কামারুজ্জামানের সিদ্ধান্ত জানতে কারাগারে গিয়েছিলেন ম্যাজিস্ট্রেট

ছবির উৎস, focus bangla
বাংলাদেশে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির আসামী মুহাম্মদ কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কিনা, তার সেই সিদ্ধান্ত জানতে আজ দু’জন ম্যাজিস্ট্রেট কারাগারে গিয়েছিলেন।
কারা কর্তৃপক্ষ বলেছে, এই সিদ্ধান্ত পাওয়ার পর কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ নেবে।
তবে এই ম্যাজিস্ট্রেটরা কারাগারে বেলা ১১টা থেকে প্রায় এক ঘন্টা অবস্থানের পর সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় সেখানে অপেক্ষমান সাংবাদিকদের কাছে কিছু বলেননি।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তারা বলেছেন, জামায়াতের এই নেতা প্রাণভিক্ষা চাইলে তা তাদের মন্ত্রনালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে যাবে। আর প্রাণভিক্ষা না চাইলে ফাঁসি কার্যকর করার প্রশ্ন আসবে।
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শেরপুর জেলার সোহাগপুর গ্রামে গণহত্যার দায়ে মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে বিচারিক আদালতের ফাঁসির রায় আপিল বিভাগ বহাল রেখেছিল।

ছবির উৎস, .
এর বিরুদ্ধে তার পুনর্বিবেচনার আবেদনও আপিল বিভাগ খারিজ করে দেয় গত সোমবার।
আপিল বিভাগের এই রায়ের কপি বুধবার কারাগারে পৌছানোর পর তাকে সেদিনই তা পড়ে শোনানো হয়।
সর্বশেষ সুযোগ হিসেবে প্রাণভিক্ষা চাওয়া না চাওয়ার প্রশ্নে তিনি গতকাল তার আইনজীবীদের সাথে পরামর্শও করেছেন।
তবে তার আইনজীবীরা জানিয়েছিলেন, মুহাম্মদ কামারুজ্জামান সিদ্ধান্ত নিতে সময় চেয়েছেন। কিন্তু কতটা সময় তিনি নেবেন, সেটা তারা পরিস্কার করে বলেননি।
শেষ পর্যন্ত আজ সেই সিদ্ধান্ত জানতে কারাগারে ম্যাজিস্ট্রেট গিয়েছিলেন।
এর বিস্তারিত এখনও জানা যায়নি।








