বাংলাদেশে মৎস্যখাতে নতুন কর্মসংস্থানের উদ্যোগ

ছবির উৎস, focus bangla
- Author, ফরিদ আহমেদ
- Role, বিবিসি বাংলা, ঢাকা
- Published
বাংলাদেশের মৎস্য খাতে প্রতি বছর নতুন করে ৬ লক্ষ কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে সরকার।
একই সাথে এই খাতের জন্য নানা ধরণের প্রণোদনার কথাও এখন ভাবা হচ্ছে।
বেকার তরুণদের জন্য এই খাতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারের উচ্চ পর্যায় থেকে লাগসই প্রযুক্তি ব্যবহার করে চিংড়ি সহ অন্যান্য প্রজাতির মাছ ও কাঁকড়ার উৎপাদন বাড়াতে বলা হচ্ছে।
সরকার বলছে এই খাতে যে অপার সম্ভাবনা রয়েছে তা তারা কাজে লাগাতে চান।
তবে খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাবনাময় এই খাত ব্যবহার করে কাঙ্ক্ষিত দারিদ্রবিমোচন সম্ভব হবে না।
সরকারি হিসেবে বাংলাদেশের মোট জনগোষ্ঠীর ১১ শতাংশের বেশি মানুষ মৎস্য খাতের বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত।
জাতীয় অর্থনীতিতে এই খাতের অবদানও কম নয়। মোট রপ্তানি আয়ের ২ শতাংশের বেশি আসে মৎস্য উপখাত থেকে আর সাম্প্রতিক বছরগুলোতে এই খাতে রপ্তানি আয় বেড়েছে বলেও সরকারের পক্ষে বলা হয়েছে।
মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব ডঃ সেলিনা আফরোজা বলছেন কমপক্ষে ছয় লক্ষ লোকের নতুন করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের লক্ষ্য ।
''দেশের ফেলে রাখা ডোবা নালা পুকুরগুলোকে কাজে লাগিয়ে মাছ চাষে উৎসাহিত করতে চাইছি আমরা। আর এক্ষেত্রে দরিদ্র শ্রেনীর মানুষদের প্রাধান্য দেওয়া হবে, বিশেষ করে যারা এসব ডোবা নালা বা পুকুরের আশপাশে থাকেন। তারা শুধু বিক্রি নয় বরং নিজেরাও খাবেন যাতে তাদের পুষ্টির চাহিদাও মেটে। আমরা খামার গুলোকে নতুন প্রযুক্তি দিচ্ছি চাষের জন্য। এসব প্রযুক্তিতে মানুষ আগ্রহী হচ্ছে।''
সাম্প্রতিক সময়ে বিশ্ব বাজারে আর্থিক মন্দাবস্থা থাকলেও গত অর্থবছরে প্রায় ৮৫ হাজার মেট্রিক টন মাছ, চিংড়ি ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে প্রায় ৪ হাজার ৩১৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করেছে বাংলাদেশ ।
বিগত ১০ বছরে এ খাতে রপ্তানি আয় বেড়েছে প্রায় তিনগুণ। নতুন খাত হিসেবে এখন সরকারের দৃষ্টি কাঁকড়াসহ বাংলাদেশে খাওয়া হয় না এমন মাছের দিকে। কাঁকড়াসহ এসব মাছের জন্য সরকারের প্রণোদনা দেওয়ার কথাও বলেছেন মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী মোঃ ছায়েদুল হক।
''কাকঁড়া আমাদের দেশের মানুষ খায়না। কিন্তু বিদেশে এর ভাল বাজার আছে। সেই বাজার ভাল করে ধরাই আমাদের লক্ষ্য। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ প্রকল্প নিচ্ছি যেখানে কুইচ্চা মাছ, কাকঁড়া এসবের চাষ করা হবে। এ খাতে অনেকের কর্মসংস্থান হবে বলে আশা করছি। তাদের যাতে সহজ শর্তে ঋণ দেওয়া যায় সেজন্য আমরা বাংলাদেশ ব্যাংক ও কৃষি ব্যাংকের সাথে এ মাসেই বসতে যাচ্ছি। কৃষি ব্যাংকের মাধ্যমে ৫% হারে ঋণ দেওয়ার বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে।''
তবে খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাবনা থাকলেও খাত সংশ্লিষ্ট আইনের বাস্তবায়নের অভাবে একটি শ্রেণী সব সময় লাভবান হচ্ছে আর খাত সংশ্লিষ্ট অনেকেই দরিদ্র থেকে যাচ্ছে। ফলে এই খাত দিয়ে কাঙ্ক্ষিত দারিদ্রবিমোচন সম্ভব হচ্ছে না।
ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোঃ আবদুল ওয়াহাব বলছেন সরকারের নীতি কাঠামোতে কোন সমস্যা না থাকলেও সমস্যা রয়েছে ভিন্ন জায়গায়।
''ভূমি গুলো ভূমি মন্ত্রণালয়ের অধীন। বিলগুলো ব্যবহারের যে নিয়ম রয়েছে তাতে অস্বচ্ছতা রয়েছে। উপজেলা পর্যায় থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত পর্যায়ে এসব ভূমির মালিকানা হস্তান্তর হয়ে থাকে ব্যক্তি বিশেষের কাছে। সে জায়গাটিতে আইনের সঠিক প্রয়োগ হয় না এবং প্রয়োগ করা যায় না নানা কারণে।
অধ্যাপক ওয়াহাব বলেন সরকারের নীতি ভাল হলেও এর বাস্তবায়নে যে চ্যালেঞ্জগুলো রয়েছে তা দূর করা না গেলে মূল উদ্দেশ্য অর্জন ব্যাহত হবে।








