ভারতে দুর্নীতির মামলায় রাজ্যপালকে জেরা

ছবির উৎস, PTI
- Author, অমিতাভ ভট্টশালী
- Role, বিবিসি বাংলা, কলকাতা
- Published
ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সি বি আই আজ পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণনকে একটি দুর্নীতির মামলায় সাক্ষী হিসাবে বয়ান রেকর্ড করেছে।
২০০৫ সালে ভি ভি আই পিদের ব্যবহারের জন্য হেলিকপ্টার কেনার ঠিকাদারি পেতে ঘুষ দেওয়ার অভিযোগের তদন্ত করছে সি বি আই।
সেই সময়ে মি. নারায়ণন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন।
অভিযোগ যে একটি সংস্থাকে ঘুষের বিনিময়ে সুবিধা পাইয়ে দিতেই ওই হেলিকপ্টারগুলির মান কমিয়ে দেওয়া হয়েছিল।
সি বি আইয়ের মুখপাত্র কাঞ্চন প্রসাদ বিবিসি-কে নিশ্চিত করেছেন যে কলকাতায় আজ মি. নারায়ণরের বক্তব্য রেকর্ড করেছেন তদন্তকারীরা।
যদিও সেটি একধরণের জেরা বলেই সংস্থার সূত্রগুলো জানিয়েছে।
সি বি আই সূত্রগুলো বলছে যে ২০০৫ সালে যখন মি. নারায়ণন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, সেই সময়েই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভি ভি আই পিদের ব্যবহারের জন্য ব্রিটিশ-ইতালীয় যৌথ উদ্যোগের সংস্থা – অগাস্তা-ওয়েস্টল্যান্ডকে হেলিকপ্টার কেনার ঠিকাদারি দেওয়া হয়।
যে কারিগরি মানদন্ড ঠিক করা হয়েছিল আগে – যেমন সর্বোচ্চ কত উচ্চতায় উড়তে পারবে হেলিকপ্টারগুলি – সেই মানদণ্ড কমিয়ে দেওয়া হয় একটি বৈঠকে।
মি. নারায়ণন তার সভাপতিত্ব করেছিলেন।
অভিযোগ যে, মানদণ্ড না কমালে অগাস্তা-ওয়েস্টল্যান্ড তিন হাজার ছয়শো কোটি টাকার ঠিকাদারি পাওয়ার জন্য টেন্ডার প্রক্রিয়ায় অংশই নিতে পারত না।

প্রায় সাড়ে তিনশো কোটি টাকা ঘুষ দিয়ে মানদণ্ড কমিয়ে ঠিকাদারি পেয়েছিল অগাস্তা – এমনটাই অভিযোগ।
দুর্নীতির অভিযোগ ওঠায় ওই হেলিকপ্টার কেনার চুক্তিটি অবশ্য গতবছর ডিসেম্বরে বাতিল করেছে সরকার।
এই মামলায় ভারতীয় বিমান বাহিনীর সাবেক প্রধান এস পি ত্যাগী ও তাঁর এক আত্মীয়সহ তেরো জনের বিরুদ্ধেই প্রধান অভিযোগ । যদিও মি. ত্যাগী অভিযোগ অস্বীকার করেছেন।
কোনও রাজ্যপালকে দুর্নীতির মামলায় জেরা করা একরকম নজিরবিহীন ঘটনা।
রাজ্যপালের পদটি একটি সাংবিধানিক পদ আর সেই পদে আসীন ব্যক্তিরা বেশ কিছু সাংবিধানিক ইমিউনিটি ভোগ করেন।
এজন্যই তাঁদের জেরা করা যায় না বলে কিছু সংবিধান বিশেষজ্ঞ মনে করেন।
আগে দু’দুবার সি বি আই মি. নারায়ণনকে জেরা করার অনুমতি চেয়েছিল, কিন্তু কেন্দ্রীয় আইন মন্ত্রক সেই অনুমতি দেয় নি।
তবে কিছু বিশেষজ্ঞ আবার বলছেন যে রাজ্যপালের বয়ান রেকর্ড বা তাঁকে জিজ্ঞাসাবাদ করা যেতেই পারে, কিন্তু অভিযোগ দায়ের করা যাবে না যতক্ষণ তিনি ওই সাংবিধানিক পদে আসীন রয়েছেন।
মি. নারায়ণন বর্তমানে রাজ্যপাল বা তার আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যেমন ছিলেন, তেমনই তিনি দীর্ঘদিন ইনটেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর বা ভারতের গোয়েন্দা দপ্তরের প্রধান ছিলেন।
তবে শুধু মি. নারায়ণন নয়, সি বি আই সূত্রগুলো বলছে হেলিকপ্টার দুর্নীতির মামলায় গোয়ার রাজ্যপাল বি ভি ওয়াংচুকেও একই ভাবে জেরা করা হতে পারে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেয় যে সংস্থা – সেই স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এস পি জি-র প্রধান ছিলেন মি. ওয়াংচু।
আরও একাধিক শীর্ষ আমলা – যারা ২০০৫ সালে নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তাঁদের ইতিমধ্যেই জেরা করেছে সি বি আই।








