বাংলাদেশে ব্যাংকের গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেছেন

মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ব্যাংকের দশ কোটি ডলার লোপাট হবার ঘটনা নিয়ে ব্যাপক তোলপাড়ের মাঝে আজ পদত্যাগ করেছেন গভর্নর আতিউর রহমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম বিবিসিকে বাংলাকে জানিয়েছেন শেখ হাসিনার সাথে আজ দুপুরের একটু আগে দেখা করেন মি রহমান।
তিনি কেন্দ্রীয় ব্যাংকের অর্থ জালিয়াতিকে ঘিরে যেসব ঘটনা ঘটেছে তার ব্যাখ্যা করেন এবং পদত্যাগপত্র তুলে দেন।
মি রহমান তার পদত্যাগপত্রে কি লিখেছেন তার বিস্তারিত এখনো জানা যায়নি।
অন্যদিকে ডেপুটি গভর্নর আবুল কাশেমকে বাংলাদেশ ব্যাংকের অন্তর্বর্তী গভর্নরের দায়িত্ব দেয়া হয়েছে।
পদত্যাগপত্র জমা দেয়ার পর আজ আড়াইটায় ডাকা সংবাদ সম্মেলন প্রত্যাহার করে নেন অর্থমন্ত্রী।
মূলত গত চৌঠা ফেব্রুয়ারি গভীর রাতে অজ্ঞাত হ্যাকাররা নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের দশ কোটি দশ লাখ ডলার হাতিয়ে নেয়।
বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ পুরো ঘটনা চেপে গিয়ে নিজেরাই ঘটনা সামাল দেয়ার চেষ্টা করে এবং এ নিয়ে এমনকি অর্থ মন্ত্রণালয়ও দীর্ঘদিন অন্ধকারে রাখে।
এতে ক্ষেপে গিয়ে অর্থমন্ত্রী গত রবিবারই ঘোষণা দেন তিনি তার ভাষায় ব্যাংক কর্তৃপক্ষের এই ধৃষ্টতার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবেন।








