আত্মহত্যার হুমকি দিয়ে জেলে বিদ্রোহী প্রার্থী

ছবির উৎস, google map
বরিশালের মুলাদি উপজেলার কাজিরচর ইউনিয়নের ঘটনা।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো: ইউসুফ আলী হুমকি দিয়েছিলেন নির্বাচন সুষ্ঠু না হলে তিনি আত্মহত্যা করবেন। এমনকি এ জন্য কবরও খুঁড়েছিলেন তিনি।
মুলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মতিয়ার রহমান বিবিসিকে জানান এমন খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান।
পুলিশ কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান নিজের বাড়ির সামনে দুটো কবর খুড়ছিলেন বিদ্রোহী প্রার্থী মো: ইউসুফ আলী। এমনকি কাফনের কাপড়ও জড়িয়েছিলেন তিনি।
যেহেতু ওই ব্যক্তি নির্বাচন সুষ্ঠু না হলে আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছিলেন তাই তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাসউদ বিবিসিকে বলেন কেউ আত্মহত্যার হুমকি দিলে ৩০৯ ধারা অনুযায়ী পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে।
মুলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মতিয়ার রহমান জানিয়েছেন, আত্মহত্যার হুমকি দেয়া অপরাধ। তাই এ ঘটনায় ইউসুফ আলীর বিরুদ্ধে মামলা করে তাকে চালান দেয়া হয়েছে।
তবে অভিযুক্তের পরিবারের কাউকে পাওয়া যায়নি।








