নিজামীর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের রায় ৬ই জানুয়ারি

২০১০ সাল থেকে কারাগারে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রধান নেতা মতিউর রহমান নিজামী।
ছবির ক্যাপশান, ২০১০ সাল থেকে কারাগারে রয়েছেন জামায়াতে ইসলামীর প্রধান নেতা মতিউর রহমান নিজামী।
Published

বাংলাদেশে যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের উপর শুনানি শেষ হয়েছে।

সোমবার যুক্তিতর্ক শেষ হয়। এরপর মঙ্গলবার আসামী পক্ষ থেকে যুক্তি খণ্ডন করা হয়।

এর মাধ্যমে শুনানি শেষ করে প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ রায় দেয়ার দিন নির্ধারণ করেছেন ২০১৬ সালের ৬ই জানুয়ারি।

১৬টি অভিযোগের মধ্যে ৮টি অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৪ সালের ২৯শে অক্টোবর মি. নিজামীর মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

হত্যা, লুট, ধর্ষণ, উসকানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যার ১৬টি ঘটনার মধ্যে চারটিতে তাকে সর্বোচ্চ সাজা দেওয়া হয়।

রায়ের বিরুদ্ধে গত ২৩শে নভেম্বর আপিল করেন মি. নিজামী।

আদালতে দোষী সাব্যস্ত হলেও, গত ২রা ডিসেম্বর আপিল বিভাগের এক শুনানিতে বয়স ও অসুস্থতা বিবেচনা করে তার সাজা কমানোর আবেদন করেন তার আইনজীবীরা।

সেদিন যুক্তিতর্ক উপস্থাপনের পর, আদালতে মি. নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, যদি আদালত মি. নিজামীকে দোষী সাব্যস্তও করেন, তাহলে আমরা ফৌজদারি আইনে বিকল্প হিসাবে যেমন আবেদন করি, তাঁর বয়স ও অসুস্থতা বিবেচনা করে মৃত্যুদণ্ডের সাজা যেন কমানো হয়।

এটর্নি জেনারেল মাহবুবে আলম পরে সাংবাদিকদের বলেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাদের শীর্ষ আইনজীবীরা এই প্রথম একজন অভিযুক্ত নেতা যে অপরাধী সেটা স্বীকার করে নিয়ে মৃত্যুদণ্ডের হাত থেকে অব্যাহতির আবেদন করলেন।