জাতীয় ক্রিকেট দলে না খেলার হুমকি সাকিবের

আইপিএলের ম্যাচের পর সাকিব আল হাসান ও মণীষ পান্ডে (ফাইল চিত্র)
ছবির ক্যাপশান, আইপিএলের ম্যাচের পর সাকিব আল হাসান ও মণীষ পান্ডে (ফাইল চিত্র)
    • Author, মীর সাব্বির
    • Role, বিবিসি বাংলা, ঢাকা
  • Published

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে দেওয়া না হলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান জাতীয় দলেও না খেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগ এসেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি কর্মকর্তারা বলছেন, জাতীয় দলের নব-নিযুক্ত কোচ চন্ডিকা হাথুরুসিংহে একটি ই-মেইল বার্তায় এ তথ্য জানিয়েছেন বলে তারা জানতে পেরেছেন।

সাকিব আল হাসানের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কীনা তাও বিবেচনা করে দেখবে বিসিবি।

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে বাজে পারফর্মেন্সের কারণে সমালোচনার মুখে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এসময়েই দলটির তারকা খেলোয়াড় সাকিব আল হাসানকে নিয়ে তৈরি হলো নতুন বিতর্ক।

ভারতের আইপিএলে ভালো পারফর্মেন্সের পর সাকিব আল হাসান খেলতে যাচ্ছিলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। কিন্তু আগামী মাসে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের অনুশীলনীতে যোগ দেওয়ার বিষয়ে আপত্তি জানান সাকিব, আর তা থেকেই কোচের সাথে দ্বন্দ্বের এক পর্যায়ে সাকিব আল হাসানের বিরুদ্ধে জাতীয় দলের হয়ে টেস্ট এবং ওয়ানডে না খেলার হুমকির অভিযোগ এসেছে।

বিসিবির মুখপাত্র জালাল ইউনুস বলছেন, আগামী ৩০শে জুলাইয়ের মধ্যে দেশে ফিরে এসে সাকিবকে দলের অনুশীলনে যোগ দিতে বলেন বাংলাদেশ দলের কোচ। কিন্তু সাকিব তাতে রাজী হয়নি বলে তারা জানতে পেরেছেন।

“সে ওখানে টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে, তাই তাকে বলা হয়েছিল তুমি আগেই ফিরে এসে লংগার ভার্সনের খেলার জন্য প্রস্তুতি নাও। তখন খুব সম্ভবত সে জবাব দিয়েছিল আমি টি-টোয়েন্টিই খেলতে পছন্দ করি, লংগার ভার্সন খেলার দরকার নেই। এমনটাই আমরা শুনেছি।” বলেন মি. ইউনুস।

গত বুধবার ক্যারিবিয়ানের বারবেডোজের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন সাকিব আল হাসান। তবে বিদেশী লিগে খেলার জন্য ক্রিকেট বোর্ডের ছাড়পত্র তিনি নেননি।

ছাড়পত্র ছাড়াই তিনি লন্ডন যান এবং সেখান থেকেই তাকে ডেকে পাঠায় বিসিবি। যদিও যাবার আগে তিনি বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খানের মৌখিক অনুমতি নিয়ে গেছেন বলে জানা গেছে।

তবে বিসিবি মুখপাত্র মি. ইউনুস বলছেন, বিদেশী লিগে খেলতে যাবার জন্য মৌখিক অনুমতি যথেষ্ট নয়।

“এই অনুমতিটা নিতে হবে সিইও-র কাছ থেকে। অনাপত্তিপত্র নিয়ে যাবার জন্য তাকে দু’দিন অপেক্ষা করতে বলা হয়েছিল, কিন্তু সে অপেক্ষা না করে সেদিনই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওয়ানা দেয়।”

এদিকে সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, কোন খেলোয়াড় যদি এধরণের আচরণ করে থাকেন, তবে তাকে জাতীয় দলে খেলানোর বিষয়েও তাদের ভাবতে হবে।

“সব বেনিফিট নিয়ে যদি দেশের চাইতে বিদেশের খেলা তাদের কাছে প্রাধান্য পায়, তাহলে এসব খেলোয়াড়ের পেছনে পয়সা নষ্ট করা ঠিক কীনা তা আমাদের ভাবতে হবে।” বলেন মি. হাসান।

বিসিবি কর্মকর্তারা বলছেন, সাকিব আল হাসানের বিষয়ে তারা তাদের আগামী ৭ই জুলাই তাদের বৈঠকে আলোচনা করবেন। সাকিব যদি আচরণবিধি লংঘন করে থাকে, তবে সেক্ষেত্রে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিসিবির মুখপাত্র।

এবিষয়ে সাকিব আল হাসানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও, কোন প্রতিক্রিয়া জানা যায়নি।