মাহমুদুর রহমান মান্নাকে বনানী থেকে 'আটক'

ছবিটি মাহমুদুর রহমান মান্নার ফেসবুক পেজ থেকে নেয়া।
ছবির ক্যাপশান, ছবিটি মাহমুদুর রহমান মান্নার ফেসবুক পেজ থেকে নেয়া।
Published

বাংলাদেশের রাজধানী ঢাকায় নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে 'আটক' করা হয়েছে।

আজ ভোর রাতে ঢাকার বনানীর একটি বাড়ি থেকে তাকে 'আটক' করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মিস্টার রহমানের স্ত্রীর বরাত দিয়ে স্থানীয় সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলগুলো এ তথ্য প্রচার করছে।

মিসেস রহমান সাংবাদিকদের বলেন, "সিভিল ড্রেসে এসেছে। তাকে কাপড় পড়ারও সময় দিচ্ছিলোনা। জোর করে, টেনে হেঁচড়ে নিয়ে গেছে। আমরা জানার চেষ্টা করবো কোথায় নেয়া হয়েছে। আইনি ব্যবস্থা নিবো"।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা মিস্টার রহমানকে আটক করেনি।

সকাল দশটার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিং বলেন, "ডিবি বা ডিএমপির কোন ইউনিট তাকে আটক করেনি বা তার বাসায় যায়নি। অন্য কেউ নিলে আমাদের কাছে অভিযোগ করলে অবশ্যই বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করবো"।

তিনি জানান মান্নার পরিবারের দাবি খতিয়ে দেখছে পুলিশ।

বাংলাদেশে গত প্রায় দু মাস ধরে চলমান সহিংসতার প্রেক্ষাপটে জাতীয় সংলাপের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছিলো নাগরিক ঐক্য।

সম্প্রতি মিস্টার রহমানের সাথে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির টেলিফোন আলাপের অডিও ক্লিপ গণমাধ্যমে প্রকাশিত হয়।

এসব টেলিফোন আলাপে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সামরিক বাহিনীর বিষয়েও মন্তব্য রয়েছে।

তবে নিজের ফেসবুক পেজে মিস্টার রহমান এসব বিষয়ে মন্তব্য করেছেন।

সেখানে তিনি বলেছেন , " সামগ্রিক ঘটনায় আমি বিস্মিত, দুঃখিত, মর্মাহত। এ পর্যন্ত আমার রাজনীতি জীবনে কখনও সহিংসতা, ষড়যন্ত্রকে প্রশ্রয় দেই নি। আমার অতীত ইতিহাস সাক্ষ্য দেবে। যে দুটো সাক্ষাৎকার ছেপেছে পাঠকদের অনুরোধ করবো যেন ভালো করে সেটা শোনা এবং পড়ে দেখার। কোথাও কোনো ষড়যন্ত্রের গন্ধ নেই, উস্কানি নেই"।

তিনি আরও বলেন, "....আমার এই বক্তব্যকে বিকৃতভাবে ব্যাখ্যা করা হয়েছে। যেন আমি লাশ চাই। একইভাবে সেনাবাহিনীর কোনো কোনো কর্মকর্তা আমার সাথে কথা বলতে আগ্রহী হলে বলব কি না সে কথা জানতে চাইলে, আমি বলেছি রাজি আছি। আমি রাজনীতি করি সবার সঙ্গে কথা বলতে হয়। এটা থেকে এক এগারো বা সামরিক কু’য়ের ষড়যন্ত্রের আবিষ্কার হয় কিভাবে? যেখানে এরকম কোনো বৈঠকই হয়নি..."।

এ পটভূমিতে সোমবারই মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছিলো ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা।

সোমবারই শান্তি ও সংলাপের দাবিতে ঢাকায় গণমিছিলের কর্মসূচি ছিল নাগরিক ঐক্যের।

কিন্তু শেষ পর্যন্ত সে কর্মসূচি বাতিল করা হয়।

এ পরিস্থিতিতে মাহমুদুর রহমান মান্না আজই এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বলে সাংবাদিকদের জানিয়েছিলেন।