ইন্দোনেশিয়ায় আবারো কয়েকশ অভিবাসী উদ্ধার

ছবির উৎস, AP
কয়েকশ অভিবাসীকে নিয়ে ভাসতে থাকা নৌকাটি অবশেষে উদ্ধার করেছে ইন্দোনেশিয়ার জেলেরা।
বুধবার দেশটির আচেহ প্রদেশের জেলেরা উপকূলের কাছ থেকে নৌকাটির অভিবাসীদের উদ্ধার করে।
কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা সত্ত্বেও কয়েক দফায় কয়েকশ অভিবাসীকে উদ্ধার করল ইন্দোনেশিয়ার স্থানীয় জেলেরা।
মাঝ সমুদ্রে কয়েকশ মালয়েশিয়া গমনেচ্ছু রোহিঙ্গা ও বাংলাদেশী অভিবাসীকে নৌকায় রেখেই পালিয়ে যায় পাচারকারীরা।
এরপর ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার থাইল্যান্ডের উপকূলে নৌকাটিকে ভাসতে দেখা যায়।

ছবির উৎস, AFP Getty
বিবিসির একটি তথ্যচিত্রে সে সময় যাত্রীদের খাবার নিয়ে কাড়াকাড়ি করতে দেখা যায়। অনেককে মূত্র পান করতেও দেখেন বিবিসির প্রতিবেদক।
তবে গত দুইদিন নৌকাটির কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।
উদ্ধারের পর যাত্রীরা জানিয়েছেন, অন্তত তিনবার উপকূলে থেকে তাদের সমুদ্রে ঠেলে দিয়েছিল থাইল্যান্ড আর মালয়েশিয়ার নৌবাহিনী।
এখনো কয়েক হাজার অভিবাসী আন্দামান সাগরে নৌকায় করে ভাসছেন বলে ধারণা করা হয়।
সংকটের সমাধানে থাইল্যান্ড, মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া জরুরী বৈঠকে করতে যাচ্ছে।








