দাতাদের অর্থ সহায়তার তথ্য উন্মুক্ত
- Author, ফারহানা পারভীন
- Role, বিবিসি বাংলা, ঢাকা
- Published
বিভিন্ন দাতা দেশ ও সংস্থার দেওয়া অর্থ সহায়তার তথ্য সবার জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
সরকারে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডি বলছে যেকোন বিদেশি সংস্থার দেওয়া অর্থের পরিমাণ, এবং সেখান থেকে কি পরিমাণ অর্থ কোন খাতে ব্যয় করা হয়েছে এসব বিস্তারিত তথ্য একটি নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আজ থেকে পাওয়া যাবে।
বাংলাদেশে মূলত সরকার ও বেসরকারি সংস্থা বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ঐসব সংস্থা থেকে অর্থ সহায়তা বা ঋণ নিয়ে থাকে।
এসব অর্থের ব্যবহারের স্বচ্ছতা ও উন্নয়ন প্রকল্পের কাজ আরও সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইআরডি।
সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বলছে প্রতিবছর প্রায় ২৩০ কোটি ডলারের অর্থ সহায়তা পেয়ে থাকে বাংলাদেশ।
এসবের মধ্যে বিভিন্ন দেশ ও দাতা সংস্থার কাছ থেকে পাওয়া ঋণের অর্থ যেমন রয়েছে তেমনি বেসরকারি সংস্থা বা এনজিওর জন্য রয়েছে আর্থিক অনুদান ।
তবে সরকার এবং বেসরকারি এসব সংস্থার অর্থ ব্যয়ের লক্ষ থাকে মূলত বিভিন্ন উন্নয়ণ প্রকল্প।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডির অতিরিক্ত সচিব মনোয়ার আহমেদ বলছিলেন বিদেশী যেকোন সংস্থার কাছ থেকে পাওয়া অর্থের বিস্তারিত তথ্য এখন থেকে অনলাইনে সবার জন্য উন্মুক্ত করা হচ্ছে।
বিপুল পরিমাণ অর্থ সহায়তার এসব তথ্য মূলত দুটি কারণে ওয়েবসাইটে দেওয়া হচ্ছে। এর একটি সরকারি ও বেসরকারি ভাবে পাওয়ার অর্থের প্রাপ্তি উৎস, পরিমাণ ও ব্যয়ের হিসেবের স্বচ্ছতা ।
আর দ্বিতীয়টি কোন দাতা সংস্থা যদি বাংলাদেশেকে অর্থ সহায়তা দিতে চায় তার আগে ওয়েবসাইটের মাধ্যমে সে বিভিন্ন প্রকল্পের কাজ এবং অগ্রগতি সম্পর্কে জানতে পারবে।
তবে ইআরডির এই কর্মকর্তা বলছেন সরকার ও এনজিওর বাইরেও কিছু নাগরিক সংগঠন বা ব্যক্তি পর্যায়ে বিভিন্ন আর্থিক অনুদান নিয়ে থাকে যার হিসেব তারা পাননা।
তিনি বলেন, “ ২০০৭ সালে ইআরডিকে একটি জরিপ করতে বলা হয় কি পরিমাণ বিদেশি সহায়তা এসেছে দেশে তার ওপর। আমরা সব হিসেবে পাই শুধু এনজিও ব্যুরো ছাড়া”।
সরকারের এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধিত এনজিওর মাধ্যমে একটা বড় অংকের বিদেশি অনুদান আসে দেশে। যার মাধ্যমে উন্নয়ন প্রকল্পের কাজ হয়।
এসব অর্থের হিসেব সরকারের কাছে দেওয়ার প্রক্রিয়া কি? এমন প্রশ্নে এনজিও বিষয়ক ব্যুরের একজন কর্মকর্তা জানান ২০০৭ সালে সিডরের সময়কার ঘটনা সম্পর্কে তিনি অবগত নন।
একই সঙ্গে তিনি উল্লেখ করেন একই সাথে বাংলাদেশ ব্যাংকে তাদের অর্থের হিসেব থাকে। যেটা ব্যাংক ছয়মাস অন্তর ইআরডিকে দিয়ে থাকে।
এদিকে বিদেশি অনুদান নিয়ে যেসব বেসরকারি সংস্থা কাজ করছে তারা বলছে এনজিওর সব কাজকর্মের অনুমোদন নিতে হয় এনজিও ব্যুরোর।
প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে এমন একটি সংস্থা action on disability and development বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলাম বলছিলেন প্রত্যেকটি নিবন্ধিত এনজিও তাদের প্রাপ্ত টাকা ও ব্যায়ের হিসেব দিয়ে থাকে এনজিও ব্যুরোকে সেসব প্রতিবেদন সঠিক সমন্বয় করা উচিত বলে মনে করেন।
৪১টির মত দেশ ও সংস্থা বিদেশি সহায়তা দিয়ে থাকে বাংলাদেশকে।
আজ বাংলাদেশ এইমস নামে যে ওয়েবসাইটটি সরকার খুলেছে সেখানে তথ্য সরবরাহের জন্য বাংলাদেশে কার্যত সব দাতা দেশ ও উন্নয়ন সহযোগী সংস্থাকে এই ওয়েবসাইটে নিবন্ধন নিতে হবে।








