বাংলাদেশের দুরন্ত ব্যাটিং, তামিমের সেঞ্চুরি

ছবির উৎস, AP
ওয়ার্ল্ড টি-২০তে আজ ধর্মশালায় ওমানের বিরুদ্ধে তামিম ইকবাল আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে বাংলাদেশী হিসেবে প্রথম সেঞ্চুরি করেছেন।
ওমানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ শেষ গ্রুপ ম্যাচে বাংলাদেশ প্রথম ব্যাট করে দুরন্ত ব্যাটিং করে প্রথম ২০ ওভারে ২ উইকেটে ১৮০ রান করেছে।
বলতেই হবে, আজ তামিম ইকবাল টি২০ ক্রিকেটে তার অন্যতম সেরা ইনিংস খেলেছেন।
দুরন্ত ফর্মে থাকা তামিম এ টুর্নামেন্টে দ্বিতীয় বারের মতো পুরো ২০ ওভার ব্যাট করে ৬৩ বলে ১০৩ রান করেন।
এই ইনিংসের মধ্যে দিয়ে টি২০ ক্রিকেটে তার ১ হাজার রানও পুরো করেন তামিম।
এই টুর্নামেন্টে পরবর্তী পর্বে উঠতে হলে বাংলাদেশকে ওমানের বিরুদ্ধে জিততেই হবে। তবে অকল্পনীয় কোন অঘটন না ঘটলে বাংলাদেশ আজ বড় জয়ের ভিত্তি স্থাপন করে ফেলেছে বলা যায়।
এ ম্যাচে জিততে ওমানকে ২০ ওভারে ১৮১ রান করতে হবে - ওভারপ্রতি ৯ রানেরও বেশি গড়ে।
আজ বাংলাদেশ ব্যাটিং শুরু করেছিল ধীরগতিতে । প্রথম ৫ ওভারে রানওঠে মাত্র ২৫। তবে সৌম্য সরকার ২২ বলে ১২ রান করে আউট হয়ে যাবার পরই বাংলাদেশের ব্যাটিং গতি পায়।
সাব্বির রহমান ২৬ বলে ৪৪ এবং সাকিব আল হাসান ৯ বলে ১৭ রান করে তামিমকে আক্রমণাত্মক ব্যাটিং করার সুযোগ তৈরি করে দেন।
বৃষ্টির কারণে এ খেলা সময় মত শুরু হতে পারবে কিনা বা পুরো ২০ ওভার খেলা যাবে কিনা - তা নিয়ে সংশয় ছিল।
অবশ্য খেলা পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি সত্বেও বাংলাদেশের শ্রেয়তর রানরেটের কারণে পরবর্তী পর্বে যাওয়ার সুযোগ ছিল।








