বন্ধ কারখানার বেতন প্রশ্নে বিতর্ক

- Author, সাইয়েদা আকতার
- Role, বিবিসি বাংলা, ঢাকা
- Published
বাংলাদেশে ঝুঁকির কারণে কোন গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেলে সেই কারখানার শ্রমিকদের বেতন-ভাতাদি পরিশোধে ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ডকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বানিজ্য মন্ত্রনালয়ে বৃহস্পতিবার পোশাক শিল্পের নিরাপত্তা নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।
তবে সভায় উপস্থিত অ্যাকর্ড এর প্রতিনিধি জানিয়েছেন, তাদের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী, নিরাপত্তাজনিত ত্রুটির কারণে কারখানা বন্ধ হলে, ছয় মাস সময় পর্যন্ত কারখানার মালিক শ্রমিকদের বেতনাদি পরিশোধ করবে।
ফেব্রুয়ারিতে ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড আর মার্চে উত্তর আমেরিকার ক্রেতাদের জোট এ্যালায়েন্স তাদের জোটভুক্ত কারখানাগুলোতে পরিদর্শন শুরু করার পর, এ পর্যন্ত মোট ৯৯১টি কারখানা পরিদর্শনের কাজ শেষ হয়েছে।
এর মধ্যে অবকাঠামো ও অগ্নি নিরাপত্তার জন্য নির্ধারিত মান অর্জনে ব্যর্থ হওয়ায় ২১টি কারখানাকে ত্রটিপূর্ণ চিহ্নিত করে সেগুলোকে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
পোষাক শিল্প-মালিকদের সংগঠন বিজিএমইএ বলছে, এর ফলে এখন প্রায় ১৮০০০ শ্রমিক কাজ হারিয়েছেন।
বিজিএমইএ’র সহসভাপতি শহীদুল্লাহ আজিম বলেন, পরিদর্শনে যেসব কারখানা ত্রুটিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে, সেগুলোর বেশিরভাগ মাঝারি ও ছোট বিনিয়োগকারীদের কারখানা।আর সে কারণে শ্রমিকদের আগাম বেতন পরিশোধের ক্ষমতা ঐসব মালিকদের নেই।

ছবির উৎস, focus bangla
তিনি বলেন, “কারখানা বন্ধ হয়ে গেলে সেই মালিক এমনিতেই ব্যাংকের দেনা এবং রপ্তানি আদেশ বন্ধসহ বিভিন্ন বিপদে পড়ে। তখন মালিক কোত্থেকে শ্রমিকদের বেতন দেবে?”
মি. আজিম এক্ষেত্রে অ্যাকর্ডের অংশগ্রহনের আহ্বান জানান।
“আমরা প্রস্তাব করেছি, যেন অ্যাকর্ড বেতন পরিশোধের ক্ষেত্রে মালিকদের সাথে শেয়ার করে। প্রয়োজনে পরে কারখানা খুললে মালিকদের কাছ থেকে তারা টাকাটা বুঝে নিতে পারবে।”
বানিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিজিএমইএ, অ্যাকর্ড ও এ্যালায়েন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে বানিজ্যমন্ত্রী বন্ধ কারখানাগুলোর শ্রমিকদের বেতন পরিশোধে ক্রেতাদের জোট অ্যাকর্ডকে এগিয়ে আসার আহ্বান জানান।
কিন্তু জবাবে অ্যাকর্ডের বাংলাদেশ অপারেশনের নির্বাহী পরিচালক রব ওয়েস জানিয়েছেন, তাদের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী, নিরাপত্তাজনিত ত্রুটির কারণে কারখানা বন্ধ হলে, ছয় মাস সময় পর্যন্ত কারখানার মালিক শ্রমিকদের বেতনাদি পরিশোধ করবে। ফলে বেতন দেবার দায়িত্ব অ্যাকর্ডের নয়।
“অ্যাকর্ডের ১৩ নম্বর আর্টিকেল অনুযায়ী, পরিদর্শনের সময় নিরাপত্তা ত্রুটির কারণে কোন কারখানার কাজ বন্ধ করতে হলে, সেই কারখানা মালিক তার শ্রমিকদের সাথে সম্পর্ক রক্ষা করবেন, এবং ছয় মাস সময় পর্যন্ত শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করবেন। তবে, যেসব ব্রান্ড ঐসব কারখানার সাথে কাজ করে, তারা কারখানার মালিককে এই অর্থ পরিশোধে সহায়তা দিতে পারে।”
বর্তমানে পোশাক কারখানাগুলোয় নিরাপত্তার মান পরিদর্শনে অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ কিছু কারখানা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় গার্মেন্টস মালিক ও শ্রমিকরা নানামুখী সমস্যায় পড়ছেন।
আর তার মধ্যে প্রধান বিষয় শ্রমিকের পাওনা পরিশোধ করবে কোন্ পক্ষ?
কারখানা বন্ধ হলে শ্রমিকের সকল পাওনা পরিশোধের প্রধান দায়িত্ব কারখানার মালিকের, বলছেন শ্রমিক অধিকার বিষয়ক গবেষণা সংস্থা বিলস এর প্রধান নির্বাহী সুলতান উদ্দিন আহমেদ।
তিনি বলেন, “বাংলাদেশের আইন অনুযায়ী কারখানা বন্ধ হলে শ্রমিকের পাওনা পরিশোধের দায়িত্ব মালিকের। আর মালিক সেটি দিচ্ছেন কিনা সেটা নিশ্চিত করবে সরকার।”
“তবে অ্যাকর্ড ও এ্যালায়েন্সের সাথে চুক্তি অনুযায়ী তাদের মালিকদের এক্ষেত্রে সহায়তা দেবার কথা। কিন্তু তার অর্থ এই নয় যে মালিকের দায়িত্ব শেষ।”
আশুলিয়ায় তাজরীন ফ্যাশন্সে অগ্নিকাণ্ড এবং সাভারে রানা প্লাজা ভবন ধসের পরই গার্মেন্ট শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
তারপর থেকেই দেশের পোশাক কারখানার অবকাঠামো ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার মান দেখার জন্যে পরিদর্শন শুরু হয়।
এক বছর সময়ের মধ্যে অ্যাকর্ড ও এ্যালয়েন্স প্রায় ২৫০০ কারখানা পরিদর্শন করবে।








