের: ওবামা

obama
ছবির ক্যাপশান, বারাম ওবামা
Published

ইউরোপীয়ান ইউনিয়নে ব্রিটেনের থেকে যাওয়ার পক্ষে প্রকাশ্যে বক্তব্য দিয়ে ব্রিটিশ রাজনীতিকদের একাংশকে ক্ষুব্ধ করেছেন প্রেসিডেন্ট ওবামা।

যুক্তরাজ্যে তিনদিনের এক সফরের শুরুতে ব্রিটেনের একটি সংবাদপত্রে লেখা এক নিবন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইইউর ভেতরে থেকেই ব্রিটেন সন্ত্রাসবাদ ও বেকারত্ব মোকাবেলায় আরো কার্যকর ভূমিকা রাখতে পারবে। বাড়াতে পারবে সারাবিশ্বের নিজেদের প্রভাবও।

কিন্তু যারা ইউরোপীয়ান ইউনিয়ন ছেড়ে যেতে চান তারা প্রেসিডেন্ট ওবামার বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ এনেছেন। আরো শুনুন পুলক গুপ্তের কাছে-

২৩শে জুন অনুষ্ঠেয় এই গণভোটকে কেন্দ্র করে ব্রিটেনের রাজনৈতিক পরিস্থিতি এখন উত্তপ্ত, এবং ক্ষমতাসীন কনসারভেটিভ পার্টিই এ প্রশ্নে দ্বিধাবিভক্ত। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ওবামা এ নিয়ে কথা বলাটা এখানে বিতর্ককে আরো তীব্র করেছে।

obama
ছবির ক্যাপশান, বারাক ওবামা

প্রশ্ন উঠেছে যে ওবামার এই মতামত আসলে কতটা জনসমতকে প্রভাবিত করবে, এবং যারা ইইউ ত্যাগের পক্ষে- তাদের এতে দুশ্চিন্তার কিছু আছে কিনা।

ব্রিটেনের যারা ইইউ ত্যাগ করতে চান তারা পাল্টা প্রশ্ন করছেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিজে কি ইইউর মতো কোন কিছুর অংশ হওয়াকে মেনে নিতে পারবে?

ব্রিটেনের দৈনিক টেলিগ্রাফে মি. ওবামা এটা স্বীকার করেছেন যে এ সিদ্ধান্তটা শেষ পর্যন্ত ব্রিটেনের ভোটারদেরই ব্যাপার। কিন্তু তিনি একই সাথে বলেছেন, "আপনাদের সিদ্ধান্তে পরিণাম যা হবে তার সাথে আবার মার্কিন স্বার্থের গভীর সম্পর্ক আছে।"

তিনি লেখেন, "ইউরোপের কবরস্থানগুলোতে যে হাজার হাজার মার্কিন সৈন্যরা সমাহিত আছে, তারাই প্রমাণ করে যে আমাদের সমৃদ্ধি এবং নিরাপত্তা কত গভীরভাবে সম্পর্কত।"

david cameron
ছবির ক্যাপশান, ডেভিড ক্যামেরন

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের অন্যতম ঘনিষ্ঠতম মিত্র তাই আমরা কেন ইউরোপে থাকবো কিনা - এ প্রশ্নে মি. ওবামার কথা শোনাটা গুরুত্বপূর্ণ।

কিন্তু ইইউ ত্যাগের পক্ষের শিবিরের নেতা বরিস জনসন বলেছেন, তিনি বারাক ওবামার বিরাট ভক্ত, কিন্তু এ বাপারে তিনি ওবামার সাথে একমত নন।

তিনি বলছেন, মি. ওবামা আমাদের এমন একটা পদ্ধতির অংশ হতে বলছেন - যাতে আমাদের দেশের আইনের ৬০ শতাংশ ইউরোপ থেকে তৈরি হচ্ছে। এটা স্পষ্টতই ভন্ডামি।

তিনি বলেন, প্রেসিডেন্ট ওবামার বক্তব্য অসংলগ্ন এবং সামঞ্জস্যহীন।

boris johnson
ছবির ক্যাপশান, বরিস জনসন

যুক্তরাজ্যের রাজনীতিতে ওবামার এই হস্তক্ষেপ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন ইউরোপিয়ান কমিশনকেও । কমিশনের মুখপাত্র বলেছেন - আমার মনে হয় না যুক্তরাজ্যের জনগণ কি ভোট দেবেন - এ নিয়ে তাদের কারো মতামত শোনার দরকার আছে। এ মত তারা নিজেরাই দেবেন এবং যথখাসময়ে আমরা সেটা জানতে পারবো।

বিবিসির সংবাদদাতা বলছেন, ওবামার বক্তব্যে এই ভোট নিয়ে আমেরিকার উদ্বেগের প্রতিফলন ঘটেছে।

তবে বিবিসিরই রাজনৈতিক বিষয়ক সম্পাদক লরা কুয়েনেসবার্গ বলছেন, ওবামার মতামত সার্বিকভাবে মার্কিন মত নয়। তার কথা - " রিপাবলিকানরা এর সাথে একমত নয় এবং ওয়াশিংয়টনের মি. ওবামার এই নাক গলানো নিয়ে অস্বস্তি আছে।"

তিন দিনের ব্রিটেন সফরে বারাক ওবামা ব্রিটেনের রানী এলিজাবেথের সাথে তার ৯০তম জন্মদিন উপলক্ষে সাক্ষাত করেছেন। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাথেও তার একটি বৈঠক হবে।