কাতারে ২০২২ ফুটবল বিশ্বকাপ শীতে করার সুপারিশ

ছবির উৎস, EPA
কাতারে ২০২২ সালের জুন-জুলাই মাসে যে বিশ্বকাপ ফুটবল হবার কথা ছিল - তার সময় পরিবর্তন করে রভেশ্বর ডিসেম্বরে করার সুপারিশ করেছে ফুটবলের সর্বোচ্চ প্রশাসক সংস্থা ফিফার একটি টাস্ক ফোর্স।
তবে এ নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী মাসে।
আজ দোহায় অনুষ্ঠিত এক বৈঠকে ফিফার টাস্ক ফোর্স তাদের দেয়া এই রিপোর্টে এই সুপারিশ করে।
জুন-জুলাই মাসে কাতারে প্রচন্ড গরম পড়ে এবং সে সময় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে - যা খেলোয়াড় এবং ফুটবলভক্ত সবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলে আশংকা প্রকাশ করা হচ্ছিল।
ফিফার টাস্কফোর্সের প্রধানরা এর আগে বিবিসিকে বলেছিলেন যে ২০২২ সালে কাতারে বিশ্বকাপ ফুটবল হতে হলে সময়সূচি পরিবর্তন করাটাই একমাত্র 'বাস্তবসম্মত বিকল্প'।
তবে সময়সূচির এই পরিবর্তন বিশেষ করে ইউরোপের প্রধান ফুটবলখেলুড়ে দেশ ও ক্লাবগুলোর সাথে সংঘাত সৃষ্টি করতে পারে।
কারণ নভেম্বর-ডিসেম্বর মাসে বিশ্বকাপ হলে ওই সব দেশের লীগগুলোর সময়সূচিতে ব্যাপক ব্যাঘাত সৃষ্টি হতে পারে।
তা ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশের জাতীয় স্তরের ফুটবলারদের অনেকেই ইউরোপের লীগগুলোয় খেলে থাকেন।








