রায় ঘোষণার পরও চট্টগ্রামে অনেক পরিবার আতংকে

সালাউদ্দীন কাদের চৌধুরীর সাজা চেয়ে চট্টগ্রামে মানববন্ধন
ছবির ক্যাপশান, সালাউদ্দীন কাদের চৌধুরীর সাজা চেয়ে চট্টগ্রামে মানববন্ধন
Published

বিএনপি নেতা সালাউদ্দীন কাদের চৌধুরীর আপীলের রায়ে ঘোষণাকে কেন্দ্র করে বুধবার চট্টগ্রামে নিরাপত্তা বাহিনীকে রাখা হয়েছিল সতর্কাবস্থায়।

সুপ্রীম কোর্টের আপীল বিভাগ তাঁর মৃত্যুদন্ডাদেশ বহাল রাখার পর কোথাও কোথাও মিষ্টি বিতরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। কিন্তু যেখানে সংঘটিত অপরাধের দায়ে সালাউদ্দীন কাদের চৌধুরীর এই ফাঁসির দন্ড, সেই রাউজান আর ফটিকছড়ি ছিল অনেকটাই প্রতিক্রিয়াহীন।

সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ চলাকালে চট্টগ্রামে শহীদ পরিবারের সদস্যরা।

সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে সুপ্রিম কোর্টের রায়ের পর চট্টগ্রামের সদর, রাউজান, ফটিকছড়িতে মিষ্টি বিতরণ করেছেন সেখানকার মুক্তিযোদ্ধারা।

চট্টগ্রামের রাউজানের শহীদ নতুন চন্দ্র সিংহের ছেলে, প্রফুল্ল রঞ্জন সিংহ বলেছেন, এই রায়ে তাঁর বাবার আত্মা শান্তি পাবে।

উল্লেখ্য কুন্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা নতুন চন্দ্র সিংহকে ১৯৭১ সালের যুদ্ধের সময় চট্টগ্রামে হত্যা করা হয়।

চট্টগ্রামের একজন সাংবাদিক মিন্টু চৌধুরী জানান, এই রায়ের পরও ১৯৭১ সালে নির্যাতনের শিকার অনেক পরিবারের আতংক এখনো কাটেনি।

এদিকে এই রায়ের ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি বলেছে, তারা বিস্মিত এবং মর্মাহত। বিএনপির নেতা আসাদুজ্জামান রিপন বলেছেন, সালাউদ্দীন কাদের চৌধুরী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলেই তার দল মনে করে।