বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু মারা গেছেন

বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু
ছবির ক্যাপশান, বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু
Published

বাংলাদেশে বিরোধী দল বিএনপির একজন নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু রাজশাহী মেডিকেল কলেজে মারা গেছেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তানভীর হায়দার চৌধুরী বিবিসি বাংলাকে খবরটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহী কারাগারে মিস্টার আহমেদ অসুস্থ হয়ে পড়লে তাকে অচেতন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় ।

এরপর বেলা বারোটা দশ মিনিটের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশ কর্মকর্তা তানভীর হায়দার চৌধরী।

বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টু বিডিআর বিদ্রোহ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামি।

তার মৃত্যুর কারণ কি সে সম্পর্কে জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বিবিসিকে বলেছেন, “নাসিরুদ্দিন আহমেদ পিন্টুকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তিনি হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তবে ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি”।

ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন আরও জানান, এর আগে গত ২৬ শে জানুয়ারি হৃদরোগ ও চক্ষু চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছিল নাসিরুদ্দিন পিন্টুকে।