ভারতের সংসদে বাংলাদেশ সীমান্ত বিল অনুমোদিত

পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ: প্রতিবেশী বাংলাদেশকে 'ভাল সংকেত' পাঠাতে বললেন।
ছবির ক্যাপশান, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ: প্রতিবেশী বাংলাদেশকে 'ভাল সংকেত' পাঠাতে বললেন।
    • Author, শুভজ্যোতি ঘোষ
    • Role, বিবিসি বাংলা, দিল্লি
  • Published

ভারত ও বাংলাদেশের মধ্যেকার বহুপ্রতীক্ষিত স্থল সীমান্ত চুক্তি সংক্রান্ত বিলটি আজ ভারতীয় পার্লামেন্টের নিম্ন কক্ষ লোকসভায় অনুমোদিত হয়েছে।

বিলটি লোকসভায় পাস হয় ৩৩১-০ ভোটের ব্যবধানে।

এর মাধ্যমে ১৯৭৪ সালের মে মাসে দুই দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও শেখ মুজিবর রহমানের মধ্যে যে চুক্তিটি সই হয়েছিল, তার ঠিক একচল্লিশ বছরের মাথায় এসে ভারতের দিক থেকে বিলটির র‍্যাটিফিকেশন বা অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হল।

বাংলাদেশ অবশ্য চুক্তিটি ৭৪ সালেই র‍্যাটিফাই করেছিল।

ভারতীয় লোকসভায় আজ এই সংক্রান্ত ১১৯তম সংবিধান সংশোধনী বিলটি পেশ করেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল দহগ্রাম-অঙ্গরপোতা সফর করেন।
ছবির ক্যাপশান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল দহগ্রাম-অঙ্গরপোতা সফর করেন।

তিনি সভার সব সদস্যকে দলমত নির্বিশেষে সবুজ বোতাম টিপে বিলটি সমর্থন করার আর্জি জানান- যাতে একটিও বিপক্ষে ভোট না-পড়ে এবং প্রতিবেশী বাংলাদেশকে একটা ‘ভাল সংকেত’ পাঠানো যায়।

বিলটি নিয়ে লোকসভার বিতর্কে অংশ নেন মোট ১৬জন এমপি।

দার্জিলিংয়ের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া, যার কেন্দ্রের একটা অংশ বাংলাদেশ সীমান্তে পড়ছে, তিনি আবেগপূর্ণ ভাষণ দেন বাংলা ভাষায়।

বিতর্কে অধিকাংশ এমপি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক গড়ার কথা বললেও শিব সেনা বা বিজেপির কোনও কোনও এমপি ভারত থেকে অবৈধ বাংলাদেশীদের তাড়ানোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।

বক্তাদের মধ্যে একমাত্র আসামের এআইডিইউএফ দলের এমপি সিরাজুদ্দিন আজমলই বিলটির সরাসরি বিরোধিতা করেন। তিনেই শেষ পর্যন্ত একমাত্র বিলটির বিপক্ষে ভোট দেন।

এর আগে বুধবার রাজ্যসভায় বিলটি নিয়ে ভোটাভুটির সময় এর বিপক্ষে কোনও ভোট পড়েনি। তারও আগে মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভা গতকাল আসামকে বিলের অন্তর্ভুক্ত রেখেই সেটির অনুমোদন করেছিল।

bd ind enclaves
ছবির ক্যাপশান, ছিটমহলগুলো দীর্ঘদিন ধরেই উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত

পার্লামেন্টে বিলটি পেশ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানান, এটি অনুমোদিত হলে ভারতের মানচিত্রে কিছুটা বদল হবে ঠিকই, তবে তাই বলে বিরাট সংখ্যক জনগোষ্ঠীকে দেশান্তরী হতে হবে ব্যাপারটা সেরকম নয়।

বাংলাদেশের অভ্যন্তরে যে ছিটমহলগুলোতে এখন ভারতীয়রা আছেন, তারা চাইলে সেখানেই থেকে যেতে পারবেন এবং বাংলাদেশের নাগরিকত্ব পাবেন।

আবার অন্যদিকে ভারতের অভ্যন্তরে যে ছিটমহলগুলোতে এখন বাংলাদেশীরা আছেন, তাদেরও সেখান থেকে উঠে যেতে হবে না – ভারত তাদের নাগরিকত্ব দেবে।

বুধবার রাজ্যসভায় বিতর্কের শেষে বিলটি নিয়ে ভোটাভুটির সময় একজন সদস্যও আপত্তি জানাননি, দলমত নির্বিশেষে রাজ্যসভায় উপস্থিত সব সংসদ সদস্যই বিলটির পক্ষে ভোট দেন – যে কারণে বিলটি পাস হয় ১৮০-০ ভোটে।

অনুমোদিত হওয়ার পর এটি অবশ্য হল ভারতের ১০০তম সংবিধান সংশোধনী বিল – আর পার্লামেন্টে এই সেঞ্চুরি করার জন্য অনেক এমপি-ই সুষমা স্বরাজকে অভিনন্দন জানান।

মন্ত্রিসভার অনুমোদন

এর আগে, ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় মঙ্গলবার সীমান্ত বিল অনুমোদিত হয় ।

আসামে স্থানীয় ছাত্র এবং অন্যান্য সংগঠন চুক্তির বিরোধিতা করে।
ছবির ক্যাপশান, আসামে স্থানীয় ছাত্র এবং অন্যান্য সংগঠন চুক্তির বিরোধিতা করে।

দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের এই বিলটি অনুমোদিত হয়।

এই বিলটি অপরিবর্তিত থাকবে, নাকি এর আওতা থেকে ভারতের আসাম রাজ্যকে বাদ দেয়া হবে, তা নিয়ে সরকারি দল বিজেপি, বিরোধীদল কংগ্রেস এবং আসাম রাজ্যের বিজেপি নেতৃত্বের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছিল।

আসামের বিজেপি নেতৃত্বের অভিমত ছিল, বিল অপরিবর্তিত থাকলে আসাম রাজ্যকে ২৬৮ একরের ছিটমহল বাংলাদেশকে হস্তান্তর করতে হবে - যা স্থানীয় নির্বাচনের আগে রাজ্য বিজেপির জন্যে রাজনৈতিকভাবে অসুবিধেজনক হতে পারে।

কংগ্রেসের অবস্থান ছিল, বিলটি অপরিবর্তিতই রাখতে হবে, ঠিক যেভাবে এটি ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় তোলা হয়েছিল।

কিন্তু শেষ পর্যন্ত সব পক্ষের মধ্যে সমঝোতা হয়ে বিলটি অপরিবর্তিত রেখেই অনুমোদিত হয়।

কংগ্রেস ও বিজেপির মধ্যে সমঝোতার ভিত্তিতে বিলটি অনুমোদিত হওয়ায় লোকসভাতেও দু-তৃতীয়াংশ ভোটে বিলটি পাস হবার সম্ভাবনা উজ্জ্বল হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামি জুন মাসে ঢাকা সফরে যাবার সম্ভাবনা রয়েছে।